বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং
০১:২৭ পি.এম
বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার, সচিবালয়ে মন্ত্রী তার নিজ কার্যালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মিলিত হন এই বৈঠকে।
বৈঠক শেষে ভারতের কোলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর কারণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিপূরণ প্রদান এবং প্রয়োজনীয় সহযোগিতাসহ ভারত সরকারের পক্ষ থেকে যা কিছু করণীয়, সেটি বাস্তবায়নে সকল ব্যবস্থা নেওয়া হবে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এটি আসলে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের বিষয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি জানান, এই বিষয়ে কোনো আলোচনা হইনি। তবে ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি হিসেবে ১৮টি প্লট ক্রোক করা এবং অস্থাবর সম্পত্তি হিসেবে দুটি ব্যাংক অ্যাকাউন্টকে অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত এই আদেশ প্রদান করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় মো. সাহাবুদ্দিনের নামে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এইসব সম্পদ জব্দের জন্য আদালতে আবেদন করেছে সংস্থাটি।
আদালতের আদেশ অনুযায়ী, জব্দের আওতায় থাকা সম্পদের মধ্যে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের নামে থাকা ১৮টি প্লট রয়েছে। এর পাশাপাশি তার নামে থাকা দুটি ব্যাংক হিসাবে মোট ৩৭ হাজার টাকা রয়েছে, যা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক বলছে, এইসব সম্পদ তার বৈধ ও ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। অভিযোগের বিষয়ে তদন্তের অংশ হিসেবে এই সম্পদগুলো ক্রোক ও অবরুদ্ধের জন্য আবেদন করা হয়েছে।
এর আগে, ইসলামি ব্যাংকের লুটপাটের অভিযোগে দায়ের করা একটি মামলায় মো. সাহাবুদ্দিনকে আসামি করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ২১ পিস ইয়াবা, ৩ কেজি ২৩০ গ্রাম গাঁজা, দুটি ধারালো দা ও ছিনতাইয়ে ব্যবহৃত তিনটি সুইস গিয়ার চাকুসহ সাতজনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা বিভাগ।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় এবং গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক হেলালুজ্জামান ও পুলিশ পরিদর্শক সুজিত গোমস্তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই শাহীন, এসআই জাহিদ, এসআই আলম, এসআই মাহমুদসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, কোতোয়ালি থানাধীন জিয়ানগর মোহাম্মদ আলী সড়ক এলাকায় অভিযান চালিয়ে মো. শামীম হাওলাদার (৪৫) ও মো. রাসেল হাওলাদার (৩৫)-কে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।
কাউনিয়া থানাধীন পলাশপুর বউবাজার রনি কমিশনারের গলি এলাকায় অভিযান চালিয়ে মোছা. সুমি আক্তার (৩৬)-কে ৯৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ছাড়া কাউনিয়া থানাধীন দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম শান্ত (৪০)-কে ২১ পিস ইয়াবা, ২৩০ গ্রাম গাঁজা, দুটি বড় আকারের ধারালো দা এবং তিনটি সুইস গিয়ার চাকুসহ আটক করা হয়।
অন্যদিকে, কোতোয়ালি থানাধীন জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে মো. ফয়সাল বেপারী (২৬)-কে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই থানার গগনগলি এলাকায় অভিযান চালিয়ে লাবনী আক্তার (২৬)-কে পাঁচ পিস ইয়াবাসহ এবং দপদপিয়া সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. জহিরুল ইসলাম (৩৩)-কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পুলিশের তথ্যমতে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে পৃথক সাতটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাদের কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত বরিশাল মহানগরী গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট থানা শাখার উদ্যোগে সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি শেখ মোহাম্মদ রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুসতাকিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে—প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা সফর, আলোচনা সভা, কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযান।
এছাড়া আগামী ২০ থেকে ২৭ তারিখ পর্যন্ত ‘সর্বোচ্চ সদস্য সংগ্রহ অভিযান’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে সর্বোচ্চ সংখ্যক সদস্য সংগ্রহকারীকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুসতাকিম আহমেদ, অর্থ সম্পাদক নয়ন মিয়া, প্রকাশনা ও দপ্তর সম্পাদক শামসুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অ্যার্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে ঘিরে যখন দল ছাড়ার গুঞ্জন তুঙ্গে রয়েছে, তখন অ্যাস্টন ভিলা নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করে নিয়েছে। ইংলিশ ক্লাবটি জাপানের গোলরক্ষক জিওন সুজুকি এবং ইতালির লেফট-ব্যাক মাত্তেও রুজ্জেরিকে পাকাপাকিভাবে দলে অন্তর্ভুক্ত করেছে।
বুধবার, দুই খেলোয়াড়ের সঙ্গে চুক্তির বিষয়টি প্রিমিয়ার লিগের ক্লাবটি নিশ্চিত করেছে। ২৩ বছর বয়সী সুজুকি পার্মার হয়ে দুই মৌসুমে ৫৯ ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে ভিলায় যোগ দিয়েছেন। জাপানের জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ২২টি ম্যাচ খেলেছেন তিনি। এবারের বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়া জাপানের চার ম্যাচেই গোলবারের নিচে ছিলেন সুজুকি।
মার্তিনেস যদি শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলায় থেকে যান, তাহলে নতুন মৌসুমে মূল একাদশের গোলরক্ষকের জায়গা দখল করার জন্য তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সুজুকিকে। অন্যদিকে, রুজ্জেরি গত মৌসুমে আতলেতিকো মাদ্রিদের হয়ে লা লিগায় ২৬টি ম্যাচ খেলেছেন। তিনি চ্যাম্পিয়ন্স লিগেও দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ইউরোপের ক্লাব প্রতিযোগিতায় ১৫ ম্যাচ খেলে আতলেতিকোকে সেমিফাইনালে তুলতে অবদান রাখেন এই ইতালিয়ান ডিফেন্ডার।
অ্যাস্টন ভিলায় যোগ দিয়ে ইংলিশ ফুটবলে নতুন অধ্যায় শুরু করার অপেক্ষায় রয়েছেন রুজ্জেরি। দুই নতুন খেলোয়াড়কে দলে যুক্ত করার মাধ্যমে আসন্ন মৌসুমের জন্য নিজেদের প্রস্তুতিও জোরদার করেছে ভিলা।
আগামী রবিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ম্যাচ দিয়ে অ্যাস্টন ভিলা নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করবে। সেই ম্যাচেই নতুন দুই মুখের একজন বা দুজনকে মাঠে দেখা যায় কি না, সেটিই এখন দেখার বিষয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ