শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
১১:১১ পি.এম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ২ হাজার ২২৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে, যা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে ঘটেছে।
মামলাটি শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী। তিনি জানান, এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় সমবেত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশ সদস্যদের বহনকারী সরকারি গাড়ির গতিরোধ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। লাঠিসোটা দিয়ে আঘাত করে গাড়ির সব কাচ ভেঙে ফেলা হয়।
পুলিশের পক্ষ থেকে তাদের ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও তা উপেক্ষা করে গাড়িটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষায় পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল (টিয়ারশেল) ও ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) জালিয়াতির অভিযোগে। তারা অবৈধভাবে ওয়ার্ক পারমিট সংগ্রহের জন্য জাল কাগজপত্র তৈরি করার একটি চক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে পেনাং রাজ্যের সেবেরাং পেরাই সেলাতান জেলার সিম্পাং আমপাট এলাকার একটি আবাসিক ভবনে ‘অপ সারকাপ’ নামের বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পেনাং রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক শামসুল ফিতরি আহমাদ জানান, গ্রেফতারকৃতদের বয়স ২৩ ও ৩২ বছর। তারা অভিবাসন সংক্রান্ত জাল পাশ তৈরির চক্রের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাজ্য অভিবাসন বিভাগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযানের সময় ওই আবাসিক ভবনে তল্লাশি চালিয়ে একজনের কাছে অন্য ব্যক্তির পরিচয় ও তথ্য ব্যবহার করে তৈরি করা ই-পাশের মুদ্রিত কপি পাওয়া যায়। এছাড়া, কয়েকটি পরিবর্তিত ই-পাশের কপিও উদ্ধার করা হয়েছে, যেগুলো ওই ব্যক্তির নিজস্ব নয়।
অভিবাসন বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে, আবাসিক ভবনটি বিদেশি নাগরিকদের তথ্য পরিবর্তন এবং বিভিন্ন নথি জাল করে ছাপানোর কাজে ব্যবহৃত হত। কর্তৃপক্ষের ধারণা, এর মাধ্যমে অবৈধভাবে অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) সংগ্রহের ব্যবস্থা করা হত। তদন্ত চলছে কতজন বিদেশি নাগরিক পিএলকেএসের জন্য আবেদন করেছেন অথবা ওয়ার্ক পারমিট সংগ্রহ করেছেন তা শনাক্ত করার জন্য।
অভিযানকালে জালিয়াতির কাজে ব্যবহৃত সন্দেহে একটি প্রিন্টার, একটি ল্যাপটপ এবং এক পাকিস্তানি নাগরিকের পাসপোর্ট জব্দ করা হয়েছে। উদ্ধার করা সরঞ্জাম ও নথিপত্র পরীক্ষা করে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের হুইপ এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন, "মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাটকারী ও জমি দখলকারী বিএনপি নামধারী কারও দলে জায়গা হবে না।" তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কেউ যেন এলাকায় মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এবং নাটোরে তাদের স্থান হতে দেওয়া হবে না।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে নাটোর সদর উপজেলার দরাপপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত গণসংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু উল্লেখ করেন, "পর্যায়ক্রমে সবার আগে অসহায়-গরিব পরিবার ফ্যামিলি কার্ড এবং কৃষকরা কৃষি কার্ড পাবেন।" তিনি আশ্বাস দেন, দেশে কেউ বেকার থাকবে না এবং প্রত্যেক ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে—ত্যাগী, নির্যাতিত ও কারানির্যাতিত জনপ্রিয় নেতাদেরই ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে।
সভায় জেলা যুবদলের সহ-সভাপতি কাবির হোসেন কাঙ্গালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁওয়ের ভূল্লী অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য ১৩ সদস্যের এ কমিটির অনুমোদন দিয়েছে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (TOJA)।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মিঠু ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি জহিরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মামুনুর রশীদ বকুল, সাংগঠনিক সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক এস এম রুবেল, অর্থ সম্পাদক মনি রঞ্জন দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহানুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. আলমগীর এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মানিক ইসলাম।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন লিলিমা রাণী, মাসুদ রানা ও পরেশ চন্দ্র রায়।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা নিয়ে নতুন কমিটির যাত্রা শুরু হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা ভাঙ্গরবাড়ী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর শুক্রবার কুঠুরাকান্দা ভাঙ্গরবাড়ী স্কুল মাঠে কুঠুরাকান্দা ভাঙ্গরবাড়ী নবজাগরণ যুব সংঘের আয়োজনে বাদ আছর হইতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
সাপমারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক ও কুঠুরাকান্দা ভাঙ্গরবাড়ী জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মো: শাহ্ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো: সাইফুল ইসলাম, প্রিয় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য মো: রইচ উদ্দিন (রইচ)।
কুঠারাকান্দা ভাঙ্গরবাড়ী জামে মসিজের ঈমাম ও খতিব হাফেজ মো: সাজিদ হাসানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে তাছসির পেশ করেন, উত্তরা ভাটুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও বাংলাদেশ বেতার, বাংলা ভিশন টিভি, দ্বীপ্ত টিভি, চ্যানেল ২৪, চ্যানেল ৯, বাংলা টিভির ইসলামী আলোচক মুফাচ্ছিরে কুরআন তরুণ বক্তা মুফতি নেছার উদ্দিন আহমাদ।
দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করেন এস এ টিভির ইসলামী আলোচক হযরত মাওলানা জুবায়ের আহমাদ কাদরী। এছাড়া তৃতীয় বক্তা হিসেবে হাফেজ ক্বারী মাওলানা মো. আনিছুর রহমান এবং চতুর্থ বক্তা হিসেবে ফটিয়ামাটি বাইতুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মো. সুলাইমান ইসলাম রিফাত জামালপুরী তাফসির পেশ করেন।
ওয়াজ মাহফিলে সার্বিক সহযোগিতা করেন সিঙ্গাপুর প্রবাসী মো. শফিকুল ইসলাম। ওয়াজ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিগণ অংশ নেন এবং গভীর মনোযোগ সহকারে কোরআন হাদিসের বয়ান শ্রবণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ