ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

নবীন গ্র্যাজুয়েটদের প্রতি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে ইউজিসি চেয়ারম্যানের আহ্বান


নবীন গ্র্যাজুয়েটদের প্রতি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে ইউজিসি চেয়ারম্যানের আহ্বান

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ নবীন গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কর্মজীবনে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে। তিনি শিক্ষাজীবনের সাফল্যের পেছনে অবদান রাখা প্রতিটি মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল কর্মসংস্থান বা অর্থনৈতিক সাফল্য অর্জন নয়; বরং নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠা। প্রকৃত সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ নয়, বরং সেই অর্জন দেশের, সমাজের ও মানুষের কল্যাণে কতটা কাজে লাগছে, তার মধ্যেই নিহিত।

আজ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বার

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউবি’র উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম এবং বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান দিদার এ হোসেইন। সমাবর্তন বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।

নবীন স্নাতকদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, আজকের অর্জন কেবল তাদের ব্যক্তিগত অধ্যবসায় ও নিষ্ঠার ফল নয়; এর পেছনে পরিবার, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষের অবদান রয়েছে। রিকশাচালক থেকে শুরু করে প্রবেশপথের নিরাপত্তাকর্মী পর্যন্ত যাদের সহযোগিতায় শিক্ষার পথচলা সহজ হয়েছে, তাদের অবদান স্মরণ করতে হবে।

তিনি আরও বলেন, নৈতিক মূল্যবোধহীন শিক্ষা দক্ষতা দিতে পারলেও মানবকল্যাণে তার সঠিক দিকনির্দেশনা দিতে পারে না। তাই বস্তুগত অর্জনের পাশাপাশি চরিত্র, প্রজ্ঞা ও মানবিক গুণাবলির বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি।

দেশের অর্থনৈতিক ও সামাজিক দূরদৃষ্টি তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের লক্ষ্য হচ্ছে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টি করা। এই অর্জনে তরুণদের মেধা, সততা ও পরিশ্রম মুখ্য ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: পানির স্বাভাবিক প্রবাহে বাধাদানে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে

উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে তিনি উচ্চশিক্ষায় ব্যবহারিক দক্ষতা, যোগাযোগ, নেতৃত্ব, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিক জোনাস: ‘কোথাও নিজেকে মানিয়ে নিতে পারতাম না’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


নিক জোনাস: ‘কোথাও নিজেকে মানিয়ে নিতে পারতাম না’

মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস জানিয়েছেন, শৈশব ও কৈশোরে কোথাও নিজেকে মানিয়ে নিতে পারতেন না। স্কুলসহ বিভিন্ন সামাজিক পরিবেশে তিনি নিজেকে বিচ্ছিন্ন মনে করতেন। তবে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর একই অভিজ্ঞতার মধ্যে থাকা মানুষের সঙ্গে পরিচয় তাকে নতুনভাবে নিজের জায়গা খুঁজে পেতে সহায়তা করেছে।

নিক ২১ বছর ধরে ডায়াবেটিসের সঙ্গে জীবন কাটাচ্ছেন। ১৩ বছর বয়সে তিনি এই রোগে আক্রান্ত হন। বর্তমানে ৩৪ বছর বয়সী এই শিল্পী জাতীয় ডায়াবেটিস সচেতনতা মাস উপলক্ষে প্রকাশিত এক খোলা চিঠিতে তার অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেছেন।

চিঠিতে নিক ডায়াবেটিসকে ‘পুরনো বন্ধু’ বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘হ্যালো, পুরনো বন্ধু। আমাদের পরিচয়ের কত বছর হলো? ২১ বছর। ২১ বছর পরও তোমার কোনো পরিবর্তন নেই।’

নিক তার দৈনন্দিন জীবনে রোগটির সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, রক্তে গ্লুকোজের মাত্রা দেখতে বারবার ফোনের দিকে তাকানো কিংবা খাবার খাওয়ার আগে ইনসুলিন নেওয়া তার জীবনের অংশ হয়ে উঠেছে। তার মতে, এসব ছোট ছোট সিদ্ধান্তের মধ্য দিয়ে ডায়াবেটিসের সঙ্গে প্রতিদিনের সম্পর্ক তৈরি হয়। শরীর, মন ও প্রযুক্তির মধ্যে একটি নিয়মিত যোগাযোগ চলতে থাকে।

নিক জানান, ডায়াবেটিসের অনিশ্চয়তা তার জীবনযাপনের ধরন পরিবর্তন করেছে। আগে তিনি নিজের জীবনকে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ন্ত্রণে রাখার ধারণা পোষণ করতেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা ভেঙে গেছে। তিনি বলেন, এই অভিজ্ঞতা থেকে কিছু শেখার জন্য তিনি কৃতজ্ঞ, তবে রোগটির প্রতি ক্ষোভও রয়েছে।

চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘আমার একাংশ এই শিক্ষা পাওয়ার জন্য কৃতজ্ঞ। অন্য অংশ তোমার ওপর ক্ষুব্ধ। এমন দিন আসে, যখন ভাবি, তোমাকে ছাড়া জীবনটা কেমন হতো।’

নিক জানিয়েছেন, শৈশব ও কৈশোরে নিজেকে অনেকটা বিচ্ছিন্ন মনে হতো। তার ভাষায়, ‘আমি সব সময়ই কোথাও নিজেকে মানিয়ে নিতে বা নিজের জায়গা খুঁজে পেতে সংগ্রাম করেছি। স্কুলে নিজেকে ভুল বোঝা একজন মানুষ মনে হতো। অন্য অনেক জায়গাতেও একই অনুভূতি ছিল। শৈশব ও কৈশোরজুড়েই বিষয়টি এমন ছিল।’

তবে টাইপ-১ ডায়াবেটিস নিয়ে প্রকাশ্যে কথা বলা এবং একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া মানুষের সঙ্গে পরিচয়ের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। তিনি প্রথমবারের মতো কোনো একটি সম্প্রদায়ের অংশ হওয়ার অনুভূতি পান।

নিক তার অভিজ্ঞতা শেয়ার করার উদ্দেশ্যও জানিয়েছেন। তিনি বলেন, ১৩ বছর বয়সে যেসব শিশু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ভয়ে থাকে, তাদের জন্যই তিনি নিজের গল্প তুলে ধরেন।

নিকের ভাষায়, ‘আমি আমার গল্প বলি সেই ১৩ বছর বয়সী শিশুটির জন্য, যে নতুন করে রোগ নির্ণয়ের পর হাসপাতালের বিছানায় শুয়ে ভয়ে কাঁপছে। আমি চাই, সে যেন এমন কাউকে দেখতে পায়, যে প্রতিদিন এই পরিস্থিতি সামলেও নিজের স্বপ্নের জীবন গড়ে তুলছে।’

জোনাস ব্রাদার্সের সদস্য হিসেবে পরিচিত নিক জোনাস সংগীতের পাশাপাশি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস নিয়ে সচেতনতা তৈরির কাজও করে আসছেন। তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে দিয়ে একই রোগে আক্রান্ত ব্যক্তিদের সাহস জোগাতে চান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রীড়া প্রতিমন্ত্রী: ৫১ জেলা স্টেডিয়ামের আধুনিকায়ন শুরু হবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


ক্রীড়া প্রতিমন্ত্রী: ৫১ জেলা স্টেডিয়ামের আধুনিকায়ন শুরু হবে

দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর লক্ষ্যে এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর গুণগত মান উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি উল্লেখ করেন, দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারসহ ক্রীড়া অবকাঠামো নির্মাণের কাজ খুব শিগগিরই শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে।

মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে, নওগাঁর ক্রীড়াঙ্গনের অতীতের গৌরবোজ্জ্বল অবদান এবং কৃতি ফুটবলারদের স্মৃতি স্মরণ করে তিনি এই অঞ্চলের হারানো ক্রীড়াচর্চাকে পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী ঘোষণা দেন, নওগাঁ জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ অবস্থা দূর করে সেখানে অতিদ্রুত পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন গ্যালারি ও ইনডোর ফ্যাসিলিটি সম্পন্ন আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

ক্রীড়াবিদদের সামাজিক ও পেশাগত নিরাপত্তার বিষয়ে কঠোর অঙ্গীকার ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধুলাকে একটি পূর্ণাঙ্গ ও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এত দিন ধরে সমাজ কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা প্রথাগত সরকারি চাকরির পেছনে ছোটার মানসিকতা লালন করলেও, এখন খেলাধুলাকেও একটি টেকসই ক্যারিয়ার হিসেবে গ্রহণ করার উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে।

ইতিমধ্যে পেশাদার খেলোয়াড়দের সরকারিভাবে ক্রীড়া ভাতা প্রদান শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এর আওতায় দেশের তিন শতাধিক জাতীয় পর্যায়ের কৃতি ক্রীড়াবিদকে আনা হয়েছে।

খেলোয়াড়রা যেন ক্রীড়াজীবন শেষে ভবিষ্যৎ অনিশ্চয়তায় না পড়েন, সেজন্য তাদের সরকারি চাকরি ও কর্মসংস্থানের সুযোগ রাখার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে উপজেলা ক্রীড়া অফিসার পদে অভিজ্ঞ ও প্রাক্তন প্রতিভাবান খেলোয়াড়দের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে।

তৃণমূলের মেধা ও প্রতিভাকে তুলে আনার প্রক্রিয়ার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেওয়া ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে বাছাই করা ৪০ জন উদীয়মান ক্রীড়াবিদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তির সুযোগ করে দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় ব্যয়ভার ও দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।

অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্র-জনতার আন্দোলনের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে চলা ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে বহু নেতাকর্মী গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং অনেকে পঙ্গুত্ববরণ করে অসহায় জীবনযাপন করছেন। এই দীর্ঘ লড়াইয়ের পর সাধারণ মানুষের ঐক্যবদ্ধ রায়ে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের সুযোগ পেয়েছে।

প্রধানমন্ত্রী দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। তবে রাজনৈতিক এই পরিবর্তনের পরও কিছু স্বৈরাচারের প্রেতাত্মা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। পুলিশ প্রশাসনসহ সকলের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কোনো ধরনের স্বৈরাচার বা বিশৃঙ্খলাকারীকে আর কোনো ছাড় দেওয়া হবে না। যারা পতিত স্বৈরাচারী নেত্রী ও তাদের দোসরদের নিয়ে এখনো স্বপ্ন দেখছেন, তারা বোকার রাজ্যে বাস করছেন এবং দেশের জনগণ তাদের আর কখনোই মেনে নেবে না।

সমাজকে সুশৃঙ্খল এবং মাদকমুক্ত রাখার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং পেশাদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে একে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিলে সমাজ থেকে সকল অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করে একটি সুন্দর সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামে সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য একরামুল বারি টিপু, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক। এসময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারন সম্পাদক মামুনুর রহমান রিপনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলা ২-১ গোলে হারিয়ে রানীনগর উপজেলা বিজয়ী হয়।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেজর আখতার ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ, আর্থিক সংকটের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


মেজর আখতার ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ, আর্থিক সংকটের আশঙ্কা

সাবেক সংসদ সদস্য, জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন অভিযোগ করেছেন যে, তার এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ব্যাংক হিসাব জব্দ হওয়ার কারণে কোম্পানির শ্রমিকদের বেতন পরিশোধ, নিজের পেনশনের টাকা উত্তোলন এবং দৈনন্দিন জীবনযাপন নিয়ে তিনি চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

মঙ্গলবার বিকেলে তিনি ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ তুলে ধরেন।

ভিডিও বক্তব্যে আখতারুজ্জামান রঞ্জন বলেন, "ঢাকা বিমানবন্দরে প্রতিবাদ করার কারণে গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার বাসা থেকে আমাকে গ্রেপ্তার করা হয়।" তিনি উল্লেখ করেন যে, এরপর থেকে ব্যাংকে যাওয়ার সুযোগ হয়নি। গত ৮ নভেম্বর ব্যাংকের চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে তিনি জানতে পারেন যে, হিসাব থেকে টাকা তোলা সম্ভব নয়। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ব্যাংকে গিয়ে জানতে চাইলে ব্যাংকের ব্যবস্থাপক তার হাতে একটি চিঠি ধরিয়ে দেন।

তিনি আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৬ অক্টোবর সোনালী ব্যাংকে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর তার, পরিবারের সদস্যদের এবং কোম্পানির নামে থাকা ব্যাংক হিসাব জব্দ করা হয়।

ব্যাংক হিসাব জব্দ হওয়ার ফলে আর্থিক সংকটের আশঙ্কা প্রকাশ করে আখতারুজ্জামান রঞ্জন বলেন, "আমি এখন খাব কী? চলব কী করে? সরকার এত প্রতিহিংসাপরায়ণ হয়েছে যে, এখন আমাকে ভাতে মারবে, পানিতে মারবে।" তিনি আরও বলেন, "আমার কোম্পানিতে প্রতিদিন শ্রমিকদের বেতন দিতে হয়। এখন তাদের বেতন কীভাবে দেব? নিজের পেনশনের টাকাও তুলতে পারব না। তাহলে আমার চলবে কীভাবে? আমাকে কি এখন না খেয়ে থাকতে হবে?"

তিনি আরও জানান, তার হালনাগাদসহ ট্যাক্সের ফাইল জমা দেওয়া আছে। এরপরও তাদের ব্যাংক হিসাব কেন জব্দ করা হলো, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

ব্যাংক হিসাব জব্দের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাবেক এই সংসদ সদস্য নিজের এবং পরিবারের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর অধিকার ও ক্ষমতায়নে সহযোগিতা জোরদারে ফ্রান্সের সঙ্গে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


নারীর অধিকার ও ক্ষমতায়নে সহযোগিতা জোরদারে ফ্রান্সের সঙ্গে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন, নারী অধিকার সুরক্ষা, ফ্যামিলি কার্ড এবং নারী ও শিশুদের টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মন্ত্রী এ সময় বলেন, "ফ্রান্স বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী।" বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে ফ্রান্স সরকারের উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রী আরো জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর অধিকার ও ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যুর উদ্যোগ নিয়েছেন। "এটি বর্তমান সরকারের অন্তর্ভুক্তিমূলক নারী উন্নয়ন নীতির প্রতিফলন।"

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী জানান, তাদের জন্য বিভিন্ন ভাতার আওতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন ভবনে র‍্যাম্প স্থাপন এবং ব্যবহার উপযোগী ওয়াশরুম নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত সাক্ষাৎকালে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং দুস্থ শিশুদের সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে মন্ত্রী জানান, "এটি একটি সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি।" বর্তমানে এ কর্মসূচির আওতায় দেশজুড়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। প্রতি পাঁচ সদস্যের পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর নামে এ কার্ড ইস্যু করা হবে।

তিনি বলেন, "ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রাপ্ত অর্থ নারীরা পারিবারিক ব্যয় নির্বাহ ও সন্তানদের লেখাপড়ার পাশাপাশি বসতবাড়ির আঙিনায় কৃষিকাজ পরিচালনা এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%