প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরের মাধ্যমে ঢাকা-আঙ্কারা সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তারা মনে করেন, কপ-৩১ সম্মেলন থেকে ঋণ বা অনুদান পাওয়ার বিষয়টি নির্ভর করছে দর-কষাকষির ওপর। সম্মেলনের সাইডলাইনে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে বিনিয়োগ এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা ইতিবাচক ছিল।
বৈশ্বিক উষ্ণায়নে দায় কম, তবে ক্ষতি বেশি। এই ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সংকটের সমাধান খুঁজতে প্রতিবছর জাতিসংঘের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিভিন্ন ঘোষণা আসে এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষার অঙ্গীকার নেয়া হয়।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এই কারণে সম্মেলন থেকে বাংলাদেশের প্রত্যাশা অনেক। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ ২১ সদস্যের একটি প্রতিনিধি দল।
সম্মেলনে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন, যা ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে। সম্মেলন থেকে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য ৩ কোটি ডলার সহায়তার ঘোষণা এসেছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অবস্থান এবং দাবি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার ক্ষেত্রে এসব প্রস্তাব গুরুত্বপূর্ণ।
তবে বিশ্লেষকদের মতে, সম্মেলন শেষ হতে এখনও প্রায় এক সপ্তাহ বাকি আছে। এই সময়ে বিভিন্ন বিষয়ে দর-কষাকষি এবং আলোচনা চলবে। ফলে সম্মেলন থেকে বাংলাদেশের প্রকৃত অর্জন কী হবে, তা জানতে অপেক্ষা করতে হবে চূড়ান্ত আলোচনা পর্যন্ত।
পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ‘কপ সম্মেলনে কোর থিম আটটি। সেখান থেকে পাঁচটি থিমের ওপর প্রধানমন্ত্রী তারেক রহমান আলোকপাত করেছেন। বাংলাদেশের যে অর্জন, সেটা কিন্তু তিনি তুলে ধরেছেন। এই কপ-৩১ এর পাওয়ার বিষয়টি সম্মেলনের পরবর্তীতে জানা যাবে।’
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক উষ্ণায়ন কমাতে সাম্প্রতিক কয়েকটি কপ সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। তবে এবারের সম্মেলনের আয়োজক তুরস্ক হলেও আলোচনার দর-কষাকষিতে নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। দেশটি কয়লা রফতানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। ফলে জলবায়ু সংকট মোকাবিলার আলোচনায় বিভিন্ন দেশের স্বার্থ কীভাবে সমন্বিত হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সাবেক রাষ্ট্রদূত কামরুল আহসান বলেন, ‘কপ সম্মেলনে প্রধানমন্ত্রী তার বক্তব্যে পাঁচটি লক্ষ্যের কথা বলেছেন, এটা হলো রাষ্ট্রীয় অবস্থান। কিন্তু আলোচনার টেবিলে সবার প্রস্তাবই যাবে। সেখানে বাংলাদেশ থেকে যারা টেকনিক্যাল কমিটিতে প্রতিনিধিত্ব করছেন, তারা বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য প্রকল্প নিয়ে যদি এগোন, অবশ্যই অনুদান আসবে। আমার মনে হয় না এটা নিয়ে কোনো সংশয় রয়েছে।’
এই কূটনীতিক মনে করেন, জলবায়ু সম্মেলনকে ঘিরে বাংলাদেশ শুধু জলবায়ু ইস্যুতেই নয়, দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতির সুযোগ তৈরি করেছে। তুরস্ক, উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকে সমরাস্ত্র কারখানা স্থাপন, বিনিয়োগ সম্প্রসারণসহ ভূরাজনৈতিক নানা বিষয় গুরুত্ব পেয়েছে।
কামরুল আহসান আরও বলেন, ‘সাইডলাইনের বৈঠকগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়। আগে একটা আলোচনা হলো, সেটাকে পুনরাবৃত্তি করা দরকার। আমার মনে হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের বৈঠকটি আগের আলোচনাগুলোর একধরনের পুনরাবৃত্তি হয়েছে। এর মানে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক একটা নতুন কৌশলগত পর্যায়ে। আমার মনে হয় এটা উত্তীর্ণ হওয়ার পথে।’
তুরস্কের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ককে স্থায়ী কাঠামো দিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন দুই বিশ্লেষক। এ ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে বলেও মত দিয়েছেন দুই বিশ্লেষক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন