১০:৩০ এম
খুলনায় একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ সাঁড়াশি যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রশাসন চেকপোস্ট স্থাপন, ২০০ আনসার সদস্য পদায়ন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার রাতে খুলনা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিএনপি নেতা জাকির হোসেনকে গুলি করে হত্যার ঘটনার প্রেক্ষাপটে এ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে রূপসা উপজেলায় একটি দোকানে ঢুকে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। এ হত্যাকাণ্ডের সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের পৃথক বৈঠক চলছিল।
আরও পড়ুন: খুলনায় আ. লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি গ্রেপ্তার
রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা সভায় অপরাধ দমনে বিভিন্ন ইউনিটের সমন্বয়ে বিশেষ সাঁড়াশি যৌথ অভিযান পরিচালনার পাশাপাশি লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান জোরদার, মহাসড়ক ও প্রধান সড়কে চেকপোস্ট স্থাপন এবং নিয়মিত টহল বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এ জন্য ২০০ আনসার সদস্য পদায়ন করা হবে। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা এসব সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।
সভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাজ্জাদুর রহমান, এসআরবি-৬, জেলা পুলিশ, নৌপুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যায় জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরেকটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে এতে রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, চিকিৎসক প্রতিনিধি এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অংশ নেন।
সভায় বক্তারা খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি শহর এভাবে চলতে পারে না। সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের চৌকস কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ অভিযান অব্যাহত রাখতে হবে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলা, একজন আটক
সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন, মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, জামায়াতের মহানগর আমির মাহফুজুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, এনসিপির আহ্বায়ক আহমেদ হামীম রাহাত, পুলিশ সুপার সরকার ওমর ফারুকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।
গত এক মাসে খুলনা মহানগরে চাঁদার দাবিতে অন্তত পাঁচ থেকে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। চলতি বছরের প্রথম ১০ মাসে সন্ত্রাসী কর্মকাণ্ডে অন্তত ৮০ জন খুন হয়েছেন। ধারাবাহিক এসব ঘটনায় নগরজুড়ে উদ্বেগ ও আতঙ্কের মধ্যে বিশেষ সাঁড়াশি যৌথ অভিযান পরিচালনার এ সিদ্ধান্ত এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন