১২:৫৬ এম
ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন মন্তব্য করেছেন, ‘আমরা সবাই বাংলাদেশি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য সমান নিরাপদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায়ই বলেন– ধর্ম যার যার, দেশটা সবার। বিএনপি একটি অসাম্প্রদায়িক চেতনার দল। সবাইকে নিয়ে বিএনপি একটি সুন্দর সম্প্রীতির উন্নত রাষ্ট্র গড়তে বদ্ধপরিকর।’
তিনি শুক্রবার (১৩ নভেম্বর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চরম্বা ইউনিয়নের বিবিবিলা শান্তি বিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শামীম কায়সার লিংকন আরও উল্লেখ করেন, সরকার মসজিদ, মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ের বরাদ্দ সমানভাবে বণ্টনের নীতি অনুসরণ করছে।
আরও পড়ুন: ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাঠে বাপেক্স
প্রতিমন্ত্রী বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার- এই নীতিকে সামনে রেখে সরকার কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, তা নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার।
বিবিবিলা শান্তি বিহারের সাধারণ সম্পাদক রাজিব কান্তি বড়ুয়ার সঞ্চালনায় ও ভদন্ত রত্নানন্দ মহাথেরের সভাপতিত্বে চীবর দানোৎসবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ শাহজাহান চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দ, বিবিবিলা শান্তি বিহারের সভাপতি চিন্তাহরণ বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক রকি বড়ুয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৌদ্ধ ভিক্ষু ও দায়ক, দায়িকারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন