ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ঢাকায় দিনব্যাপী এআই বিজনেস সামিট আগামী বৃহস্পতিবার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী


ঢাকায় দিনব্যাপী এআই বিজনেস সামিট আগামী বৃহস্পতিবার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ : ডাক টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’।

মন্ত্রী উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের উদ্দেশ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে। সম্মেলনটি ৫ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

মন্ত্রী আরও জানান, সম্মেলনের উদ্বোধনী অধিবেশন বৃহস্পতিবার সকাল ১০টায় সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় সক্ষমতা অর্জনে একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্বব্যাপী এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এর ইতিবাচক সম্ভাবনার পাশাপাশি অপব্যবহার ও নেতিবাচক প্রভাব নিয়েও আলোচনা বৃদ্ধি পাচ্ছে। এই বাস্তবতায় বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক উন্নত অর্থনীতির দিকে এগিয়ে নিতে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

মন্ত্রী জানান, এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এআই ফর টুমরোজ ইকোনমি’। মানুষ, ব্যবসা ও কৃত্রিম বুদ্ধিমত্তা—এই তিনটির সমন্বয়ের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা ও ব্যবসায়িক কার্যক্রমের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্য রয়েছে।

দিনব্যাপী সম্মেলনে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব, এর প্রয়োগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে। দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য এ অধিবেশনে অর্থনৈতিক রূপান্তরে এআইয়ের ভূমিকা, নীতিগত চ্যালেঞ্জ, দক্ষ মানবসম্পদ এবং প্রযুক্তিগত অবকাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।

আরও পড়ুন: আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সামনে দুটি ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই

দ্বিতীয় অধিবেশনে ব্যবসায়িক উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্প খাতের মধ্যে অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে। এই অধিবেশনে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনবল তৈরির বিষয়ে আলোচনা হবে।

বিকেল ৩টায় তৃতীয় অধিবেশনে ডিজিটাল সহকর্মী হিসেবে এআই এজেন্টের ভূমিকা নিয়ে আলোচনা হবে। ব্যবসায়িক কার্যক্রমে অর্ডার প্রক্রিয়াকরণ, লেনদেন সমন্বয় এবং বিভিন্ন শিল্প খাতের বাস্তব সমস্যার সমাধানে স্থানীয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে এ অধিবেশনে আলোচনা করা হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাকার স্থবিরতার কারণ ই-রিকশা ও হকার সমস্যা: ডিএসসিসি প্রশাসক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাইন্যান্স হ্যাকের এফবিআই অভিযোগকে ‘উসকানি’ বললেন কিমের বোন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


বাইন্যান্স হ্যাকের এফবিআই অভিযোগকে ‘উসকানি’ বললেন কিমের বোন

ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বাইন্যান্স থেকে ৬ বিলিয়ন ডলার চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে। তবে পিয়ংইয়ং এই অভিযোগকে তীব্রভাবে অস্বীকার করেছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এই অভিযোগকে ‘গুরুতর উসকানি’ হিসেবে চিহ্নিত করেছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র মাধ্যমে তিনি জানান, এফবিআইয়ের এই অভিযোগটি হাস্যকর বাগাড়ম্বর ছাড়া কিছুই নয়।

তিনি মন্তব্য করেন, এ ধরনের অভিযোগ নতুন নয়। কিম ইয়ো জং বলেন, এর আগেও যুক্তরাষ্ট্র গত বছর একটি বড় হ্যাকিংয়ের ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করেছিল।

বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, বিশ্বের বিভিন্ন সাইবার অপরাধের সঙ্গে উত্তর কোরিয়াকে জড়িয়ে জনমত বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তার মতে, এসব অভিযোগ উত্তর কোরিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হচ্ছে।

এফবিআই আগে দাবি করেছে, ‘ট্রেডরেটর’ নামে পরিচিত উত্তর কোরিয়া সংশ্লিষ্ট একটি হ্যাকার গোষ্ঠী বাইন্যান্সে হামলার সঙ্গে জড়িত। গত এপ্রিলে ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বাইট থেকে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার চুরির ঘটনায়ও এই হ্যাকার গোষ্ঠীকে দায়ী করা হয়েছিল। বাইন্যান্সে হামলার আগে সেটিই ছিল ক্রিপ্টোকারেন্সি খাতে সবচেয়ে বড় চুরির ঘটনা।

কিম ইয়ো জং বলেন, এসব অভিযোগের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার ভাবমূর্তি, মর্যাদা ও জাতীয় সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তিনি এ অভিযোগকে উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ বলেও উল্লেখ করেন।

তিনি আরো বলেন, সাইবার জগতে যেকোনো ধরনের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডের বিরোধিতা করা উত্তর কোরিয়া সরকারের অবিচল নীতি। বাইন্যান্স বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ হিসেবে পরিচিত। এই হ্যাকিংয়ের খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার বিশ্বের অধিকাংশ প্রধান ক্রিপ্টোকারেন্সির দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়।

শনিবার এফবিআইয়ের বিবৃতি প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা নিয়ে সংশয় প্রকাশ করেন। ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি উদ্বিগ্ন নই। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি। উত্তর কোরিয়া এই হামলা চালিয়েছে কি না, তা আমরা জানি না।’

ক্ষমতায় ফেরার পর থেকেই পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করতে আগ্রহ দেখিয়ে আসছেন ট্রাম্প। চলতি বছর দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। তবে ট্রাম্পের এসব উদ্যোগে পিয়ংইয়ং এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি। কিম ইয়ো জং তার বিবৃতিতে বলেন, নতুন এই অভিযোগগুলো আবারও প্রমাণ করেছে, উত্তর কোরিয়ার প্রতি ওয়াশিংটনের বৈরী মনোভাব রয়েছে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের এমন অনাকাঙ্ক্ষিত বৈরী মনোভাবের কারণে বিভিন্ন দিক থেকে বিষয়গুলো নতুন করে বিবেচনা করতে হবে উত্তর কোরিয়াকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের সঙ্গে নতুন চুক্তিতে মার্কিন এলএনজি নিয়ে ভারতের নজর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


কাতারের সঙ্গে নতুন চুক্তিতে মার্কিন এলএনজি নিয়ে ভারতের নজর

ভারত এখন আমদানির বিকল্প উৎস খুঁজছে, কারণ ইরান যুদ্ধের ফলে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। এই পরিস্থিতিতে, কাতার যুক্তরাষ্ট্র থেকে কেনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নতুন সরবরাহ চুক্তির আওতায় আনার জন্য ভারতের অনুরোধ বিবেচনা করতে রাজি হয়েছে। মঙ্গলবার, ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি আমদানিকারক প্রতিষ্ঠান পেট্রোনেট এলএনজির (পিএলএনজি) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের সবচেয়ে বড় গ্যাস আমদানিকারক প্রতিষ্ঠান পেট্রোনেট এলএনজি লিমিটেড ২০২৮ সাল থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনার বিষয়ে কাতারের সঙ্গে আলোচনা করছে। প্রতিষ্ঠানটির গ্রুপ জেনারেল ম্যানেজার বিবেক মিত্তাল বিশ্লেষকদের সঙ্গে এক আলোচনায় এ তথ্য প্রকাশ করেন। কাতার বর্তমানে ভারতে সবচেয়ে বেশি এলএনজি সরবরাহ করে।

বর্তমানে পেট্রোনেটের কাছে বছরে ৭৫ লাখ মেট্রিক টন এলএনজি সরবরাহের চুক্তি রয়েছে। এই চুক্তির মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল, তবে এটি আরো ২০ বছরের জন্য নবায়ন করা হয়েছে। নতুন চুক্তির আওতায়, কাতার ২০৪৮ সাল পর্যন্ত ভারতকে এলএনজি সরবরাহ করবে।

কাতারের সঙ্গে নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে কেনা এলএনজি সরবরাহ করা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে বিবেক মিত্তাল জানান, ২০২৮ সালে শুরু হতে যাওয়া নতুন চুক্তিতে গ্যাস সরবরাহের উৎস বাড়ানোর বিষয়ে কাতারের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, ভারতের এই প্রস্তাব বিবেচনা করতে রাজি হয়েছে কাতার।

অন্য দেশ থেকে কাতারের কেনা জ্বালানির একটি নির্দিষ্ট অংশ ভারতকে দেওয়ার প্রস্তাবও দিতে পারে দেশটি। গত মাসে, যুক্তরাষ্ট্রের উডসাইডের বিভিন্ন স্থাপনা থেকে বছরে ৩০ লাখ মেট্রিক টন এলএনজি কেনার জন্য ২০ বছরমেয়াদি চুক্তি করেছে কাতারএনার্জি। এই সরবরাহ ২০৩০ সাল থেকে শুরু হওয়ার কথা।

এছাড়া, যুক্তরাষ্ট্রের চেনিয়ার এনার্জির সঙ্গে দুটি চুক্তি করেছে কাতারএনার্জি। এসব চুক্তির আওতায় ২০৫৪ সাল পর্যন্ত বছরে সর্বোচ্চ ৪০ লাখ মেট্রিক টন এলএনজি কেনার সুযোগ থাকবে। যুক্তরাষ্ট্রের সাবিন পাস ও করপাস ক্রিস্টি স্থাপনা থেকে এসব গ্যাস সরবরাহ করা হবে।

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া এবং কাতারের রাস লাফান গ্যাস স্থাপনায় হামলার পর, গত মার্চে চুক্তি অনুযায়ী এলএনজি সরবরাহ করতে না পারার কথা জানায় কাতারএনার্জি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ পরিস্থিতি আপাতত ডিসেম্বর পর্যন্ত চলতে পারে।

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে ভারত এখন যুক্তরাষ্ট্র, ওমান, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানি করছে। এদিকে, কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় তিনটি গ্যাসবাহী জাহাজের ভাড়া চুক্তিও স্থগিত করেছে পেট্রোনেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিম বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

তিনি সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ফাজিলপুরে নিজের মালিকানাধীন সৌদিয়া ব্রিকস ফিল্ডের অফিসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা প্রদান করেন।

সংবাদ সম্মেলনে জাকির হোসেন জসিম অভিযোগ করেন যে, দলের অভ্যন্তরে একটি সিন্ডিকেট নিজেদের পছন্দমতো কমিটি গঠন করছে। তিনি উল্লেখ করেন যে, ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। এই অবস্থার প্রতিবাদ হিসেবে তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, নবম শ্রেণিতে পড়ার সময় থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং পর্যায়ক্রমে সদর উপজেলা ছাত্রদল ও জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে তিনি দলীয় পদ ছাড়লেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ ধারণ করার কথা জানান।

সংবাদ সম্মেলনে জসিম আরও অভিযোগ করেন যে, দলের ত্যাগী নেতাকর্মীদের বিনা কারণে বহিষ্কার করা হচ্ছে এবং একটি গোষ্ঠী ফেনীর বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। তিনি দাবি করেন যে, এ বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি।

এ সময় তিনি ফেনীর বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. ইউনূসের অনুপ্রেরণায় হলিউড অভিনেতা ম্যাট ডেমনের বিশুদ্ধ পানির উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


ড. ইউনূসের অনুপ্রেরণায় হলিউড অভিনেতা ম্যাট ডেমনের বিশুদ্ধ পানির উদ্যোগ

হলিউডের খ্যাতনামা অভিনেতা ম্যাট ডেমন দীর্ঘ সময় ধরে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে তাঁর উদ্যোগ সম্প্রতি নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এই উদ্যোগের পেছনে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কাজ থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা তিনি উল্লেখ করেছেন।

ম্যাট ডেমন এবং সামাজিক উদ্যোক্তা গ্যারি হোয়াইট মিলে অলাভজনক সংস্থা ‘ওয়াটার ডট অর্গ’ প্রতিষ্ঠা করেছেন। এই সংস্থার মূল উদ্দেশ্য হলো বিশ্বের দরিদ্র জনগণের কাছে নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন ব্যবস্থা পৌঁছে দেওয়া।

ম্যাট ডেমনের মতে, ড. ইউনূসের ক্ষুদ্রঋণ কার্যক্রম তাঁদের চিন্তাভাবনায় একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বিশেষ করে, ক্ষুদ্রঋণের ধারণা কাজে লাগিয়ে মানুষের পানির সংকট মোকাবিলা করার উপায় দেখিয়েছে ইউনূসের উদ্ভাবিত মডেল।

এই ধারণার ভিত্তিতে ‘ওয়াটার ক্রেডিট’ কর্মসূচি গড়ে উঠেছে। এর মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে পানি এবং পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সহজ শর্তে ঋণ প্রদান করা হয়। ফলে, দূর থেকে পানি সংগ্রহের কষ্ট কমে যায় এবং মানুষের সময় ও অর্থের সাশ্রয় হয়।

ম্যাট ডেমনের এই উদ্যোগের মাধ্যমে ড. ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণা নতুন একটি ক্ষেত্রে প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। তাঁদের সংস্থা দাতব্য সহায়তার বাইরে অর্থায়নভিত্তিক ব্যবস্থার মাধ্যমে বিশ্বের পানিসংকট মোকাবিলায় কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%