১২:২৭ পি.এম
বিশিষ্ট সাহাবি হজরত রাবিআহ ইবনে কাব আল আসলামি (রা.) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে রাত কাটাচ্ছিলাম। আমি তাঁর অজুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো এনে দিতাম। তখন তিনি আমাকে বললেন, কিছু চাও। আমি বললাম, জান্নাতে আপনার সাহচর্য প্রার্থনা করছি। তিনি বললেন, এ ছাড়া আরো কিছু আছে কি? আমি বললাম, এটাই আমার আবেদন। তিনি বললেন, তাহলে তুমি অধিক পরিমাণে সিজদা করে তোমার নিজের স্বার্থেই আমাকে সাহায্য করো। (মুসলিম, হাদিস : ৯৮১)
শিক্ষা ও বিধান
১. একজন প্রকৃত মুমিনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হওয়া উচিত আখিরাতে জান্নাত লাভ করা। দুনিয়ার ধন-সম্পদ, পদমর্যাদা কিংবা সম্মানের চেয়ে জান্নাতের মর্যাদা অনেক বেশি। তাই জীবনের প্রতিটি কাজ হওয়া উচিত জান্নাত অর্জনের উদ্দেশ্যে।
আরও পড়ুন: সিজদায় বান্দা রবের সবচেয়ে নিকটবর্তী থাকে
২. রবিআহ (রা.)-এর আবেদনের দিকে লক্ষ করলে বোঝা যায়, তাঁর কাছে জান্নাত লাভের চেয়েও বিশেষ আকাঙ্ক্ষা ছিল জান্নাতে রাসুলুল্লাহ (সা.)-এর সান্নিধ্য লাভ করা। এটি রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি সাহাবিদের গভীর ভালোবাসা ও আনুগত্যের অনন্য দৃষ্টান্ত।
৩. শুধু জান্নাতের আকাঙ্ক্ষা পোষণ করলেই হবে না; সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমল করতে হবে। রাসুলুল্লাহ (সা.) রবিআহ (রা.)-কে অধিক পরিমাণে সিজদা করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ জান্নাতের প্রত্যাশার সঙ্গে নেক আমলের সমন্বয় থাকতে হবে।
৪. সিজদা হলো আল্লাহর নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ আদায়ের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করতে পারে। তাই মুমিনের উচিত নফল নামাজের প্রতি যত্নবান হওয়া।
৫. রবিআহ (রা.)-কে যখন কিছু চাইতে বলা হলো, তখন তিনি কোনো পার্থিব সম্পদ, সম্মান কিংবা সুযোগ-সুবিধা চাননি। বরং জান্নাতে রাসুলুল্লাহ (সা.)-এর সান্নিধ্য চেয়েছেন। এটি সাহাবিদের আখিরাতমুখী চিন্তাভাবনা ও উন্নত মানসিকতার পরিচয় বহন করে।
আরও পড়ুন: আকীদার প্রশ্নে নিজের সন্তান হলেও কোনো আপস ও ছাড় নয়: ছারছীনার পীর ছাহেব
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন। আমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন