ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

এবার সমুদ্রে নামছে তুরস্কের প্রথম বিমানবাহী রণতরি


এবার সমুদ্রে নামছে তুরস্কের প্রথম বিমানবাহী রণতরি

তুরস্ক নতুন একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বিশ্ব রাজনীতি ও বৈশ্বিক প্রতিরক্ষার সমীকরণে। দেশের প্রযুক্তিতে তৈরি প্রথম পূর্ণাঙ্গ ড্রোনবাহী রণতরি ‘মুগেম’ আগামী বছর সমুদ্রে নামানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তুরস্কের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল এরজুমেন্ট তাতলিওগ্লু নিশ্চিত করেছেন যে, এই বিশাল ক্ষমতার রণতরি আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের ২৭ সেপ্টেম্বর সাগরে ভাসবে।

রোববার (২৩ আগস্ট) তুরস্কের কোকায়েলি প্রদেশের গলচুক নৌঘাঁটিতে অনুষ্ঠিত এক প্রদর্শনীতে তিনি জানান, এই রণতরি শুধুমাত্র প্রথাগত যুদ্ধবিমান উড্ডয়নের জন্যই নয়, বরং এটি মানববিহীন আকাশযান, আত্মঘাতী ও স্বয়ংক্রিয় নৌযান এবং ড্রোন সাবমেরিন পরিচালনার জন্য একটি অনন্য সমন্বিত সক্ষমতা ধারণ করবে।

নৌ প্রধানের দাবি অনুযায়ী, তুরস্ক সমুদ্রে মানববাহী ও ড্রোনভিত্তিক আকাশ-নৌযানের সর্বাধুনিক মেলবন্ধন নিয়ে পৃথিবীর প্রথম দেশ হতে যাচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, মুগেম রণতরিটিতে ৫২টি ‘কিজিলেলমা’ ড্রোন বা মানববিহীন যুদ্ধবিমান রাখা সম্ভব হবে। এছাড়া, এই রণতরি থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে ‘হুরজেট’-এর নৌ সংস্করণ, ‘আনকা-৩’ এবং বহুল আলোচিত ‘টিবি-৩’ ড্রোন। রণতরিটিতে বিমান উড্ডয়নের সুবিধার্থে সামনের দিকে ১২ ডিগ্রি কোণে বিশেষ ধরনের ‘স্কি-জাম্প’ প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: বেরোবিতে ৩য় বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৬ শুরু

তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাচিরের মতে, মুগেমের আগমনের মাধ্যমে দেশের নৌসীমা পাহারার পর্যায় অতিক্রম করে তুরস্কের নৌবাহিনী এখন আন্তমহাদেশীয় শক্তি হিসেবে বৈশ্বিক পরিমণ্ডলে নিজেদের প্রতিষ্ঠিত করতে যাচ্ছে।

প্রায় ৬০ হাজার টন ওজনের এবং ২৮৫ মিটার দীর্ঘ এই দানবীয় যুদ্ধজাহাজে একসঙ্গে আড়াই হাজার সেনার অবস্থান ও চলাচলের বন্দোবস্ত থাকবে। জাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ ২৬ নট গতিতে চলতে সক্ষম এবং বিরতি ছাড়া এক টানা প্রায় ১০ হাজার নটিক্যাল মাইল সমুদ্রপথ অতিক্রম করতে পারবে।

যুক্তরাষ্ট্রের ‘জেরাল্ড আর ফোর্ড’ বা যুক্তরাজ্যের ‘কুইন এলিজাবেথ’ শ্রেণির বিশাল রণতরিগুলোকে বৈশ্বিক শক্তিমত্তার প্রতীক হিসেবে ধরা হলেও, ড্রোনপ্রযুক্তিকে কেন্দ্র করে নিজস্ব মডেলে তৈরি এই ‘মুগেম’ সমুদ্রযুদ্ধের গতিপথ এক নতুন যুগে মোড় ঘুরিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালু হবে: আরিফুল হক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

বগুড়ার শাজাহানপুরে ঘটে যাওয়া একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায়।

নিহতদের মধ্যে একজন হলেন আশিকুর রহমান (২২) এবং অপরজন মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)। নিহত আশিকুর রহমান সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। অন্যদিকে, নিহত সামিউল গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের সন্তান।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম এ বিষয়ে জানান, বগুড়া মহানগরীর ২য় বাইপাসের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় মহাসড়কের মাঝখানে দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে।

তিনি আরও জানান, দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে এবং কোনো যানবাহনের ধাক্কায় তারা নিহত হয়েছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী আজ

আজ ২০তম শাহাদাত বার্ষিকী, যখন ছয়জন বীর বাংলাদেশি শান্তিরক্ষী আত্মোৎসর্গ করেছিলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালনের সময়।

২০০৬ সালের ২৫ আগস্ট, আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য বিমানবন্দর থেকে আবিদজানে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সদস্য শাহাদাত বরণ করেন।

শাহাদাত বরণকারী সেনাসদস্যদের মধ্যে রয়েছেন—ল্যান্স কর্পোরাল এস এম মিরাজ আহমদ, ল্যান্স কর্পোরাল মোঃ আব্দুস সাত্তার, সৈনিক মোঃ মিজানুর রহমান, সৈনিক আব্দুল হালিম, সৈনিক মোহাম্মদ শহিদ মিয়া এবং সৈনিক মোহাম্মদ কামরুজ্জামান খান।

বাংলাদেশ সেনাবাহিনী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে উল্লেখ করেছে যে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই মহান আত্মত্যাগকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাদশে ভর্তির নতুন ফি নির্ধারণ, কোন কলেজে কত?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


একাদশে ভর্তির নতুন ফি নির্ধারণ, কোন কলেজে কত?

২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত নতুন ফি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের ভর্তি ও সেশন ফি কলেজের অবস্থান, এমপিওভুক্তির ধরন এবং বাংলা বা ইংরেজি ভার্সনের ভিত্তিতে প্রদান করতে হবে। নতুন নীতিমালার অধীনে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ফি নেওয়ার অনুমতি রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সোমবার (২৪ আগস্ট) একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। এই নীতিমালায় ভর্তি, সেশনসহ বিভিন্ন খাতের ফি নির্ধারণ করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে ভর্তি ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকার বাইরে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় এই ফি ৩ হাজার টাকা। জেলা পর্যায়ের কলেজে বাংলা ও ইংরেজি ভার্সনে ২ হাজার টাকা নেওয়া যাবে। উপজেলা ও মফস্‌সল এলাকার এমপিওভুক্ত কলেজে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা ফি নেওয়ার অনুমতি রয়েছে।

নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত কলেজের ভর্তি ফি তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।

ঢাকার বাইরের অন্যান্য মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা পর্যায়ে বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা ফি নেওয়া যাবে। উপজেলা ও মফস্‌সল এলাকায় বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

একাদশ শ্রেণিতে ভর্তি হতে অনলাইনে আবেদন করতে শিক্ষার্থীদের ২২০ টাকা দিতে হবে। এছাড়া প্রাথমিক ভর্তি নিশ্চয়নের সময় মোট ৩৪০ টাকা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং বিএনসিসি ফি ১০ টাকা।

শিক্ষককল্যাণ ও অবসর সুবিধা ভাতা হিসেবে আরও ১০০ টাকা নেওয়া হবে। গত বছর বিএনসিসি খাতে ৫ টাকা নেওয়া হলেও এবার তা বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে রেড ক্রিসেন্ট ফি হিসেবে ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি বাবদ ৪০০ টাকা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

গত বছরের তুলনায় বিভিন্ন খাতের ফিতেও কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে শিক্ষা বোর্ডের আবেদনসংক্রান্ত ফি ৫ টাকা বেড়েছে। গত বছর এ খাতে মোট ৩৩৫ টাকা নেওয়া হলেও এবার তা ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন নীতিমালায় নির্ধারিত হারের বাইরে কোনো অতিরিক্ত ফি নেওয়া যাবে না বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। কলেজের ধরন ও অবস্থান অনুযায়ী নির্ধারিত সীমার মধ্যেই শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ও সেশন চার্জ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন ৩৯ বছরের ক্রিমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন ৩৯ বছরের ক্রিমার

অভিজ্ঞ লেগ স্পিনার গ্রায়েম ক্রিমার প্রায় ছয় মাস পর জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরেছেন। আগামী মাসে ৪০ বছরে পা দিতে যাওয়া এই ক্রিকেটারকে নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

সোমবার প্রকাশিত দলে অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা নেতৃত্বের দায়িত্বে থাকবেন। সিরিজে জিম্বাবুয়ের প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিক নামিবিয়া থাকবে।

গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলার পর ক্রিমারকে আর কোনো স্বীকৃত ক্রিকেটে দেখা যায়নি। বাঁ হাতের চোটের কারণে তিনি দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। গত জুনে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকলেও শেষ পর্যন্ত তিনি খেলতে পারেননি।

গত নভেম্বরে প্রায় আট বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে আসার পর এবার বিশ্বকাপের পর আবারও সংক্ষিপ্ত সংস্করণের দলে জায়গা পেলেন ক্রিমার।

এদিকে, চোটের কারণে জিম্বাবুয়ের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রিচার্ড এনগারাভা দলে নেই। কোমরের নিচের অংশের চোট থেকে তিনি এখনও পুরোপুরি সেরে ওঠেননি। অস্ত্রোপচারের কারণে আরেক পেসার টানাকা চিভাঙ্গাকেও দলে রাখা হয়নি।

বাংলাদেশ ও ভারতের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া ব্রেন্ডান টেইলরও বাদ পড়েছেন। বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচটিই ছিল তার সর্বশেষ টি-টোয়েন্টি। তবে টেস্ট ক্রিকেটে তিনি এখনও নিয়মিত খেলছেন এবং বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টেও মাঠে ছিলেন।

জিম্বাবুয়ে আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের অভিযান শুরু করবে। পরদিন তারা নামিবিয়ার মুখোমুখি হবে। লিগ পর্বে তিনটি দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে এবং পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে উঠবে।

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি স্কোয়াড:

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রিমার, বেন কারান, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, কুন্দাই মাতিগিমু, মুজারাবানি, ডিওন মেয়ার্স, নিউম্যান নিয়ামুরি ও তাফাদজাওয়া সিগা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%