বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৯:৫৯ পি.এম
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : রক্ত সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নরওয়ের ৮৯ বছর বয়সি রাজা হ্যারাল্ডের অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ বলে জানিয়েছে রাজপ্রাসাদ।
ইউরোপের সবচেয়ে বয়স্ক সিংহাসনাধীন এই রাজা গত সোমবার থেকে অসলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসলো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তিনি হিমোলাইটিক অ্যানিমিয়ায় আক্রান্ত। এ রোগে অস্বাভাবিক দ্রুতগতিতে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। ফলে ক্লান্তি ও শ্বাসকষ্ট দেখা দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের জেদ্দায় অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর ২৩তম জরুরি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের (সিএফএম) সাইডলাইনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক স্টেট মিনিস্টার-১ হুমায়ুন কবির তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে উভয় পক্ষই দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরো জোরদারের বিষয়ে নিজেদের প্রস্তুতির কথাও জানান তারা।
দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতার মাত্রায় সন্তোষ প্রকাশ করে উভয় পক্ষ।
বিশেষ করে অর্থনৈতিক এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়টি তুলে ধরে দুই দেশের সম্পর্ককে আরো বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অভিন্ন আগ্রহের কথাও জানানো হয়।
এ সময় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী কপ (সিওপি) সম্মেলনে অংশ নিতে তুরস্ক সফর করবেন বলেও জানান হুমায়ুন কবির।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের নেছারাবাদে ‘স্বপ্ন ছুঁয়ে আগামীর পথে’ স্লোগানে রাজবাড়ী ডিগ্রি কলেজ এসএসসি পরীক্ষা ২০২৬-এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে। বিশেষ করে, জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলার কৃতি সন্তান, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও রাজবাড়ী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ফকির নাসির উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের সভাপতি শাহ্ নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক, এসএসসি ২০২৬-এ উত্তীর্ণ শিক্ষার্থী, জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শাহ্ নাজিম উদ্দিন উল্লেখ করেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সহজলভ্য করতে রাজবাড়ী ডিগ্রি কলেজ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান, ‘এ’ গ্রেড প্রাপ্তদের জন্য ৫০ শতাংশ শিক্ষা সুবিধা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা হবে।
এছাড়া, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এমএস অফিস ও ইন্টারনেটসহ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ এবং বেসিক ইংলিশ স্পোকেন কোর্স চালুর ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তি, ইংরেজি ভাষা, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে কলেজ প্রতিষ্ঠাতা ফকির নাসির উদ্দিন বলেন, একসময় নেছারাবাদে শিক্ষার সুযোগ সীমিত থাকলেও বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় এলাকায় শিক্ষার প্রসার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষার সুযোগ ও কর্মদক্ষতা বেড়েছে।
তিনি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধুমাত্র পরীক্ষার ফলাফলের দিকে না তাকিয়ে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি সকল উত্তীর্ণ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাঁদের উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
বক্তারা মন্তব্য করেন, শিক্ষার্থীদের এই অর্জন তাঁদের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুরো এলাকার জন্য গর্বের বিষয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে উৎসাহিত করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের সখীপুরে মালবাহী ট্রাকের চাপায় ইসরাত জাহান আখি (২২) নামের এক গৃহবধূ ও তাঁর এক বছর বয়সী কন্যাশিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাত জাহান আখি বাসাইল উপজেলার আদাবাড়ী গ্রামের শুভ আহমেদের স্ত্রী। তিনি তাঁর মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে স্বামীর বাড়ি থেকে মেয়েকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে পাহাড়কাঞ্চনপুরের উদ্দেশে রওনা হন আখি। সিএনজিটি নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে।
এ সময় সিএনজি থেকে ছিটকে পড়ে মা ও মেয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, দুর্ঘটনার ঘটনায় থানার পক্ষ থেকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরে আর্থিক লেনদেনের বিরোধের কারণে কসাই নুর মোহাম্মদকে (৪২) শ্বাসরোধ করে হত্যার দায়ে সুজন সরকারকে (৩৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একইসঙ্গে, তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামছুন্নাহার এই রায় ঘোষণা করেন।
নিহত নুর মোহাম্মদ চাঁদপুর শহরের বড় স্টেশন ক্লাব রোড এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র। তিনি বড় স্টেশন এলাকায় গরু জবাই ও মাংস বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। অপরদিকে, দণ্ডপ্রাপ্ত সুজন সরকার জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের উত্তর ঘোড়াধারী গ্রামের সুদর্শন আইচ্চাইল্লা সরকারের সন্তান। তিনি পেশায় জেলে এবং বড় স্টেশন এলাকায় মাছের ব্যবসা করতেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ২ মার্চ রাতে মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্রামের একটি খালি জমিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায় স্থানীয় গ্রাম পুলিশের দ্বারা। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পরদিন ৩ মার্চ ইউপি সদস্য জাকির হোসেন বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের ধারাবাহিকতায় পুলিশ সুজন সরকারকে গ্রেপ্তার করে এবং ওই বছরের ২৯ অক্টোবর তাকে আদালতে সোপর্দ করে।
তদন্তে জানা যায়, বড় স্টেশন এলাকায় ব্যবসা করার সুবাদে নুর মোহাম্মদ ও সুজন সরকারের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছিল এবং উভয়ের মধ্যে আর্থিক লেনদেন ছিল। এই লেনদেন সংক্রান্ত বিরোধের কারণে সুজন কৌশলে নুর মোহাম্মদকে নিজের বাড়িতে ডেকে নেন এবং পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করেন।
দীর্ঘ তদন্ত শেষে মতলব দক্ষিণ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) তপন চন্দ্র দাস ২০১৭ সালের ২৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কোহিনুর রশিদ জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় এই মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ, মামলার নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা এবং আসামির অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে বিচারক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য তিন আসামিকে আদালত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট রাজেস মুখার্জী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ