প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ শনিবার বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হচ্ছে। বাংলাদেশে অতিরিক্ত চিনি, লবণ এবং সম্পৃক্ত চর্বিযুক্ত অতিপ্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, যা ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, খাদ্যপণ্যের প্যাকেটে বাধ্যতামূলক সতর্কবার্তা বা ফ্রন্ট অব প্যাকেজ লেবেলিং (এফওপিএল) ভোক্তাদের খাদ্য নির্বাচনে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে এবং খাদ্যজনিত ডায়াবেটিসের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই তাঁরা খাদ্যপণ্যের প্যাকেটে বাধ্যতামূলক সতর্কবার্তা চালুর জন্য আহ্বান জানিয়েছেন।
এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় এক কোটি ৩৯ লাখ, যার মধ্যে ৩৯.১ শতাংশ জানতেন না যে তাঁদের এই রোগ রয়েছে। এই সময় ডায়াবেটিস সম্পর্কিত স্বাস্থ্য ব্যয় ছিল প্রায় ১২ হাজার কোটি টাকা।
বিশেষজ্ঞদের মতে, অতিপ্রক্রিয়াজাত খাদ্য ও পানীয় গ্রহণের কারণে জনগণের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে প্যাকেটের সামনের অংশে সহজবোধ্য ও দৃশ্যমান সতর্কবার্তা থাকলে ভোক্তারা খাদ্যপণ্যে থাকা ক্ষতিকর উপাদান সম্পর্কে সহজেই জানার সুযোগ পাবেন।
গবেষণায় দেখা গেছে, মাত্রাতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতিপ্রক্রিয়াজাত পণ্য শনাক্ত করতে সতর্কতামূলক লেবেলই বাংলাদেশি ভোক্তাদের জন্য সবচেয়ে কার্যকর। তাই ডায়াবেটিস প্রতিরোধে কোনো ধরনের শিথিলতা, অব্যাহতি বা বিলম্ব ছাড়াই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা-২০২৬’ চূড়ান্তকরণ এখন সময়ের দাবি।
গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রায় ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্যাকেটজাত খাবার গ্রহণ করে এবং প্রক্রিয়াজাত খাদ্যে লবণ, চিনি ও চর্বির মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সীমার চেয়ে বেশি।
গতকাল শুক্রবার গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের মন্তব্য করেন, ‘ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপের অংশ হিসেবে খাদ্যপণ্যে মাত্রাতিরিক্ত চিনি ও অন্যান্য স্বাস্থ্য ক্ষতিকর উপকরণ সম্পর্কে জানা ভোক্তার অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে খাদ্যের প্যাকেটের সামনে সতর্কবার্তা চালু করতে হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন