সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:০২ এম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে তার ব্যাংক একাউন্ট থেকে নগদ ৫০ হাজার টাকা, মানিব্যাগ, গলায় থাকা সোনার চেইন ও মোবাইল ছিনিয়ে নেওয়ার। বরিশালে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ওই নেতার নাম এস এম হাসান রাজু, যিনি ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল বিএম কলেজের সাবেক সভাপতি।
গত ২২ মে সকালে বরিশাল বিএম কলেজের সামনে অবস্থিত একটি এটিএম বুথ থেকে ওই ছাত্রলীগ কর্মীর এটিএম কার্ড ব্যবহার করে ৩ ধাপে মোট ৫০ হাজার টাকা তুলে নেওয়ার একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, আবু বকর নামের নিষিদ্ধ ওই ছাত্রলীগ কর্মীসহ ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথে প্রবেশ করছেন হাসান রাজু ও তার এক সহযোগী। পরে ৩ ধাপে মোট ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয় ওই ছাত্রলীগ কর্মীর ব্যাংক একাউন্ট থেকে।
ভুক্তভোগী ওই ছাত্রলীগ কর্মীর অভিযোগ, এটিএম বুথ থেকে টাকা তোলার আগে তার মানিব্যাগ, মোবাইল ও গলায় থাকা একটি ৫ আনা সোনার চেইন জোরপূর্বক ছিনিয়ে নেন হাসান রাজু ও তার সহযোগীরা।
এ বিষয়ে অভিযুক্ত হাসান রাজুর সঙ্গে কথা বললে তিনি জানান, "তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর জন্যই এমন অভিযোগ তোলা হয়েছে।"
এ ঘটনার পর গ্রেপ্তার ভয়ে পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ জানায়নি ভুক্তভোগী ওই ছাত্রলীগ কর্মী। তিনি বলেন, "জীবনের হুমকি রয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার আদালতে হাজিরা শেষে ফেরার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে রাজা ওরফে পিচ্চি রাজা ওরফে বাদশা (৩০) নামে এক হাজতি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার নাওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
পলাতক পিচ্চি রাজা ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের এ ব্লকের আ. মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে কারা সূত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাজিরার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে ঢাকার মেট্রোপলিটন আদালতে নেওয়া হয় রাজাকে। হাজিরা শেষে কাশিমপুর কারাগারে অন্য হাজতিদের সঙ্গে তাকে নিয়ে ফেরার সময় পুলিশ। পথে নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে পিচ্চি রাজা বাথরুমে যাওয়ার কথা জানান। পুলিশ সদস্যরা তাকে বাথরুমে নিয়ে যাওয়ার সময় কৌশলে তিনি পালিয়ে যান।
ঘটনার পর তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান শুরু করেছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক হাজতিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম জোরালো অভিযান চালাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজন চিকিৎসকের, যার নাম আঁচল রায় (৩০)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়।
আঁচল রায় নোয়াখালী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। তিনি ৪২তম বিবিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন এবং মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রারের (নিউরোলজি) দায়িত্ব পালন করছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আঁচল রায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার বয়স ছিল ৩০ বছর।
আঁচল রায়ের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এক শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডা. আঁচল রায়ের অকাল মৃত্যুতে স্বাস্থ্য পরিবার একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’
মন্ত্রী প্রয়াত আঁচল রায়ের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দর্শনা থানা এলাকার রাতের অন্ধকারে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিল এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের ঘটনায় সন্ত্রাসী মামলার আসামি উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুল হোসেন আরিফ মল্লিক (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে দর্শনা পৌরসভার শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের মৃত তনু মল্লিকের পুত্র এবং দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি।
পুলিশের সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাতে দর্শনা থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিলের আয়োজন করে। মিছিলে তারা সরকারবিরোধী ও সন্ত্রাসী কার্যক্রমের ঘোষণা দেয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরদিন দর্শনা থানার একজন কর্মকর্তা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং ২৫-৩০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সরকারবিরোধী ও সন্ত্রাসী কার্যক্রম আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ মল্লিককে গ্রেফতার করে পুলিশ।
দর্শনা থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দামুড়হুদা উপজেলা সভাপতি আরিফুল ইসলাম আরিফকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য সন্ত্রাসী ও নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে পুলিশ রামগতি ও কমলনগর থানা এলাকা থেকে মোট ১০০ জনকে আটক করেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ৫ ঘণ্টার এই অভিযানে কমলনগর থানায় ৫৬ জন এবং রামগতি থানায় ৪৪ জনকে আটক করা হয়।
জেলার পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশে থানা ও ডিবি পুলিশ একত্রে রামগতি ও কমলনগরের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তরুণ ও উঠতি বয়সের কিশোররা যাতে অপরাধের সঙ্গে জড়িত না হয়, সেই উদ্দেশ্যে এ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে তাদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ