০৯:২১ এম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কিশোরীকে উত্ত্যক্ত করার বিরুদ্ধে প্রতিবাদ জানানোতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে রাকিব নামের এক যুবক এবং তার স্বজনদের বিরুদ্ধে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, দশম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল প্রতিবেশী হুমায়ুন মিয়া ওরফে লক্ষিন্দরের ছেলে রাকিব। পরিবারের অভিযোগ, রাকিব কিশোরীকে বিয়ের প্রস্তাব দিলেও তার পরিবার এতে রাজি হয়নি। এই বিরোধের কারণে কিশোরীর পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি উদ্যোগ: প্রধানমন্ত্রীর আহ্বান
পরিবারের অভিযোগ, কিশোরীর সঙ্গে দেখা করতে না পেরে রাকিব তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেন বাড়ির সামনের রাস্তায়। প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
পরবর্তীতে অভিযোগ উঠেছে যে, রাকিবের পরিবারের লোকজন কিশোরীর পরিবারের পাঁচটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। এই হামলায় নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন এবং একটি নতুন মোটরসাইকেল আগুন ধরিয়ে পুড়ে যায়।
বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, "খবর পাওয়ার পর আমরা এখানে এসেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সিঙ্গারবিল বাজার কমিটির সাধারণ সম্পাদক মানিক মিয়া বলেন, "মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ঘটনা ঘটে। আমি চেয়ারম্যান ও পুলিশসহ ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন
সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, "খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। উভয় পক্ষের ১০ জনের মতো আহত হয়েছেন। কিছু বাড়ি ভাঙচুর দেখতে পেয়েছি।"
বিজয়নগর থানার ওসি (তদন্ত) রাজিব চন্দ্র সরকার বলেন, "মেয়ে সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। বাড়িঘর ভাঙচুর হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন