০২:০৮ পি.এম
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকে কানাডার পুলিশের পোশাকে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। প্রবাসে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি এবার কি সত্যিই কানাডার পুলিশে যোগ দিলেন তিনি? এমন প্রশ্নও তুলেছেন অনেকে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বিষয়টি নিজেই পরিষ্কার করেছেন এই অভিনেতা।
জায়েদ খান জানিয়েছেন, কানাডার পুলিশের পোশাকে দেখা গেলেও বাস্তবে তিনি কোনো পুলিশ বাহিনীতে যোগ দেননি। বরং নতুন সিনেমা ‘ভায়োলেনস’-এ একজন কানাডিয়ান পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিটি মূলত সিনেমার শুটিংয়ের সময় তোলা। পরে সেটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করলে শুরু হয় আলোচনা।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ফেসবুকে স্বাভাবিকভাবেই ছবিটি পোস্ট করেছিলেন তিনি। তবে ছবিটি ঘিরে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে এত আলোচনা হবে, তা ভাবেননি। পুলিশের চাকরিতে যোগ দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়ে তিনি জানান, তিনি সিনেমার মানুষ এবং অভিনয় নিয়েই থাকতে চান।
আরও পড়ুন: ‘আমি আলিয়া বা দীপিকা নই’, কেন বললেন রাধিকা আপ্তে?
বর্তমানে কানাডায় ‘ভায়োলেনস’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন জায়েদ খান। তার ভাষ্য অনুযায়ী, টানা শুটিং চলছে। গল্পটি দর্শকদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। সিনেমার কাজ শেষ করে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এর আগে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় এসেছেন এই অভিনেতা।
আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি অভিনয়শিল্পীদের কাজের সুযোগ বাড়ানোর ধারাবাহিকতায় কানাডায় নির্মিত হচ্ছে অ্যাকশনধর্মী সিনেমা ‘ভায়োলেনস’। গত আগস্টের শেষ দিকে সিনেমাটি নিয়ে খবর প্রকাশিত হয়। ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরীর প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন কামাল হোসন বাবর।
সিনেমাটিতে কানাডিয়ান পুলিশ কর্মকর্তার চরিত্রে জায়েদ খানের পাশাপাশি অভিনয় করছেন ঢালিউডের চিত্রনায়িকা শিরিন শিলা ও অধরা খান। ফলে পুলিশের পোশাকে জায়েদ খানের ভাইরাল ছবিটি বাস্তব জীবনের কোনো নতুন পেশার ইঙ্গিত নয়, বরং নতুন সিনেমায় তার চরিত্রেরই ঝলক।
আরও পড়ুন: টাইগার শ্রফ নয়, হামলাকারীদের মূল টার্গেট আমির খান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন