বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং
০১:২৬ পি.এম
পিরোজপুরের কাউখালীতে নদীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ সময় মোঃ জাকির হোসেন নামে এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়েছে। হামলায় নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আরমান হোসেনসহ আরও পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রধান আসামি মোঃ শান্ত (২২)কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) বিকেলের দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান এলাকায় বিআইডব্লিউটিএ পন্টুন সংলগ্ন গোপাল স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নৌ পুলিশের একটি দল নদীতে নিয়মিত টহল শেষে ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় ফুট পেট্রোল করছিল। এ সময় মোঃ শান্ত পুলিশ সদস্যদের উদ্দেশে গালিগালাজ শুরু করেন। এর কারণ জানতে চাইলে তিনি পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আরমান হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করেন।
এ সময় শান্ত ও তার সহযোগীরা বাঁশের লাঠি, ইট ও ধারালো চাকু নিয়ে নৌ পুলিশের সদস্যদের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
হামলাকারীরা কনস্টেবল মোঃ জাকির হোসেনকে চাকু ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
জাকির হোসেনকে উদ্ধার করতে গিয়ে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আরমান হোসেন, এসআই প্রসেনজীত দেবনাথ, কনস্টেবল শ্যামলেশ কুমার মন্ডল, কনস্টেবল মোঃ সাকির হোসেন ও কনস্টেবল মোঃ পারভেজ আহত হন।
পুলিশের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কাউখালী থানা পুলিশ আহত নৌ পুলিশ সদস্যদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।
কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আরমান হোসেন বলেন, নদীতে নিয়মিত টহল শেষে ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় ফুট পেট্রোল করার সময় এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যদের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এতে কনস্টেবল মোঃ জাকির হোসেন গুরুতর আহত হয়েছেন এবং তাকেসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আরমান হোসেন বাদী হয়ে কাউখালী থানায় সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মোঃ শান্তকে গ্রেপ্তার করে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (২০ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।
কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত শান্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার, সচিবালয়ে মন্ত্রী তার নিজ কার্যালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মিলিত হন এই বৈঠকে।
বৈঠক শেষে ভারতের কোলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর কারণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিপূরণ প্রদান এবং প্রয়োজনীয় সহযোগিতাসহ ভারত সরকারের পক্ষ থেকে যা কিছু করণীয়, সেটি বাস্তবায়নে সকল ব্যবস্থা নেওয়া হবে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এটি আসলে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের বিষয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি জানান, এই বিষয়ে কোনো আলোচনা হইনি। তবে ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি হিসেবে ১৮টি প্লট ক্রোক করা এবং অস্থাবর সম্পত্তি হিসেবে দুটি ব্যাংক অ্যাকাউন্টকে অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এই আদেশ প্রদান করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় মো. সাহাবুদ্দিনের নামে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এইসব সম্পদ জব্দের জন্য আদালতে আবেদন করেছে সংস্থাটি।
আদালতের আদেশ অনুযায়ী, জব্দের আওতায় থাকা সম্পদের মধ্যে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের নামে থাকা ১৮টি প্লট রয়েছে। এর পাশাপাশি তার নামে থাকা দুটি ব্যাংক হিসাবে মোট ৩৭ হাজার টাকা রয়েছে, যা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক বলছে, এইসব সম্পদ তার বৈধ ও ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। অভিযোগের বিষয়ে তদন্তের অংশ হিসেবে এই সম্পদগুলো ক্রোক ও অবরুদ্ধের জন্য আবেদন করা হয়েছে।
এর আগে, ইসলামি ব্যাংকের লুটপাটের অভিযোগে দায়ের করা একটি মামলায় মো. সাহাবুদ্দিনকে আসামি করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ২১ পিস ইয়াবা, ৩ কেজি ২৩০ গ্রাম গাঁজা, দুটি ধারালো দা ও ছিনতাইয়ে ব্যবহৃত তিনটি সুইস গিয়ার চাকুসহ সাতজনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা বিভাগ।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় এবং গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক হেলালুজ্জামান ও পুলিশ পরিদর্শক সুজিত গোমস্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই শাহীন, এসআই জাহিদ, এসআই আলম, এসআই মাহমুদসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, কোতোয়ালি থানাধীন জিয়ানগর মোহাম্মদ আলী সড়ক এলাকায় অভিযান চালিয়ে মো. শামীম হাওলাদার (৪৫) ও মো. রাসেল হাওলাদার (৩৫)-কে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।
কাউনিয়া থানাধীন পলাশপুর বউবাজার রনি কমিশনারের গলি এলাকায় অভিযান চালিয়ে মোছা. সুমি আক্তার (৩৬)-কে ৯৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ছাড়া কাউনিয়া থানাধীন দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম শান্ত (৪০)-কে ২১ পিস ইয়াবা, ২৩০ গ্রাম গাঁজা, দুটি বড় আকারের ধারালো দা এবং তিনটি সুইস গিয়ার চাকুসহ আটক করা হয়।
অন্যদিকে, কোতোয়ালি থানাধীন জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে মো. ফয়সাল বেপারী (২৬)-কে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই থানার গগনগলি এলাকায় অভিযান চালিয়ে লাবনী আক্তার (২৬)-কে পাঁচ পিস ইয়াবাসহ এবং দপদপিয়া সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. জহিরুল ইসলাম (৩৩)-কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পুলিশের তথ্যমতে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে পৃথক সাতটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাদের কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত বরিশাল মহানগরী গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট থানা শাখার উদ্যোগে সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি শেখ মোহাম্মদ রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুসতাকিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে—প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা সফর, আলোচনা সভা, কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযান।
এছাড়া আগামী ২০ থেকে ২৭ তারিখ পর্যন্ত ‘সর্বোচ্চ সদস্য সংগ্রহ অভিযান’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে সর্বোচ্চ সংখ্যক সদস্য সংগ্রহকারীকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুসতাকিম আহমেদ, অর্থ সম্পাদক নয়ন মিয়া, প্রকাশনা ও দপ্তর সম্পাদক শামসুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ