ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

প্রকাশ্যে এলো জুবিন গার্গের অপ্রকাশিত গান ‘ফেলে আসা’


প্রকাশ্যে এলো জুবিন গার্গের অপ্রকাশিত গান ‘ফেলে আসা’

গত বছরের এই দিনে (১৯ সেপ্টেম্বর) ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ পৃথিবীর মায়া ত্যাগ করেন, লাখো ভক্তকে কাঁদিয়ে। তার গানে মুগ্ধ হয়ে রয়েছে বাংলাদেশসহ বিশ্বের অসংখ্য শ্রোতা। প্রিয় এই শিল্পীর প্রয়াণ দিবসে প্রকাশিত হলো তার কণ্ঠে গাওয়া নতুন গান ‘ফেলে আসা’। এই গানে জুবিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের গায়িকা রত্না সাহা।

দীর্ঘদিন অপ্রকাশিত থাকার পর, জুবিনের প্রয়াণ দিবসে বিশেষ গানটি প্রকাশ করেছেন রত্না। গানটির কথা লিখেছেন কলকাতার জনপ্রিয় গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুরকার হিসেবে দায়িত্ব পালন করেছেন আসামের সংগীত পরিচালক রিজওয়ান ইয়াসিন। সংগীতায়োজন করেছেন শুভায়ু ভট্টাচার্য।

‘ফেলে আসা’ গানের ভিডিও নির্মাণ করেছেন পাভেল মাহমুদ জয়। এতে অভিনয় করেছেন তারেক জামান তানজ ও ফাইজা ইসলাম। শিশুশিল্পী হিসেবে রয়েছেন রুদ্রনীল দত্ত, তূর্যনিনাদ দত্ত ও শ্রেষ্ঠা তুলসিয়ান।

আরও পড়ুন: বিজেপি অফিসের সামনে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি পশ্চিমবঙ্গের বিধায়কের

রত্না সাহা জানালেন, প্রিয় চট্টোপাধ্যায়ের মাধ্যমে জুবিন গার্গের সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। জুবিনের গান শুনে বেড়ে ওঠা এই গায়িকার কাছে প্রিয় শিল্পীর সঙ্গে কণ্ঠ মেলানো ছিল দীর্ঘদিনের স্বপ্ন। একসময় সেই স্বপ্ন পূরণও হয়। তবে গানটি প্রকাশের আগেই না ফেরার দেশে চলে যান জুবিন।

রত্না সাহা বলেন, ‘আমি অনেক সৌভাগ্যবান যে এত বড় একজন শিল্পীর সঙ্গে গান গাইতে পেরেছি। আমি জুবিন গার্গ দাদার গান শুনে বড় হয়েছি। স্বপ্ন ছিল তার সঙ্গে একটি গান গাইব। সেটা করতে পেরে অনেক খুশি। তবে তিনি বেঁচে থাকলে হয়তো এই সময় তার অনুভূতি জানতে পারতাম। সেটা আমার জন্য একটা বড় আক্ষেপ। তারপরও তিনি আমার জন্য যে উপহার রেখে গেছেন, এটাই আমার সংগীতজীবনের অনেক বড় পাওয়া।’

ফরিদপুরে জন্ম নেওয়া রত্না সাহার সংগীতের সঙ্গে পরিচয় ছোটবেলাতেই ঘটে। তার মা পেশাদার শিল্পী না হলেও সংগীতের প্রতি ছিল গভীর ভালোবাসা। মায়ের কণ্ঠে ভজন, কীর্তনসহ নানা ভক্তিমূলক গান শুনতে শুনতে সংগীতের প্রতি আগ্রহ তৈরি হয় রত্নার। মাকেই তিনি নিজের প্রথম সংগীতগুরু মনে করেন।

২০২৪ সালে ‘এ কেমন মায়া’ গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন রত্না সাহা। এরপর একক ও দ্বৈত—দুই ধরনের গানেই নিজের জায়গা তৈরি করেছেন তিনি। এ পর্যন্ত তার কণ্ঠে প্রকাশ পেয়েছে ৫৬টি মৌলিক গান। আকাশ সেন, কাজী শুভ ও মাহতিম শাকিবের মতো শিল্পীদের সঙ্গেও গান করেছেন তিনি।

আরও পড়ুন: ইরানে মার্কিন সাম্রাজ্য ও ইয়েমেন হামলায় কি শেষ হবে আরব রাজতন্ত্র?

তবে ‘ফেলে আসা’ রত্না সাহার সংগীতজীবনের সংখ্যার তালিকায় যুক্ত হওয়া নিছক আরেকটি গান নয়। এটি তাঁর দীর্ঘদিনের স্বপ্নপূরণের স্মৃতি, আর জুবিন গার্গের সঙ্গে তৈরি হওয়া এক বিশেষ সংগীত-অধ্যায়ের স্মারক। গানটি প্রকাশ পেয়েছে ‘রত্না সাহা’ ইউটিউব চ্যানেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈধ ও অবৈধ ইটভাটার তালিকা তৈরির নির্দেশ সংসদীয় কমিটির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


বৈধ ও অবৈধ ইটভাটার তালিকা তৈরির নির্দেশ সংসদীয় কমিটির

জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি অবৈধ ইটভাটায় ব্যাংক থেকে অর্থায়ন বন্ধ করার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কমিটির বৈঠকে সারা দেশে বৈধ ও অবৈধ ইটভাটার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি নির্মাণকাজে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের সুপারিশও করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম ধলু, মো. আব্দুল মান্নান এবং সুলতানা জেসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কমিটি সূত্র জানায়, বৈঠকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত বা কার্যক্রমের ফলে পরিবেশের ক্ষতি না হওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। সরকারি নির্মাণাধীন অবকাঠামোর ক্ষেত্রে ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহারের সুপারিশ করা হয়। পরিবেশ দূষণ কমাতে নির্মাণকাজে প্রচলিত পোড়ামাটির ইটের ওপর নির্ভরতা কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, অবৈধ ইটভাটায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থায়ন না হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হবে। এই উদ্দেশ্যে কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দেশে বর্তমানে কতগুলো বৈধ ও অবৈধ ইটভাটা রয়েছে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা তৈরির মাধ্যমে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পথ তৈরি হবে বলে কমিটি মনে করছে।

বৈঠকে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে পরিচালিত ১০১টি প্রকল্পের তথ্য-উপাত্ত পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর অগ্রগতি, ব্যয় ও বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য কমিটির সামনে উপস্থাপন করতে বলা হয়েছে। গত ১৬ বছরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত অর্থের ব্যবহার সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে। বরাদ্দের অর্থের ব্যবহার ও বিভিন্ন প্রকল্পের ব্যয় পর্যালোচনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা বাজেট ব্যয়ের পরিকল্পনা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায় : আবুল খায়ের ভূঁইয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায় : আবুল খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া মন্তব্য করেছেন যে, বিরোধী দল দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়। তিনি উল্লেখ করেন, বিরোধী দলের আন্দোলনের পেছনে কী কারণ এবং কী দাবি রয়েছে, তা স্পষ্ট নয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া বিরোধী দলকে লক্ষ্য করে বলেন, "আমাদের বয়স ৬ মাস, ৭ মাস চলছে। এর মধ্যে আমাদের প্রত্যাশা অনেক। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা। আমরা মাত্র ঘরে ঢুকেছি। ঘরে কাঠ মিস্ত্রি লাগবে, ইলেকট্রিক মিস্ত্রি লাগবে, টাইলস মিস্ত্রি লাগবে, ঠিকঠাক করতে সময় লাগে। এখনই লংমার্চ শুরু করে দিয়েছে, আমাদের সময় বেশি দেওয়া যাবে না, আজব ব্যাপার।"

তিনি আরো বলেন, "তাদের কি দাবি, আমরাও বুঝি না। কী কারণে কি দাবি করে আন্দোলনে নেমেছে সেটাও বুঝতে পারছি না। এদের মূল বিষয় হচ্ছে রাষ্ট্রের কিছু ব্যাপার আছে, তারা এখান থেকে সিদ্ধান্ত নেয় না, বাহির থেকে সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা আজীবন এ দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়।"

 

এ সংসদ সদস্য বলেন, "বিগত দিনে দেশে অনিয়ম, নিয়মে পরিণত হয়েছে। এখন আমলাদের সাইজ করে নিয়মে আনতে সময় লাগছে। এরপরও অনেকে বোধগম্য হয়নি যে, মানুষের প্রত্যাশা অনুযায়ী দ্রুত যে সকল কাজ করা প্রয়োজন, সেটা সে অনুযায়ী কাজ হচ্ছে না। অনেক বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে, অনেকে হয়রানির শিকার হচ্ছে। এভাবে মানুষের মধ্যেও আগের মতো ক্ষোভ রয়ে গেছে। আমরা চেষ্টা করছি, ধীরে ধীরে মানুষের মধ্যে ক্ষোভ কমে আসবে এবং পরিসমাপ্তি ঘটবে।"

এই অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মহসিন কবির স্বপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ননী গোপাল ঘোষ, আবুল মোবারক ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য দেলোয়ার হোসেন, আব্দুর রব শামীম এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল আদনান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে গোল পেলো টটেনহ্যাম, তবুও হার এড়াতে পারল না

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


অবশেষে গোল পেলো টটেনহ্যাম, তবুও হার এড়াতে পারল না

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে অ্যাস্টন ভিলার হার অবশেষে গোল খরা কাটানোর ম্যাচে ঘটলো। চলতি মৌসুমের প্রথম ৪ ম্যাচে কোনো গোল করতে না পারা স্পার্সরা শেষ পর্যন্ত গোলের দেখা পেল। তবে, নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে তারা ৩-২ গোলে পরাজিত হলো। এর ফলে ক্লাবটি পুরো ৩ পয়েন্ট হারালো।

 

ম্যাচের শুরুতেই দুই দলের স্ট্রাইকাররা পাল্টা আক্রমণে ডিফেন্ডারদের ব্যস্ত রাখে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৪ মিনিটে) জোহান মানজাম্বির গোলে অ্যাস্টন ভিলা লিড নেয়। এরপর, দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে নিকোলাস জ্যাকসন এবং ৭৮ মিনিটে বুয়েন্দিয়া গোল করলে টটেনহ্যাম ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। খবর ইএসপিএন।

 

অবশেষে ম্যাচের ৮৬ মিনিটে কনর গ্যালাগার গোল করে টটেনহ্যামের দীর্ঘ গোল খরা দূর করেন। এরপর, ম্যাচের শেষ মুহূর্তে (৯০+৮ মিনিটে) জান পল ভ্যান হেক আরেকটি গোল করলেও এটি কেবল ব্যবধান কমিয়েছে (৩-২)।

 

কোচ রবার্তো ডি জার্বির অধীনে এই হারের পর টটেনহ্যাম ৫ ম্যাচ শেষে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮ নম্বরে (রেলিগেশন জোন) অবস্থান করছে। অন্যদিকে, এই জয়ের মাধ্যমে ভিলা এই মৌসুমে তাদের প্রথম জয় অর্জন করলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান
 পাকিস্তানের করাচিতে ৩ দিনব‌্যা‌পি ২৩তম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ সম্প্রতি ১০ হ‌তে ১২ সে‌প্টেম্বর পাকিস্তানের বৃহত্তম বার্ষিক স্বাস্থ্য ও চিকিৎসা শিল্প বিষয়ক সভায় বিভিন্ন দেশের চিকিৎসক ও গবেষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।
 
যুক্তরাজ্যভিত্তিক সর্ব প্রথম স্বাস্থ্য প্রযুক্তি অ্যাপ প্রতিষ্ঠান নিউরোচেক প্রো-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী (সিইও) ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত চট্টগ্রা‌মের কৃ‌তি সন্তান তানহা তাবাসসুম "ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে স্বাস্থ্যসেবার রূপান্তর" এই বছরের প্রতিপাদ্যের অধীনে, পাকিস্তান সেন্টার ফর ডিজিটাল হেলথ এবং পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য পরিষেবা, প্রবিধান ও সমন্বয় মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক ডিজিটাল স্বাস্থ্য সম্মেলনে একজন আন্তর্জাতিক বক্তা হিসেবে যোগদান করেন।
 
তানহা তাবাসসুম ব‌লেন, পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য পরিষেবা বিষয়ক ফেডারেল মন্ত্রী, সৈয়দ মুস্তফা কামালের সাথে সাক্ষাৎ করা এবং দেশের ডিজিটাল স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি শোনাও আমার জন্য একটি বিশেষ সৌভাগ্যের বিষয় ছিল।
যুক্তরাজ্যের এডিএইচডি এবং অটিজম মূল্যায়নের প্রথম অ্যাপ নিউরোচেক প্রো-এর প্রতিষ্ঠাতা এবং সিইও হিসেবে, আমি উপস্থিত সকলের সামনে একটি সমস্যা তুলে ধরি: রোগ নির্ণয়ের জন্য অপেক্ষার কারণ কোনো অসুবিধা নয়, বরং এমন একটি ব্যবস্থা যা আজকের চাহিদার বিশালতার জন্য কখনোই তৈরি হয়নি এবং নিউরোচেক প্রো এই শূন্যস্থানটিই পূরণ করে। এটি সম্পূর্ণ প্রক্রিয়াটিকে একটি রেকর্ডে রাখে, যার ফলে রোগীরা স্বাধীনভাবে শুরু করতে পারেন এবং চিকিৎসকরা সরাসরি রোগ নির্ণয়ে যেতে পারেন।
 
 
একটি উল্লেখযোগ্য বিষয় ছিল পাকিস্তানের সরকারি কর্মকর্তা, এনজিও এবং স্বাস্থ্যসেবা নেতাদের সাথে একটি গোলটেবিল বৈঠক, যা পাকিস্তানের স্বাস্থ্য বিষয়ক সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য কর্মসূচির প্রধান নির্বাহী কর্মকর্তা মাননীয় মুহাম্মদ আরশাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সেখানে আমি পাকিস্তানে স্নায়ুবিকাশজনিত রোগ নির্ণয়ের অগ্রগতি সাধনের বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলাম।
এত বড় ব্যবধান কোনো একটি প্ল্যাটফর্ম একা পূরণ করতে পারে না; প্রযুক্তি সুযোগের পরিধি বাড়ায়, কিন্তু কেবল তারাই এটিকে সত্যিকার অর্থে এগিয়ে নিয়ে যায়, যারা একসাথে কাজ করতে ইচ্ছুক। পাকিস্তানের চিকিৎসক সম্প্রদায়ের কাছ থেকে আমি যে আন্তরিকতা পেয়েছি যা বিচারবুদ্ধির সাথে আপোস না করে প্রযুক্তিকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, তার উপর দৃষ্টি নিবদ্ধ করেছে, প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হবে কি না তার উপর নয়—তা এই অঞ্চলকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে।
 
উল্লেক্ষ‌্য তানহা তাবাসসুম বাংলাদেশী বি‌শিষ্ট কূটনীতিক এবং যুক্তরাজ্যে, মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের সফল সা‌বেক রাষ্ট্রদূত আবিদা ইসলামের পুত্রবধূ।
প‌রি‌শে‌ষে তানহা তাবাসসুম, আমন্ত্রণ জানানোর জন্য এবং করাচিতে পুরো সময়টা উষ্ণ আতিথেয়তার জন্য ড. জাকিউদ্দিন আহমেদকে বিশেষ ধন্যবাদ জানান। এটি পাকিস্তানে আমার প্রথম সফরও ছিল, এবং করাচি আমার মনে এক গভীর ছাপ রেখে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%