১২:৪৬ পি.এম
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক আগে ফিফা স্টেডিয়ামে পানির বোতল বহনের নিয়মে একটি বড় পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বকাপের কোনো স্টেডিয়ামে দর্শকরা পুনঃব্যবহারযোগ্য (রিইউজেবল) পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন না।
এর আগে ফিফার স্টেডিয়াম আচরণবিধিতে বলা হয়েছিল যে, এক লিটার পর্যন্ত ধারণক্ষমতার খালি ও স্বচ্ছ প্লাস্টিকের পুনঃব্যবহারযোগ্য বোতল স্টেডিয়ামে আনা যাবে। তবে, গত মঙ্গলবার (২ জুন) আচরণবিধি হালনাগাদ করে সেই অনুমতি বাতিল করা হয়েছে।
ফিফা ইতোমধ্যে টিকিটধারীদের জানিয়ে দিয়েছে যে, নতুন নিয়ম অনুযায়ী কোনো ধরনের পুনঃব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে নেওয়া যাবে না। নিরাপত্তার কারণে অন্যান্য ধরনের বোতলও নিষিদ্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
এই সিদ্ধান্তের ফলে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ দর্শকেরা নিজেদের বোতল নিয়ে এসে স্টেডিয়ামের ভেতরে থাকা পানির ফোয়ারা বা ডিসপেনসার থেকে পানি পূরণ করে ব্যবহার করতে পারবেন না।
গত বছরের ক্লাব বিশ্বকাপে তীব্র গরমের মধ্যে স্টেডিয়ামে বোতলজাত পানির দাম ছিল ৪ থেকে ৬ ডলার। ২০২৬ বিশ্বকাপে পানির মূল্য এখনও নির্ধারণ করা হয়নি, তবে ফিফার দীর্ঘদিনের অংশীদার কোকা-কোলার ব্র্যান্ড ‘দাসানি’ স্টেডিয়ামগুলোতে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন