০২:২৮ পি.এম
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর সঙ্গে যুক্ত ছিল আড্ডা, হাসি এবং কাবিলার মুখে মায়ের গল্প। কাবিলা মাঝে মাঝে ফোনের স্পিকার অন করে, আবার কখনো বন্ধুদের মাঝে গর্বের সঙ্গে মা পলি চেয়ারম্যানের কথা বলতেন। কিন্তু এবার কেবল কণ্ঠ নয়—পর্দায় দেখা গেল সেই পরিচিত চরিত্রের মৃত্যুর খবর।
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর শেষ ছয়টি পর্ব প্রকাশিত হওয়ার পর গল্পের এই মোড় এবং প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদের প্রতি নির্মাতার শ্রদ্ধা দর্শকদের হৃদয় স্পর্শ করেছে।
গত ২৭ নভেম্বর মুক্তি পাওয়া ধারাবাহিকটির শেষ ছয় পর্বে পলি চেয়ারম্যানের মৃত্যুর সংবাদ প্রকাশিত হলে কাবিলা মায়ের টানে গ্রামে ফিরে যায়। তার সঙ্গে বন্ধুদেরও দেখা যায়। সাধারণত হাস্যরস ও চটপটে ভঙ্গিতে দর্শকদের মাতানো কাবিলার শোকাহত রূপ এবং বিপদে বন্ধুদের পাশে দাঁড়ানোর দৃশ্যগুলো পর্দায় ভিন্ন মাত্রা যোগ করেছে।
আরও পড়ুন: কাবিলার মায়ের মৃত্যুর দৃশ্য দেখে দর্শক কাঁদলেন
গল্পের প্রয়োজনে পলি চেয়ারম্যানের বিদায় দেখানো হলেও পর্দার আড়ালে প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে স্মরণ করেছে পুরো টিম। গত বছরের ১৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে চলে যান।
দীর্ঘ সময় অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পলি চেয়ারম্যান চরিত্রটি তাকে নতুনভাবে দর্শকের কাছে পরিচিত করে তোলে।
শুরুতে মূলত ফোনালাপের মাধ্যমে উপস্থিত থাকলেও পরে কাবিলা ও তার বন্ধুদের গ্রামের বাড়িতে ভ্রমণের কয়েকটি পর্বে সরাসরি দেখা গিয়েছিল তাকে। স্বল্প উপস্থিতিতেও দর্শকের মনে স্থায়ী ছাপ রাখার ক্ষমতা আবারও প্রমাণিত হয়েছে চরিত্রটির মাধ্যমে। পর্বের শেষে তার ছবির সঙ্গে বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা যুক্ত করে কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা ও কলাকুশলীরা।
প্রসঙ্গত, ধারাবাহিকটির বিভিন্ন পর্বে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু, মনিরা আক্তার মিঠু এবং অর্চিতা স্পর্শিয়া সহ আরো অনেকে।
আরও পড়ুন: পাকিস্তানি নাটকের প্রতি কেন বাড়ছে দর্শকের আগ্রহ?
নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, পঞ্চম সিজনের মাধ্যমেই আপাতত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পথচলা শেষ হচ্ছে। তবে শেষ পর্বে গল্পের কিছু সূত্র এমনভাবে রাখা হয়েছে, যা ভবিষ্যতে ধারাবাহিকটি আবার ফিরে আসার সম্ভাবনা নিয়ে দর্শকদের কৌতূহল জাগিয়ে রেখেছে। সামাজিক মাধ্যমেও এই আবেগঘন সমাপ্তি নিয়ে অনুরাগীরা নিজেদের অনুভূতি ভাগ করে নিচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন