০২:২০ পি.এম
‘অগ্রহায়ণের সাত সকালে ফসল কাটার ধুম-আহারে খুশি খুশি মন’-শিল্পীর গানের বাস্তব প্রতিফলন বর্তমানে বরিশালের ফসলের মাঠজুড়ে দৃশ্যমান। গত কয়েক মাসের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সোনালী-সবুজ ফসল কাটার কাজ সূর্যোদয়ের কুয়াশাঘেরা সকালে কৃষক ও কৃষি শ্রমিকদের মধ্যে শুরু হচ্ছে। সব প্রতিকূলতা অতিক্রম করে বরিশালের প্রধান দানাদার খাদ্য ফসল ‘আমন’ কৃষকের ঘরে উঠতে শুরু করেছে। বরিশাল অঞ্চলের কৃষি অর্থনীতি এখন জমজমাট হয়ে উঠতে শুরু করেছে।
তবে, গত কয়েক বছরের মতো এবারের উৎপাদন ব্যয়ের তুলনায় ধানের দাম কম থাকায় কৃষকরা লাভের মুখ দেখছেন না। বরিশাল অঞ্চলের বড় ধানের হাটে এবং মাঠে ঘুরে ধান কেনা ‘কুটিয়াল’দের কাছে কৃষকরা প্রতি মণ ধান সাড়ে ১১শ টাকা থেকে সাড়ে ১২শ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অথচ প্রতি মণ ধানের উৎপাদন ব্যয় প্রায় ১২শ টাকা।
সমাপ্তপ্রায় খরিপ-২ মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলের ৮,৮৫,১০০ হেক্টর জমিতে আবাদ লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন লক্ষ্য ছিল ২৩,৫৩,৪৫৭ টন। কিন্তু কৃষিযোদ্ধারা সে লক্ষ্য অতিক্রম করে প্রায় ৯ লাখ হেক্টরে আবাদ করেছেন। ফলে মাঠ পর্যায়ের কৃষিবিদেরা আশাবাদী যে উৎপাদন ২৪ লাখ টন অতিক্রম করবে।
আরও পড়ুন: বরগুনা বেতাগীতে সাবেক ছাত্রদল নেতার বাসায় পুলিশের অভিযান, ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪
এখন পর্যন্ত বৃহত্তর দক্ষিণাঞ্চলের ৫৮টি উপজেলায় আবাদকৃত আমনের প্রায় ৩৫ ভাগ কর্তন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ধান কৃষিবিদদের ভাষায় ‘সফট ডাব’ থেকে ‘হার্ড ডাব’ পর্যায়ে রয়েছে। ফলে সকাল-সন্ধ্যা মাঠে মাঠে ফসল কাটার ধুম চলছে এবং প্রতিদিনই ধান কর্তনের পরিমাণ বাড়ছে।
সদ্য সমাপ্ত খরিপ-২ মৌসুমে সারা দেশে প্রায় ৫৭.২০ লাখ হেক্টরে আমনের আবাদ করেছেন কৃষিযোদ্ধারা। ফলে দেশে ১,৭৫,৩৮,৭৫০ টন চাল উৎপাদন লক্ষ্য অর্জিত হয়েছে এবং বাড়তি ফসল ঘরে তোলার আশাবাদী কৃষিযোদ্ধারা।
এদিকে বরিশাল অঞ্চলের কৃষকরা স্থানীয় সনাতন জাতের পাশাপাশি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ‘বিআর-২৩’ ও ‘ব্রি ধান-৫২’ জাতের ধান আবাদে অভ্যস্ত হলেও এবারের মৌসুমে ‘ব্রি ধান-১০৯’ আবাদে কৃষকদের আগ্রহ লক্ষ্য করা গেছে। প্লাবনসহনশীল এ জাতের ধান ইতোমধ্যে পুরো দক্ষিণাঞ্চলজুড়ে পরিবেশসহনশীল হিসেবে প্রমাণিত হয়েছে।
কিন্তু কৃষিপ্রধান বরিশাল অঞ্চলে আবহাওয়া এখনো কৃষি ব্যবস্থার প্রধান নিয়ামক হিসেবে কাজ করছে। টানা ১২৭ দিন পর গত ৯ মার্চ বরিশালে সামান্য বৃষ্টিপাতের পর মাসজুড়েই ব্যাপক ঘাটতিতে বিভিন্ন রবি ফসলের আবাদ বিঘ্নিত হয়, যা উৎপাদনেও বিরূপ প্রভাব ফেলে। তবে এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পর মে ও জুন মাসজুড়ে বৃষ্টিপাতের ঘাটতি জনস্বাস্থ্যের পাশাপাশি কৃষি খাতেও মারাত্মক ঝুঁকি তৈরি করে। আবার জুলাই মাসজুড়ে বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিকের প্রায় ১৫ ভাগ বেশি। কিন্তু সেপ্টেম্বরের মতো অক্টোবরেও বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের ব্যাপক ঘাটতি কৃষি খাতে বিরূপ প্রভাব ফেলে।
আরও পড়ুন: কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভবনের পাশে পানির অপচয় ও মশার প্রজননের ঝুঁকি
তবে অক্টোবরের শুরু থেকে চলতি মাসের প্রথমভাগেও বৃষ্টিপাতের ঘাটতির পর ঘূর্ণিঝড় ‘আভকান’-এ ভর করে অসময়ের অতি বর্ষণে আক্রান্ত হয়েছে দক্ষিণাঞ্চলের প্রায় ৩১ হাজার হেক্টরের আমন ধানের জমি। ঘূর্ণিঝড়টি প্রায় সাড়ে ১২শ কিলোমিটার দূরে ‘কোমল আঘাত’ হানায় সাগর কিছুটা উত্তাল হলেও ফুঁসে ওঠেনি। ফলে তিন দিনের মাঝারি বর্ষণে ফসলি জমিতে সাময়িক পানি জমলেও বড় কোনো প্লাবনের শিকার হয়নি। ‘আকভান’-এর প্রভাবে বরিশালে ৩ দিনে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হলেও খুব দ্রুতই পানি সরে যাওয়ায় বড় ধরনের বিপর্যয় ঘটেনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) বরিশাল অঞ্চলের প্রধান নির্বাহী ও অতিরিক্ত পরিচালক জানান, নভেম্বর এলেই তাঁরা কিছুটা সতর্ক ও শঙ্কিত থাকেন; কৃষকদেরও সেভাবে মনসংযোগসহ মানসিকভাবে প্রস্তুত রাখা হয়। ফলে বড় ধরনের কোনো সংকট হয়নি।
এদিকে বীজের অভাবসহ আবাদ প্রযুক্তি মাঠ পর্যায়ে কৃষকের কাছে না পৌঁছায় দক্ষিণাঞ্চলের কৃষিযোদ্ধারা এখনো হাইব্রিড জাতের আমন ধান আবাদে এগোতে পারেননি। ৮ লাখ ৭০ হাজার হেক্টরে আমন আবাদ লক্ষ্যমাত্রার বিপরীতে হাইব্রিড জাতের আবাদ লক্ষ্য ছিল মাত্র সাড়ে ১৬ হাজার হেক্টরের মতো। উচ্চফলনশীল (উফশী) জাতের ধান আবাদও ৬০ ভাগের বেশি নয়। বরিশাল কৃষি অঞ্চলে স্থানীয় সনাতন জাতের আমন ধানের আবাদ প্রায় ৪০ ভাগ। কম উৎপাদনশীল স্থানীয় জাতের এসব আমনের আবাদ হচ্ছে প্রায় আড়াই লাখ হেক্টরে। সারা দেশে কম উৎপাদনশীল সনাতন স্থানীয় জাতের যে আমন ধানের আবাদ হচ্ছে, তার প্রায় ৬৫ ভাগই বরিশাল কৃষি অঞ্চলে। ফলে এ অঞ্চলের বিশাল কৃষি জমিতে আমন আবাদ হলেও উৎপাদন এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি।
এমনকি প্রায় ১৪ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশাল অঞ্চলের কৃষিযোদ্ধারা এখনো বিরূপ প্রকৃতির বিরুদ্ধে লড়াই করেই আউশ, আমন ও বোরো ধানসহ গম ও রবি ফসলের আবাদ ও উৎপাদন করছেন। এ অঞ্চলের কৃষকেরা অনাদিকাল থেকে ঘূর্ণিঝড় ‘হেরিকেন’, ‘সিডর’, ‘মহাসেন’, ‘আইলা’, ‘ইয়াশ’, ‘অশনি’, ‘সিত্রাং’, ‘রিমাল’, ‘হামুন’, ‘মিধিলি’ ও ‘মিগজাউম’-এর মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করেই ফসল আবাদ ও উৎপাদনসহ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন।
কৃষিবিদদের মতে, ক্রমাগত জলবায়ু পরিবর্তন এ অঞ্চলের ফসলের জন্য নানামুখী হুমকি সৃষ্টি করছে। তবুও এ অঞ্চলের কৃষিযোদ্ধারা আজীবন লড়াই করেই ফসল ঘরে তুলছেন। তবে এবারের ভরা মৌসুমে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ আঘাত না হানায় বরিশাল অঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসল আমন তুলনামূলকভাবে কিছুটা সহনীয় পর্যায়ে ঘরে তুলতে সক্ষম হচ্ছেন কৃষকেরা।
আরও পড়ুন: রমজানকাঠি কৃষি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেলেন রিয়াজুল ইসলাম বাচ্চু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন