১০:২৪ এম
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মেষতলী বাজারস্থ পাশকাটি দ্বীনিয়া মাদরাসা ময়দানে শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুময়া আয়োজিত হয় বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিল। এই মাহফিলটি মরহুম পীর ছাহেব, বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহসূফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর স্মরণে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)।
তিনি বক্তব্যে উল্লেখ করেছেন যে, ঈমান ও আকীদার প্রশ্নে আপসের কোনো সুযোগ নেই। নিজের সন্তান হলেও আকীদার বিশুদ্ধতার প্রশ্নে ছাড় দেওয়া যাবে না। ব্যক্তিগত সম্পর্ক, আত্মীয়তা কিংবা আবেগ কখনোই দ্বীনের মৌলিক আদর্শের ঊর্ধ্বে হতে পারে না।
পীর ছাহেব কেবলা আরও বলেন, একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ তার ঈমান। ঈমানের বিশুদ্ধতার জন্য সঠিক আকীদা অপরিহার্য। সুতরাং, আকীদার বিষয়ে সর্বদা সচেতন ও সতর্ক থাকতে হবে। সন্তান, আত্মীয় কিংবা ঘনিষ্ঠ কেউ ভুল পথে পরিচালিত হলে তাকে অন্ধভাবে সমর্থন না করে ভালোবাসা, প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। দ্বীনের মৌলিক বিষয়ে আপসকামিতা কোনোভাবেই কাম্য নয়।
আরও পড়ুন: জান্নাতে নবীজির সান্নিধ্য পেতে আমল সম্পর্কে জানালেন হজরত রাবিআহ (রা.)
মাহফিলে উপস্থিত সকলের উদ্দেশ্যে পীর ছাহেব বলেন, আপনারা প্রত্যেকে নিজ নিজ পরিবার, সন্তান-সন্ততি ও অধীনস্থদের দ্বীনি পরিবেশে গড়ে তোলার চেষ্টা করুন। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী শিখছে এবং কোন আদর্শ অনুসরণ করছে, সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সন্তানদের শুধু পার্থিব শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না; তাদের অন্তরে আল্লাহভীতি, রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা এবং বিশুদ্ধ আকীদা প্রতিষ্ঠা করতে হবে। তাই সন্তানদের ছোটবেলা থেকেই ইসলামের মৌলিক শিক্ষা ও বিশুদ্ধ আকিদার সঙ্গে পরিচিত করাতে হবে। সন্তানদের জন্য সম্পদ-সম্পত্তি রেখে যাওয়ার চেয়ে তাদের ঈমানদার ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলা অধিক গুরুত্বপূর্ণ। অন্যের ভুল সংশোধনের ক্ষেত্রে হিকমত, উত্তম আচরণ ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। কাউকে হেয় করা কিংবা অহংকার প্রদর্শন নয়; বরং কুরআন-সুন্নাহর আলোকে মানুষকে সঠিক পথে আহ্বান করাই একজন মুমিনের দায়িত্ব।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, ছারছীনা দারুসসুন্নাত আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মো. বোরহান উদ্দীন ছালেহী, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহফিলে দেশ-বিদেশের অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত, মুরিদান ও শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন। পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।
আরও পড়ুন: সিজদায় বান্দা রবের সবচেয়ে নিকটবর্তী থাকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন