ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পাল্টাপাল্টি হামলার পর ইরানকে ট্রাম্পের আরও কড়া হুমকি


পাল্টাপাল্টি হামলার পর ইরানকে ট্রাম্পের আরও কড়া হুমকি

গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের লারাক দ্বীপে আকস্মিক হামলা চালানো হয়। এই হামলার ফলে ইসলামিক বিপ্লবী গার্ডের সেনাসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হন। হামলার পর ইরান জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পালটা হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে আবারও হামলা চালানো হবে এই পালটা হামলার জন্য। তিনি ফক্স নিউজকে বলেন, "আমরা তাদের ওপর কঠোর হামলা চালাতে যাচ্ছি। ইরানিদের হামলার জবাব দেওয়া হবে।"

ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে নিয়ে নতুন একটি পোস্টে ব্যাপক সমালোচনা করেছেন। তিনি সেখানে ইরানকে ‘মৃত’ দেশ হিসেবে অভিহিত করে বলেন, "ইরানের সশস্ত্র বাহিনী আর অবশিষ্ট নেই।" যদিও তিনি যুদ্ধের শুরু থেকেই এই দাবি করে আসছেন।

আরও পড়ুন: ডা. জুবাইদা রহমান টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন

ট্রাম্পের পোস্টে উল্লেখ করা হয়েছে, "ইরান আনুষ্ঠানিকভাবে একটি ব্যর্থ রাষ্ট্র। এটি মৃত! তাদের কোনো নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, তাদের কোনো মুদ্রাও নেই। তারা তাদের সেনা ও পুলিশ সদস্যদের কোনো বেতন দিচ্ছে না। মুদ্রাস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে। ইরানের নেতারা বিশৃঙ্খল অবস্থায় আছে এবং দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম নয়।"

জুলাইয়ের পর গত রোববার রাতে দুই দেশ আবারও হামলা ও পালটা হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র কিছুদিন ধরে বলছে যে, অস্ত্রের যুদ্ধের বদলে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালানো হবে। তবে নতুন এই হামলা প্রমাণ করেছে যে, কোনো স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া যে কোনো সময় লড়াই শুরু হয়ে যেতে পারে।

ট্রাম্প তার পোস্টে আরও দাবি করেছেন, ইরান সরকারবিরোধী এক লাখ বিক্ষোভকারীকে হত্যা করেছে। তিনি বলেন, "আর বিক্ষোভ দমন করেই তারা টিকে আছে।"

গত জানুয়ারিতে ইরানে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটে। সরকারি তথ্যে বলা হয়েছে, ওই সময় নিরাপত্তাবাহিনীর সদস্যসহ তিন হাজার ১১৭ জনের মৃত্যু হয়। তবে ট্রাম্পের উল্লেখ করা এক লাখ সংখ্যাটি কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়। এর আগে তার সরকার ৬০ হাজার বিক্ষোভকারী নিহত হওয়ার তথ্য দিয়েছিল।

আরও পড়ুন: পাকিস্তানে বায়ুদূষণে মানুষের গড় আয়ু কমছে ৪ বছর

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

ভারতের উত্তরপ্রদেশের কোশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় ঘটে যাওয়া বিস্ফোরণে ১১ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনার ফলে অন্তত পাঁচজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কোশাম্বীর জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অমিত পাল সংবাদমাধ্যমকে জানান, পিসরি থানা এলাকার মনোরি গ্রামের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে অগ্নিকাণ্ডের ফলে আহতদের উদ্ধার করে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসাধীন আরও পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কর্মকর্তাদের মতে, নিহত ব্যক্তিরা সকলেই কারখানা-সংলগ্ন এলাকায় বসবাস করতেন। বিস্ফোরণের ভয়াবহতা দেখে ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়া, অন্তত ১৮ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

স্থানীয় মনোরি পাওয়ার হাউসের কাছে এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, পুরো কারখানাটি এবং আশপাশের একাধিক স্থাপনা ধসে পড়ে। বিস্ফোরণের ফলে অন্তত ৫ থেকে ৬টি বাড়ি সম্পূর্ণরূপে মাটির সঙ্গে মিশে যায়।

বিস্ফোরণের পর নিরাপত্তার স্বার্থে নিকটবর্তী দিল্লি-হাওড়া ট্রেন লাইনে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। আজমির-শিয়ালদহ এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালেও পরে এটিকে ঘুরিয়ে মনোরি রেলওয়ে স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়। অন্যদিকে, দিল্লি থেকে বারাণসীগামী বন্দে ভারত এক্সপ্রেসকে দুর্ঘটনাস্থলের আগের স্টেশন সাইয়াদ সারওয়ানে থামিয়ে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈকতে রাস্তা নির্মাণ: ডিসিসহ ৪ জনের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


সৈকতে রাস্তা নির্মাণ: ডিসিসহ ৪ জনের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আজ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি ক্ষতিগ্রস্ত করে সড়ক নির্মাণের কাজ শুরু হওয়ায় জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালকসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার একটি আবেদন আজ মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার, হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনের প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আদালত আজ পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। একই সঙ্গে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিট আবেদনও শুনানির জন্য গ্রহণ করা হবে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

এর আগে ২৬ আগস্ট দৈনিক যুগান্তরে ‘কক্সবাজারে বিএনপি-আ.লীগ নেতাদের অবৈধ স্থাপনা রক্ষায় নকশা বদল : সৈকতের বালিয়াড়ি কেটে সড়ক’-শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন প্রকাশের পর মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) সংশ্লিষ্টদের আইনি নোটিশ প্রদান করে।

সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ এইচআরপিবির পক্ষে নোটিশটি পাঠান। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে বালিয়াড়িতে চলমান নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। অন্যথায়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করার হুমকি দেওয়া হয়।

নোটিশের পরেও নির্মাণ কাজ বন্ধ না হওয়ায় এইচআরপিবি হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালকসহ চারজনের বিরুদ্ধে করা আবেদনের প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়।

অভিযোগ রয়েছে যে, আদালতের নির্দেশনা উপেক্ষা করে কক্সবাজার পৌরসভা বালিয়াড়ির ভেতর সড়ক নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করে। ২৪ আগস্টের পর থেকে সেখানে নির্মাণ কাজ শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বৈরাচারী শাসন কখনোই দেশের মানুষ গ্রহণ করেনি: স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩২ এম


স্বৈরাচারী শাসন কখনোই দেশের মানুষ গ্রহণ করেনি: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ছবি

গণতন্ত্র, মানবাধিকার, অন্তর্ভুক্তিমূলক সংসদীয় ব্যবস্থা এবং শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে মতপার্থক্য নিরসনে সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত প্রকাশ করেছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে তারা সহযোগিতা করবে, এমনটাই জানিয়েছেন সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক সংস্থাটির সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ।

সোমবার জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের নারী ও তরুণ সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনি বক্তব্য রাখেন।

আইপিইউর সেক্রেটারি জেনারেল নারীদের বিভিন্ন চ্যালেঞ্জের প্রসঙ্গে বলেন, নেতিবাচক সামাজিক রীতি, কুসংস্কার ও অনলাইন বিদ্বেষসহ নারীদের যেসব সমস্যা মোকাবিলা করতে হয়, তা সমাধানে আইপিইউ কিছু কার্যকর উপায় তৈরি করেছে। নারীদের মধ্যে সংহতির ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশের নারী সংসদ-সদস্যদের আইপিইউর নারী ফোরাম, জাতিসংঘবিষয়ক স্থায়ী কমিটি ও অন্যান্য কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

গণ-অভ্যুত্থানের সময় তরুণদের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, সত্য ও ন্যায়বিচারের পাশাপাশি পুনর্মিলন ও ঐক্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে তিনি নেলসন ম্যান্ডেলার সংগ্রাম এবং দক্ষিণ আফ্রিকায় একটি নতুন ‘রেইনবো নেশন’ গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, বাংলাদেশের জাতীয় সংসদে ৩০০টি সরাসরি নির্বাচিত আসন এবং নারীদের জন্য ৫০টি সংরক্ষিত আসন রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে অন্তত ৪০ নারী সংসদ-সদস্য অংশগ্রহণ করেন, তাদের মধ্যে ছয়জন সরাসরি নির্বাচিত হয়েছেন।

স্পিকার আরও জানান, বাংলাদেশে পূর্ববর্তী শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগের বিষয়ে আইপিইউর সেক্রেটারি জেনারেল ও তার প্রতিনিধিদলকে সংশ্লিষ্ট স্থানগুলো সরেজমিন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। তারা জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং নির্যাতিত সংসদ-সদস্য, তাদের পরিবার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন।

স্পিকার বলেন, বাংলাদেশের জনগণ চিরকালই গণতন্ত্রকামী এবং তারা গণতন্ত্রের মহান আদর্শ রক্ষায় বারবার জীবন উৎসর্গ করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এদেশের মানুষ নিজেদের অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠায় আত্মত্যাগ করতে পিছপা হননি। ইতিহাস সাক্ষী দেয়, এদেশের সাধারণ মানুষ কখনোই কোনো স্বৈরাচারী শাসনকে মেনে নেয়নি বা সমর্থন করেনি।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। দেশের মানুষ অনেক কিছু হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং মানুষ হিসেবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সাঈদ আল নোমান, তাহসিনা রুশদী, আখতার হোসেন, সানসিলা জেবরিন, মানসুরা আক্তার, সানজিদা ইয়াসমিন, মাধবী মার্মা, মারদিয়া মমতাজ এবং নুসরাত তাবাসসুম জ্যোতি আওয়ামী লীগ আমলের নির্যাতনের বিষয়গুলো তুলে ধরেন। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ এম


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ও বিএনপি নেত্রী মাহমুদা হাবীবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা,  বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।
আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি বৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিএনপির থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%