০২:০৬ পি.এম
২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত নতুন ফি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের ভর্তি ও সেশন ফি কলেজের অবস্থান, এমপিওভুক্তির ধরন এবং বাংলা বা ইংরেজি ভার্সনের ভিত্তিতে প্রদান করতে হবে। নতুন নীতিমালার অধীনে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ফি নেওয়ার অনুমতি রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সোমবার (২৪ আগস্ট) একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। এই নীতিমালায় ভর্তি, সেশনসহ বিভিন্ন খাতের ফি নির্ধারণ করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে ভর্তি ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
ঢাকার বাইরে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় এই ফি ৩ হাজার টাকা। জেলা পর্যায়ের কলেজে বাংলা ও ইংরেজি ভার্সনে ২ হাজার টাকা নেওয়া যাবে। উপজেলা ও মফস্সল এলাকার এমপিওভুক্ত কলেজে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা ফি নেওয়ার অনুমতি রয়েছে।
নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত কলেজের ভর্তি ফি তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।
ঢাকার বাইরের অন্যান্য মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা পর্যায়ে বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা ফি নেওয়া যাবে। উপজেলা ও মফস্সল এলাকায় বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
একাদশ শ্রেণিতে ভর্তি হতে অনলাইনে আবেদন করতে শিক্ষার্থীদের ২২০ টাকা দিতে হবে। এছাড়া প্রাথমিক ভর্তি নিশ্চয়নের সময় মোট ৩৪০ টাকা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং বিএনসিসি ফি ১০ টাকা।
আরও পড়ুন: গণভোটের রায় কার্যকর না করাই দেশের সংকটের কারণ: মামুনুল হক
শিক্ষককল্যাণ ও অবসর সুবিধা ভাতা হিসেবে আরও ১০০ টাকা নেওয়া হবে। গত বছর বিএনসিসি খাতে ৫ টাকা নেওয়া হলেও এবার তা বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে রেড ক্রিসেন্ট ফি হিসেবে ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি বাবদ ৪০০ টাকা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
গত বছরের তুলনায় বিভিন্ন খাতের ফিতেও কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে শিক্ষা বোর্ডের আবেদনসংক্রান্ত ফি ৫ টাকা বেড়েছে। গত বছর এ খাতে মোট ৩৩৫ টাকা নেওয়া হলেও এবার তা ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন নীতিমালায় নির্ধারিত হারের বাইরে কোনো অতিরিক্ত ফি নেওয়া যাবে না বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। কলেজের ধরন ও অবস্থান অনুযায়ী নির্ধারিত সীমার মধ্যেই শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ও সেশন চার্জ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বিশ্বাসঘাতক বলবে মানুষ: মজিবুর রহমান মঞ্জু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন