০৩:৪৩ এম
সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের তাদের প্রবেশ কার্ড বা আইডি কার্ড দৃশ্যমান স্থানে প্রদর্শন করা বাধ্যতামূলক হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সচিবালয়ে স্থায়ী, অস্থায়ী, মিটিংয়ে আগত এবং ওটিপি মাধ্যমে বহু দর্শনার্থী প্রবেশ করে। প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায়, এর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইডি কার্ড প্রদর্শন করা একান্ত প্রয়োজন। সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের তাদের আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার জন্য নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগের কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, স্মরণে নানা আয়োজন
এর আগে, গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণে আরও কিছু নির্দেশনা জারি করা হয়েছিল। ওই নির্দেশনায় বলা হয়েছিল, সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের কার্যক্রম সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ ও তদারকির স্বার্থে প্রবেশ নিয়ন্ত্রণ প্রয়োজন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকার দিনগুলোতে সচিবালয়ের বাইরের অফিসের সঙ্গে সভার সংখ্যা যতটা সম্ভব সীমিত রাখতে হবে।
এছাড়া, দর্শনার্থীদের প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে বেলা ২টা নির্ধারণ করা হয়েছে, সেই অনুযায়ী ওটিপি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়ার নির্দেশনাও রয়েছে।
এছাড়া, ছুটিতে যাওয়া কর্মকর্তাদের জন্য ছুটিকালীন সময়ে ওটিপি প্রদান বন্ধ রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় তিন দিনের সফরে আসলেন চীনা মন্ত্রী লিউ হাইশিং
সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন