০৮:১৯ পি.এম
চেলসির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার নাম ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ২১১টি গোল করা এই মিডফিল্ডার ২০১৩ সালে রেকর্ডটি ববি ট্যাম্বলিংয়ের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন। ট্যাম্বলিং ২০২ গোল নিয়ে তালিকায় দুইয়ে নাম রয়েছে এবং তিনি সাড়ে চার দশক ধরে রেকর্ডটির মালিক ছিলেন। তিনি বৃহস্পতিবার, ৪ জুন, মৃত্যুবরণ করেছেন।
চেলসি ট্যাম্বলিংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ বা আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মৃত্যুর সময় ট্যাম্বলিংয়ের বয়স ছিল ৮৪ বছর। চেলসি তাকে ‘আমাদের অন্যতম কিংবদন্তি খেলোয়াড়’ হিসেবে উল্লেখ করে বলেছে, ‘আমাদের ইতিহাসে তার নাম অত্যন্ত গৌরবের সঙ্গে লেখা রয়েছে।’
১৯৫৯ সালে মাত্র ১৭ বছর বয়সে চেলসির হয়ে ট্যাম্বলিংয়ের অভিষেক ঘটে। তিনি ১৯৬৫ সালে দলের লিগ কাপের ফাইনাল জয়ের অন্যতম সদস্য ছিলেন এবং লেস্টার সিটির বিপক্ষে ওই ফাইনালে তিনি গোলও করেছিলেন। ১৯৬৬ সালে অ্যাস্টন ভিলার বিপক্ষে করা তার পাঁচ গোল এখনও চেলসির একটি ক্লাব রেকর্ড হিসেবে রয়েছে। এছাড়াও, তিনি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৩টি ম্যাচ খেলেছেন।
আরও পড়ুন: প্রকাশ্যে জাতীয় সংগীত অবমাননা করলেন পরীমণি, শাস্তি কী হবে?
ট্যাম্বলিং পরবর্তীতে আয়ারল্যান্ডের কর্ক অঞ্চলে বসবাস শুরু করেন এবং সেখানে কর্ক সেল্টিক, কর্ক সিটি এফসি ও ক্রসহ্যাভেন এএফসির ম্যানেজার হিসেবে কাজ করেন। ক্রসহ্যাভেন এক বার্তায় বলেছে, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের প্রিয় বন্ধু ও সাবেক ম্যানেজার ববি ট্যাম্বলিংয়ের মৃত্যু সংবাদ জানাচ্ছি। তিনি ছিলেন চেলসির একজন প্রকৃত কিংবদন্তি এবং তার চেয়েও বড় কথা, একজন অসাধারণ মানুষ।’
ক্রসহ্যাভেন আরও লেখে, ‘ফুটবলের প্রতি তার ভালোবাসা ছিল সংক্রামক। ববির মৃত্যু আমাদের সবার জীবনে এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে। তাকে জানার সৌভাগ্যে আমরা সবাই আরও ভালো, আরও মানবিক এবং আরও সমৃদ্ধ হয়েছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন