ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা


বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও স্বস্তিদায়ক ও উপযোগী করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজয়-২৪ হলের মসজিদ ও রিডিং রুমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করা হয়েছে। হল প্রশাসনের উদ্যোগে এসব এসি স্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে বিজয়-২৪ হল অন্যতম। গরমের সময়ে রিডিং রুমে দীর্ঘ সময় পড়াশোনা করতে গিয়ে শিক্ষার্থীদের নানা ভোগান্তিতে পড়তে হয়। নতুন করে এসি স্থাপনের ফলে শিক্ষার্থীরা তুলনামূলক স্বস্তিদায়ক পরিবেশে পড়াশোনা ও একাডেমিক কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হল প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাঁদের মতে, রিডিং রুমে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকায় গরমের সময় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা সহজ হবে। তবে হলের অন্যান্য সুযোগ-সুবিধা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

বিজয়-২৪ হলের শিক্ষার্থী মো. রাকিব হাসান বলেন, “রিডিং রুমে এসি স্থাপন হওয়ায় আমরা খুবই উপকৃত হয়েছি। বিশেষ করে গরমের সময়ে দীর্ঘক্ষণ পড়াশোনা করা অনেক কষ্টকর হয়ে পড়ে। এখন তুলনামূলক স্বস্তিদায়ক পরিবেশে পড়াশোনা করা সম্ভব হবে। রিডিং রুমে আরও দুই-তিনটি এসি স্থাপন করা হলে শিক্ষার্থীদের জন্য আরও ভালো হবে।”

হলের আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে প্রশাসনের এ উদ্যোগ প্রশংসনীয়। রিডিং রুমে এসি থাকায় গরমের সময় আমাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। পাশের রিডিং রুমটিতেও দ্রুত এসি স্থাপনের উদ্যোগ নেওয়া হলে আমরা আরও উপকৃত হব।”

শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “রিডিং রুমে এসি স্থাপনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়াবে। পাশাপাশি রিডিং রুমে পানির ফিল্টার স্থাপন এবং পাশের রুমগুলোতেও এসির ব্যবস্থা করা হলে শিক্ষার্থীদের জন্য পরিবেশ আরও সুন্দর ও সুবিধাজনক হবে।”

এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট মো. আমির শরীফ বলেন, “শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই রিডিং রুম ও মসজিদে এসি স্থাপন করা হয়েছে। পাশের রিডিং রুমেও খুব শিগগির এসি স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে সেখানে এসি স্থাপনের কাজও করা হবে।”

আরও পড়ুন: ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট সাময়িক স্থগিত

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করার বিষয়টি হল প্রশাসনের অগ্রাধিকার। পর্যায়ক্রমে হলের অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও বাড়ানোর চেষ্টা করা হবে।”

এসি স্থাপনের খরচ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আকিফ বলেন, “বিজয়-২৪ হলে চারটি এসি স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৭৪ হাজার টাকা। আরও একটি এসি স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।”

উল্লেখ্য, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে আবাসিক হলগুলোতে রিডিং রুমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিয়ন থেকে কোটিপতি: বিসিআইসি কর্মকর্তা শাহ আলম গাজীর বিপুল সম্পদ ও সার কারসাজির চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৪ এম


পিয়ন থেকে কোটিপতি: বিসিআইসি কর্মকর্তা শাহ আলম গাজীর বিপুল সম্পদ ও সার কারসাজির চাঞ্চল্যকর তথ্য

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর বরিশাল বাফার গোডাউনের ভারপ্রাপ্ত ইনচার্জ শাহ আলম গাজীকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং সরকারি সার পরিবহনে কারসাজির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘তালাশ বিডি’র দীর্ঘ অনুসন্ধানে এই কর্মকর্তার আলাদিনের প্রদীপের মতো আঙুল ফুলে কলাগাছ হওয়ার নানা তথ্য বেরিয়ে এসেছে।

অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ পিয়ন পদে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন শাহ আলম গাজী। পরবর্তীতে তিনি বরিশালে ফায়ারম্যান পদে যোগ দেন। দীর্ঘ চাকরিজীবনে বর্তমানে তিনি বরিশাল বাফার গোডাউনের ভারপ্রাপ্ত ইনচার্জের দায়িত্ব পালন করছেন।

অভিযোগ রয়েছে, সরকারি চাকরির সীমিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল সম্পদের মালিক বনে গেছেন তিনি। এর মধ্যে বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা সড়কে নির্মিত হয়েছে পাঁচতলা আবাসিক ভবন ‘গাজী ম্যানশন’। ব্যাংক ঋণের মাধ্যমে এটি নির্মাণের দাবি করা হলেও অনুসন্ধানে উঠে এসেছে, নিজের অর্থায়নেই জমি ক্রয় ও ভবন নির্মাণ করা হয়েছে। কার্যত ব্যাংকের ঋণ নেওয়া হয়েছে শুধু কৌশল অবলম্বন করে—এমন অভিযোগও রয়েছে।

বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন এলাকায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের জমি ক্রয়ের তথ্য পাওয়া গেছে। নিজের নামে গাড়ি না থাকার দাবি করলেও পরিবারের ব্যবহারের জন্য রয়েছে ‘নিসান’ ব্র্যান্ডের একটি দামি গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৫-৫৬৫২), যা তার স্ত্রীর নামে নিবন্ধিত।

ঘাট শ্রমিকদের সূত্রে জানা গেছে, যশোরের নওয়াপাড়া থেকে বরিশাল রুটে সার পরিবহনের কাজে নিয়োজিত ‘এমবি হাক্কানী’ ও ‘এমবি মুন্নি’ নামে দুটি কার্গো জাহাজ শাহ আলম গাজীর নিজের মালিকানাধীন।

শাহ আলম গাজীর পরিবারের সদস্যদের নামে প্রথম শ্রেণির ঠিকাদারি লাইসেন্স নিয়ে কোটি কোটি টাকার সরকারি কাজ বাগিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তার ছেলের নামে রয়েছে ‘গাজী বিল্ডার্স (লিমিটেড)’ নামের প্রথম শ্রেণির ঠিকাদারি লাইসেন্স।

তার স্ত্রীর নামে রয়েছে ‘মেসার্স মুন্নি এন্টারপ্রাইজ’ নামের আরেকটি প্রথম শ্রেণির লাইসেন্স।

অভিযোগ রয়েছে, প্রশাসনিক ক্ষমতার দাপট দেখিয়ে এসব ঠিকাদারি ব্যবসা বাস্তবে শাহ আলম গাজী নিজেই পরিচালনা করেন এবং ছেলের ব্যাংক হিসাবে নিয়মিত বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়।


বাফার গোডাউনের সার ব্যবস্থাপনা নিয়ে সবচেয়ে গুরুতর অনিয়মের তথ্য সামনে এসেছে।

নরসিংদীর ঘোড়াশাল থেকে বরিশালের উদ্দেশ্যে পাঠানো সার নির্ধারিত বাফার গোডাউনে আনলোড না করে সরাসরি বিভিন্ন ডিলার পয়েন্টে পৌঁছে দেওয়া হয়। কিন্তু সরকারি নথিপত্রে তা গোডাউনে গ্রহণ বা আনলোড দেখানো হয়—এমন অভিযোগ রয়েছে।

যশোরের নওয়াপাড়া থেকে কার্গো জাহাজে আসা সার রাতের আঁধারে গোডাউন বাইপাস করে সরাসরি ডিলারের কাছে পাঠানো হয় বলেও অভিযোগ উঠেছে।

গোডাউনে সার রিসিভ না করেও ভুয়া নথিতে স্বাক্ষর করে যাতায়াত ও পরিবহন খরচের সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় কেডিসি এলাকার বাসিন্দারা জানান, সরকারি পদে থেকে দীর্ঘদিন একই স্থানে ভারপ্রাপ্ত ইনচার্জ হিসেবে বহাল থাকা বিসিআইসির নীতিমালার পরিপন্থী। সাবেক এক কর্মকর্তার দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় মিছিলে অংশ নেওয়ার ছবি সংরক্ষিত রয়েছে। তবে গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি রাতারাতি জামায়াতের কর্মী হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করছেন।

সম্প্রতি শাহ আলম গাজীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে তালাশ বিডির প্রকাশিত সংবাদ দামাচাপা দিতে ও নিজের বদলি ঠেকাতে তিনি ২২ই আগস্ট ঢাকায় গিয়ে,বিসিআইসি, ব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় প্রধান (বিপণন) জনাব মোঃ মঞ্জুর রেজাকে মোটা অঙ্কের আর্থিক লেনদেন করেছেন বলে একটি বিশ্বস্ত সূত্র দাবি করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো স্বতন্ত্র বা নির্ভরযোগ্য দাপ্তরিক প্রমাণ পাওয়া যায়নি।

বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় সভাপতি রনি সিকদার জানান, একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, সার অ-ব্যবস্থাপনা ও ঠিকাদারি অনিয়মের অভিযোগ অতীব গুরুতর। যদি ,বিসিআইসি বা দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে উঠা অভিযোগ গুলো স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে । অন্যথায় জনস্বার্থে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে।

সার্বিক বিষয়ে শাহ আলম গাজীর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ছেলে ও স্ত্রীর ঠিকাদারি ব্যবসা, চালানের অনিয়ম ও সার পাচারের বিষয়ে নির্দিষ্ট লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

(তালাশ বিডির অনুসন্ধান অব্যাহত রয়েছে। পরবর্তী পর্বে শাহ আলম গাজীর সম্পদ ও সার পরিবহনের ভিডিও মাধ্যমে তালাশ বিডিতে নথিপত্র প্রকাশ করা হবে।)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন মার্কিন নিষেধাজ্ঞার জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৮ এম


নতুন মার্কিন নিষেধাজ্ঞার জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরান

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নতুন মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবকে গুরুত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থান এমন নয় যে, তারা অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো সীমিত করার মতো পদক্ষেপ নিতে পারে। সোমবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন অর্থনৈতিক পদক্ষেপের ঘোষণা দেন। তিনি জানান, এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো ইরানের ‘অর্থনৈতিক জীবনধারা বন্ধ করে দেওয়া’。

তবে বেসেন্ট ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত এখনই নেননি। তিনি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থার থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি নিতে হবে। বেসেন্ট কোন কোন বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করেননি। নতুন নিষেধাজ্ঞা বা শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর হবে কবে, সেটিও তিনি জানাননি।

বরং তিনি বলেন, নতুন মার্কিন নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে সময় দেওয়া হবে। এর আগে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। তবে এই তালিকায় চীনের কোনো আর্থিক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়নি। চীন ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।

মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা আসার পর গালিবাফ মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের হুমকি এখন আর অন্য দেশগুলো সহজে বিশ্বাস করে না। তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিজের অর্থনৈতিক অবস্থাই এমন নয় যে তারা অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো সীমিত করতে পারে। এক্সে দেওয়া পোস্টে গালিবাফ বলেন, ইরানের বড় বাণিজ্যিক অংশীদাররা গণমাধ্যমে এবং তেহরানে পাঠানো বিভিন্ন বার্তার মাধ্যমে জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের এসব বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না। ইরানের অর্থমন্ত্রী আলি মাদানিজাদেহও মন্তব্য করেন, তার দেশ যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার জন্য ‘পুরোপুরি প্রস্তুত’।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মাদানিজাদেহ বলেন, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে এসব মোকাবিলার জন্য তেহরানের নিজস্ব ব্যবস্থা ও প্রস্তুতি রয়েছে। তিনি উল্লেখ করেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন শুধু হামলা ঠেকানোর মধ্যে সীমাবদ্ধ নয়। প্রয়োজনে শত্রুর হামলার জবাব দেওয়ার সক্ষমতাও ইরানের রয়েছে। মাদানিজাদেহ দাবি করেন, চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য দেশগুলোও মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেবে।

নতুন মার্কিন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণার আগেই ইরান সামরিক জবাব দেওয়ার হুমকি দিয়েছিল। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি আরো কমিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, ইরানের অবকাঠামো হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ এবং জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথগুলোতে বড় ধরনের আঘাত করা হবে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি তার এই বক্তব্য প্রকাশ করেছে। এর ফলে অর্থনৈতিক চাপের পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সমাধান করতে চাপের মধ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে ইরানের ওপর আরো অর্থনৈতিক চাপ প্রয়োগের পথেই এগোচ্ছে ওয়াশিংটন। ইরান অবশ্য গত কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। এসব নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি করেছে। তবে ইরানের নেতৃত্বকে তাদের অবস্থান পরিবর্তনে বাধ্য করতে পারেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর প্রায় ছয় মাস পেরিয়ে গেছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে কোনো পক্ষই বড় ধরনের হামলা চালায়নি। তবে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হয়ে কূটনৈতিক সমাধানের দিকে পরিস্থিতি এগোচ্ছে- এমন স্পষ্ট কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।

এদিকে উপসাগরীয় অঞ্চলে জাহাজে ইরানের হামলা বন্ধ করতে নতুন পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তাদের মিত্রদের মাধ্যমে লোহিত সাগরেও ইরানের হামলা বন্ধের চেষ্টা চলছে। যুদ্ধের কারণে ইরানের প্রচলিত সামরিক সক্ষমতার বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির অর্থনীতিও বড় ধরনের চাপের মধ্যে পড়েছে। এ ছাড়া ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। তবে এর পরও ইরানের হাতে উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোর মতো উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা রয়েছে। হরমুজ প্রণালিতে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকেও হুমকির মুখে ফেলতে পারে তেহরান। ইরানের পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই কর্মসূচি পুরোপুরি ধ্বংস করতে চায়। ফলে নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং পারমাণবিক কর্মসূচিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাক যন্ত্রাংশ জব্দ করলো ৫৯ বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৯ এম


শিবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাক যন্ত্রাংশ জব্দ করলো ৫৯ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা মূল্যের ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরণের যন্ত্রাংশ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) ভোর ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে তল্লাশি চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০০ পিস বিভিন্ন প্রকারের ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়, যার স্থানীয় বাজারমূল্য আনুমানিক ২৫ লাখ টাকা।

উল্লেখ্য, এর আগেও গত ১ আগস্ট মহানন্দা ব্যাটালিয়ন শিবগঞ্জের বালিয়াদিঘীর তালতলা এলাকায় একটি অভিযান চালিয়ে আরও ২৯১ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ আটক করেছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সীমান্ত দিয়ে সব ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি বজায় রেখে সতর্ক অবস্থানে রয়েছে এবং এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদানে অতর্কিত হামলায় জাতিসংঘের ২ শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


সুদানে অতর্কিত হামলায় জাতিসংঘের ২ শান্তিরক্ষী নিহত

দক্ষিণ সুদানের জংলেই রাজ্যে একটি টহল দলের ওপর সশস্ত্র ব্যক্তিদের হামলার ফলে জাতিসংঘের দুই শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। সোমবার পাজুত এলাকার দিকে যাওয়ার সময় টহল দলটি আকস্মিকভাবে হামলার শিকার হয়।

 

এই তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের দক্ষিণ সুদান মিশন (ইউএনএমআইএসএস)।

হামলায় আরো সাতজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে তিনজন জাতিসংঘের শান্তিরক্ষী, দুইজন দক্ষিণ সুদানের পুলিশ সদস্য এবং দুইজন বেসামরিক কর্মী রয়েছেন। জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক জানিয়েছেন, নিহত দুই শান্তিরক্ষী এবং আহত তিন শান্তিরক্ষী সকলেই ইথিওপিয়ার নাগরিক।

 

এখন পর্যন্ত হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জরুরি সহায়তার জন্য ইউএনএমআইএসএস ঘটনাস্থলে একটি বিশেষ দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন করেছে। ইউএনএমআইএসএসের প্রধান অনিতা কিকি গেবো মন্তব্য করেছেন, দক্ষিণ সুদানে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা জাতিসংঘের কর্মীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দুজারিক জানিয়েছেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মিলিশিয়াদের হামলায় নিহত জাতিসংঘের শান্তিরক্ষীর সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।

 

তিনি উল্লেখ করেছেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হামলার জন্য দায়ীদের দ্রুত তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নিহত ও আহতদের পরিবার এবং স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

দক্ষিণ সুদানে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনী ও বিরোধী যোদ্ধাদের মধ্যে সংঘাত চলছে।

 

সরকারি বাহিনী বিরোধী নেতা রিক মাচারের অনুগত যোদ্ধা এবং বিভিন্ন মিলিশিয়ার বিরুদ্ধে লড়াই করছে। গত বছর রাষ্ট্রদ্রোহিতাসহ বিভিন্ন অভিযোগে মাচারকে উপরাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে মাচার এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

২০১৮ সালে প্রেসিডেন্ট সালভা কির এবং রিক মাচারের মধ্যে একটি শান্তিচুক্তি হয়েছিল। কিন্তু সেই চুক্তি কার্যকরভাবে ভেঙে পড়ায় দেশটিতে আবারও বড় ধরনের গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দক্ষিণ সুদানে মানবিক সহায়তা কর্মী ও তাদের সম্পদের ওপর ৪৫০টির বেশি সহিংস হামলার ঘটনা ঘটেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা দ্বিগুণেরও বেশি।

গত ডিসেম্বর থেকে জংলেই রাজ্যে সংঘাত তীব্র হয়েছে। সেই সময় বিরোধী যোদ্ধারা সরকারি বাহিনীর কয়েকটি অবস্থান দখল করে নেয়। এরপর শান্তিচুক্তি বজায় রাখার প্রতিশ্রুতি থাকলেও সরকার জানুয়ারি থেকে বিমান ও স্থল হামলার মাধ্যমে পাল্টা অভিযান চালিয়ে আসছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট সালভা কির এবং রিক মাচারের মধ্যে আবারও আলোচনার আহ্বান জানিয়েছে। দেশটি শান্তিচুক্তির পক্ষগুলোর মধ্যে দ্রুত সংলাপ শুরু করে শান্তি বজায় রাখা এবং নতুন করে গৃহযুদ্ধের ঝুঁকি কমানোর আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%