ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

শ্যামলীতে চাঁদা না পেয়ে অনুরাগ রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি


শ্যামলীতে চাঁদা না পেয়ে অনুরাগ রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর শ্যামলীতে অনুরাগ রেস্টুরেন্ট এবং ফার্মেসির দিকে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফার্মেসির কাচ ভেঙে গেলেও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্র এবং পুলিশের তথ্য অনুযায়ী, অনুরাগ রেস্টুরেন্ট এবং ফার্মেসির ভবনের মালিক হলেন আওয়ামী লীগের সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তবে প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্বে রয়েছেন তার ভাই জুয়েল তালুকদার।

আরও পড়ুন: ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাঠে বাপেক্স

পুলিশের সূত্রে জানা যায়, কিছুদিন আগে রাষ্ট্রনের কাছে মোহাম্মদপুরের এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। তবে এই ঘটনায় ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি।

মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ শরিফ জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এসে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

রাষ্ট্রন হোয়াটসঅ্যাপে যুগান্তরকে জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যায় রাষ্ট্রনকে হোয়াটসঅ্যাপে এক ব্যক্তি ফোন করে বাদল ওরফে কাইল্লা বাদল এবং পাপ্পু ওরফে কিলার পাপ্পুর নাম উল্লেখ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ফোনে জানানো হয়, ‘গতকাল তোর বাসার সামনে ককটেল বিষ্ফোরণ করা হইছে, সেটা শুনোস নাই? টাকা না দিলে তোর পুরো বাড়ি জ্বালাইয়া দিমু’।

রাষ্ট্রন আরও জানান, ফোন করার আগের দিন রাতে ককটেল বিষ্ফোরণ ঘটে। এরপর তাকে ফোন করার পরদিন ৭ নভেম্বর রাতে আবার ককটেল বিষ্ফোরণ ঘটে। আজ (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে মোটরসাইকেলে আসা তিনজন দোকানের দিকে তিন রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এর আগে ককটেল বিষ্ফোরণের ঘটনা সম্পর্কে তিনি ডিসি অফিসকে জানিয়েছিলেন।

আরও পড়ুন: বিএনপি সব ধর্মের মানুষের সমন্বয়ে উন্নত রাষ্ট্র গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম যুগান্তরকে বলেন, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে দ্রুত পালিয়ে যায়। তাদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবনটির মালিক আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর রাষ্ট্রন। তার ভাই ব্যবসা পরিচালনা করেন। আজ ঘটনাস্থলে এসে শুনেছি কিছুদিন আগে চাঁদা দাবি করা হয়েছিল। তবে এটি চাঁদাবাজি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে থ্রি-হুইলারের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৩ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ এম


পঞ্চগড়ে থ্রি-হুইলারের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৩ নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি যাত্রীবাহী থ্রি-হুইলারের ওপর ট্রাকের আঘাতে সাংবাদিকের স্ত্রী ও শিশুকন্যাসহ তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দীঘি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রয়েছেন— অনলাইন পোর্টাল ‘ধারা নিউজ’-এর জ্যেষ্ঠ প্রতিবেদক আলী আজগর খোকনের স্ত্রী মাহমুদা খানম (৩৫), যিনি পঞ্চগড় বিসিক শিল্পনগরীতে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন, তাদের সাত বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি সাকোয়া বাজার থেকে বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। কৈকিল্লা দীঘি এলাকায় পৌঁছানোর পর পেছন থেকে একটি ট্রাক গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এই আঘাতে থ্রি-হুইলারটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় রাতে ঠাকুরগাঁওয়ে প্রমিলা রানীর মৃত্যু ঘটে। অন্যদিকে গুরুতর আহত মাহমুদা ও তার শিশুকন্যা আল আকসাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মা ও মেয়ের মৃত্যু হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ধাক্কা দেওয়া ট্রাকটি চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ এম


আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

আজ শনিবার বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হচ্ছে। বাংলাদেশে অতিরিক্ত চিনি, লবণ এবং সম্পৃক্ত চর্বিযুক্ত অতিপ্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, যা ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, খাদ্যপণ্যের প্যাকেটে বাধ্যতামূলক সতর্কবার্তা বা ফ্রন্ট অব প্যাকেজ লেবেলিং (এফওপিএল) ভোক্তাদের খাদ্য নির্বাচনে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে এবং খাদ্যজনিত ডায়াবেটিসের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই তাঁরা খাদ্যপণ্যের প্যাকেটে বাধ্যতামূলক সতর্কবার্তা চালুর জন্য আহ্বান জানিয়েছেন।

এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় এক কোটি ৩৯ লাখ, যার মধ্যে ৩৯.১ শতাংশ জানতেন না যে তাঁদের এই রোগ রয়েছে। এই সময় ডায়াবেটিস সম্পর্কিত স্বাস্থ্য ব্যয় ছিল প্রায় ১২ হাজার কোটি টাকা।

বিশেষজ্ঞদের মতে, অতিপ্রক্রিয়াজাত খাদ্য ও পানীয় গ্রহণের কারণে জনগণের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে প্যাকেটের সামনের অংশে সহজবোধ্য ও দৃশ্যমান সতর্কবার্তা থাকলে ভোক্তারা খাদ্যপণ্যে থাকা ক্ষতিকর উপাদান সম্পর্কে সহজেই জানার সুযোগ পাবেন।

গবেষণায় দেখা গেছে, মাত্রাতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতিপ্রক্রিয়াজাত পণ্য শনাক্ত করতে সতর্কতামূলক লেবেলই বাংলাদেশি ভোক্তাদের জন্য সবচেয়ে কার্যকর। তাই ডায়াবেটিস প্রতিরোধে কোনো ধরনের শিথিলতা, অব্যাহতি বা বিলম্ব ছাড়াই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা-২০২৬’ চূড়ান্তকরণ এখন সময়ের দাবি।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রায় ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্যাকেটজাত খাবার গ্রহণ করে এবং প্রক্রিয়াজাত খাদ্যে লবণ, চিনি ও চর্বির মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সীমার চেয়ে বেশি।

গতকাল শুক্রবার গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের মন্তব্য করেন, ‘ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপের অংশ হিসেবে খাদ্যপণ্যে মাত্রাতিরিক্ত চিনি ও অন্যান্য স্বাস্থ্য ক্ষতিকর উপকরণ সম্পর্কে জানা ভোক্তার অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে খাদ্যের প্যাকেটের সামনে সতর্কবার্তা চালু করতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ এম


জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন।

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি লন্ডনে পৌঁছান, যেখানে সেখানকার নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এনসিপি আহ্বায়কের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

শুক্রবার এনসিপির ফেসবুক পেজে এই সফরের তথ্য প্রকাশ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য একাদশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪২ এম


উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য একাদশ

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির অবসরের পর নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা।

শুক্রবার (১৪ নভেম্বর) ভোর ৫টায় লা বম্বোনেরা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচের মাধ্যমে আলবিসেলেস্তেদের ‘মেসি-পরবর্তী’ যুগের সূচনা হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচে উভয় দলের সম্ভাব্য ট্যাকটিক্যাল সেটআপ ও একাদশ নিচে উপস্থাপন করা হলো।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

লিওনেল স্কালোনির নেতৃত্বে তরুণ খেলোয়াড়দের নিয়ে গঠিত আর্জেন্টিনা দলের একাদশ সাজানোর ক্ষেত্রে গোলরক্ষক পজিশনে কিছুটা উদ্বেগ রয়েছে। চোয়াল ও ম্যাক্সিলার চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

কোচ: লিওনেল স্কালোনি

গোলরক্ষক: জেরোনিমো রুলি অথবা এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ

ডিফেন্ডার: অগাস্টিন গিয়াই, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো অথবা ফাকুন্দো মেদিনা

মিডফিল্ডার: এজেকিয়েল পালাসিওস অথবা ভালেন্তিন বারকো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ

ফরোয়ার্ড: নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেস, থিয়াগো আলমাদা অথবা ফ্রাঙ্কো প্রেস্তিয়ান্নি

উরুগুয়ের সম্ভাব্য একাদশ

অন্যদিকে, সাবেক তারকা দিয়েগো ফোরলানের অধীনে দল পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে থাকা উরুগুয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে।

কোচ: দিয়েগো ফোরলান

গোলরক্ষক: ক্রিস্টোফার ফিয়েরমারিন

ডিফেন্ডার: গুইলের্মো ভ্যারেলা, রোনালদ আরাউহো, মাথিয়াস অলিভেরা, জোয়াকিন পিকেরেস

মিডফিল্ডার: ফেদেরিকো ভালভের্দে, রোদ্রিগো বেতানকুর, লুকাস তোরেইরা

ফরোয়ার্ড: জর্জিয়ান দে আরাসকাএতা, দারউইন নুনিয়েস, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%