০২:০৮ পি.এম
কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য শুধুমাত্র প্রাতিষ্ঠানিক সনদ বা ডিগ্রি অর্জন যথেষ্ট নয়। বাস্তবমুখী শিক্ষা, প্রযুক্তিগত জ্ঞান, ইংরেজিতে যোগাযোগের দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা প্রয়োজন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করতে তরুণদের এসব দক্ষতায় গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
আজ শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অনুষ্ঠিত দ্বিতীয় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টেসলবিডি ও ইউল্যাব সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে।
ববি হাজ্জাজ উল্লেখ করেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ করার লক্ষ্যে তরুণদের দক্ষ, কর্মক্ষম এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বায়ন ও প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ভাষাগত দক্ষতা, প্রযুক্তির ব্যবহার এবং বাস্তব সমস্যার সমাধানে পারদর্শী হওয়া অপরিহার্য।
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর
প্রতিমন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থায় ইংরেজি শেখার সীমাবদ্ধতা তুলে ধরেন। তিনি বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইংরেজি শিক্ষা ও চর্চায় এখনো নানা চ্যালেঞ্জ বিদ্যমান। মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে ভাষার ব্যবহারিক প্রয়োগ ও যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষকদের ভাষাগত দক্ষতা উন্নয়নের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক গবেষণা, আধুনিক প্রযুক্তি ও পেশাগত জ্ঞানের একটি বড় অংশ ইংরেজিতে প্রকাশিত হয়। ভাষাগত দুর্বলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরতে ব্যর্থ হন। তবে ইংরেজি শেখার পাশাপাশি বাংলায় জ্ঞানচর্চা এবং প্রযুক্তিগত পরিভাষা সহজলভ্য করার উদ্যোগও প্রয়োজন।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলি ইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাইজেল কিলিক এবং সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।
আরও পড়ুন: ঢাকা সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন