০৫:৩২ পি.এম
রাজধানীর মহাসমাবেশে অংশ নিতে আসার পথে তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে দুই গ্রামপুলিশ সদস্যের মৃত্যু ঘটেছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান এবং পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরি দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত ‘গ্রামপুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে আসার সময় অসুস্থ হয়ে পড়েন ওই দুই সদস্য। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া, গরমের কারণে অসুস্থ হয়ে পড়া আরও কয়েকজন গ্রামপুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
মৃত দুই সদস্য হলেন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।
আরও পড়ুন: জিয়া পরিবার ঐক্যের রাজনীতিকে ধারণ করে দেশকে এগিয়ে নিচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মহাসমাবেশ শেষে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রামপুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে অসুস্থ ও আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি জানান, তাদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে।
নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী। তিনি আশ্বস্ত করেন যে, সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া, পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রামপুলিশের চাকরিতে নিয়োগ দেওয়া হবে।
সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছানোর এবং দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: ম্যাকাওয়ের প্রথম জাতীয় নিরাপত্তা মামলায় সাবেক আইনপ্রণেতা আউ কাম সানকে ১২ বছরের কারাদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন