১০:২৭ এম
রাজধানীতে গাছকে পেরেকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার উদ্দেশ্যে পরিবেশবাদী সংগঠন রান ফর গ্রীন বাংলাদেশের উদ্যোগে ‘প্রজেক্ট ট্রি কেয়ার’ পরিচালিত হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে সড়কের বিভিন্ন গাছ থেকে প্রায় ২ দশমিক ৫ কেজি পেরেক অপসারণ করা হয়েছে।
প্রকল্পটির আওতায় সনি সিনেমা হল থেকে মিরপুর কলেজ পর্যন্ত সড়কের বিভিন্ন গাছ থেকে পেরেক অপসারণের কাজ সম্পন্ন হয়েছে। সংগঠনটির ফাউন্ডিং মেম্বার এবং স্বেচ্ছাসেবীরা এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।
গাছের গায়ে বিজ্ঞাপন, ব্যানার ও প্রচারণামূলক উপকরণ লাগানোর জন্য প্রায়ই পেরেক ব্যবহার করা হয়। এর ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ক্ষতস্থান দিয়ে রোগজীবাণুর সংক্রমণের পাশাপাশি দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনা তৈরি হয়।
আরও পড়ুন: রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক সুমন মিলনের মৃত্যু
এই বিষয়গুলো সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং গাছকে পেরেকমুক্ত রাখার লক্ষ্যেই ‘প্রজেক্ট ট্রি কেয়ার’ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় সংগঠনটি।
রান ফর গ্রীন বাংলাদেশ মনে করে, বৃক্ষরোপণের পাশাপাশি বিদ্যমান গাছের পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করাও পরিবেশ রক্ষার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই কারণে গাছের প্রতি যত্নশীল হওয়ার সামাজিক আন্দোলন গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি।
‘প্রজেক্ট ট্রি কেয়ার’-এর মাধ্যমে গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার, পোস্টার কিংবা বিজ্ঞাপন লাগানোর প্রবণতা বন্ধে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়ানোর প্রত্যাশা করছে সংগঠনটি।
আরও পড়ুন: রাজধানীর ৫৬টি খাল ও ৬২টি পুকুর পুনরুদ্ধারে সরকারের উদ্যোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন