মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৪০ পি.এম
চট্টগ্রাম, ১০ নভেম্বর, ২০২৬ : দেশের শিল্পখাতের চাহিদার ভিত্তিতে দক্ষ জনবল তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষাব্যবস্থাকে শিল্পের প্রয়োজন অনুযায়ী সময়োপযোগী করার উদ্দেশ্যে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আইএলওর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন স্থানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালুর উদ্যোগ গ্রহণ করেছে এবং এই কাজে কারিগরি সহযোগী হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কাজ করছে। এই উদ্যোগের অংশ হিসেবে শিল্পপ্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন, কর্মভিত্তিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সহায়তা সেবা চালুর বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আইএলও’র প্রতিনিধিদলের সাথে চট্টগ্রাম চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় সভায় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।
চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক মন্তব্য করেন, দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় মৌলিক পরিবর্তন এনে ইন্ডাস্ট্রির বাস্তব চাহিদা ভিত্তিক কারিগরি ও ব্যবহারিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী সাধারণ ডিগ্রি অর্জন করলেও শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মী পাচ্ছে না।
অন্যদিকে শিক্ষিত তরুণ-তরুণীরা উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যবধান দূর করতে কানাডাসহ উন্নত দেশগুলোর আদলে স্বল্পমেয়াদি পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্লাম্বিং, পেইন্টিং, কাটিং, সেলাই, গ্যাস সংযোগসহ বিভিন্ন কারিগরি বিষয়ে দক্ষ জনবল তৈরি করতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তির প্রভাব বিবেচনায় নিয়ে শিক্ষাক্রম ও প্রশিক্ষণ পদ্ধতি যুগোপযোগী করা জরুরি।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আইএলওর বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, আইএলও বাংলাদেশ সরকার, শ্রমিক ও মালিকদের স্বার্থ এবং প্রয়োজন নিয়ে কাজ করছে। আইএলওর মূল লক্ষ্য হলো অধিক ও মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মক্ষেত্রে কাজের পরিবেশ উন্নত করা। এ লক্ষ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপন, কর্মভিত্তিক শিক্ষার মাধ্যমে তরুণদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, দক্ষতা উন্নয়ন ও শিল্পের চাহিদা অনুযায়ী জনবল তৈরি, উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে সংস্থাটি।
সভায় আইএলওর পক্ষ থেকে প্রেজেন্টেশনের মাধ্যমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের বিভিন্ন বিষয় তুলে ধরেন সংস্থাটির ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ওয়াসফি তামিম।
এ সময় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, পরিচালক শহীদুল আলম, বিজিএমইএ পরিচালক এনামুল আজিজ চৌধুরী ও মো. সাইফুল্লাহ, আইএলওর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার পিটার বেলেন, হেড অব প্রোগ্রাম গুঞ্জন দাল্লাকোটি, সিনিয়র প্রোগ্রাম অফিসার তানজেল আহসান, বিজিএমইএর চিফ কোর্ডিনেটর আইএলও অ্যান্ড লেবার অ্যাফেয়ার্স এএনএম সাইফুদ্দিন, রিটজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা মো. জামশেদ আলী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সম্প্রতি ভাণ্ডারিয়া উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় শিক্ষার মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে আলিম পরীক্ষায় পাসের হার ছিল হতাশাজনক। এরই পরিপ্রেক্ষিতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদানের মান, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক শিক্ষা কার্যক্রমের বাস্তব চিত্র জানতে মাঠপর্যায়ে পরিদর্শনে নেমেছে উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান ভাণ্ডারিয়ার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের হাজী সৈয়দ নুরুজ্জামান মাধ্যমিক বিদ্যালয় ও গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ৭১ নম্বর মধ্য ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৪ নম্বর গৌরীপুর গুডহোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভিটাবাড়িয়া ইউনিয়নের জামেআয়ে উম্মুল কুরআন ঈদগাহ দাখিল মাদ্রাসা ও দারুল মুহাম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম পাওয়া যায়। মাদ্রাসাগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকার পাশাপাশি পাঠদানের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ইউএনও। তবে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ছিল মোটামুটি সন্তোষজনক। এসব বিদ্যালয়ে লেখাপড়ার ক্ষেত্রেও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে বলে পরিদর্শনে দেখা যায়।
পরিদর্শন কালে যে সকল শিক্ষা পতিষ্ঠানে সরকারি নির্দেশনার ব্যত্যয় ঘটেছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শোকজ নোটিশ প্রেরণ করা হয়েছে।
উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের মেদিরাবাদ গ্রামে অবস্থিত জামেআয়ে উম্মুল কুরআন ঈদগাহ দাখিল মাদ্রাসা এবং এর মাত্র ২০০ গজ দূরে অবস্থিত দারুল মোহাম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন তিনি।
জামিয়া উম্মুল কুরআনিদ্দা দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা যায়, ১৩ জন শিক্ষকের মধ্যে সুপারসহ ছয়জন অনুপস্থিত। পাঁচজন কর্মচারীর মধ্যে উপস্থিত ছিলেন মাত্র দুজন। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল অত্যন্ত হতাশাজনক। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে দুই থেকে চারজন করে শিক্ষার্থী উপস্থিত থাকলেও নবম ও দশম শ্রেণিতে কোনো শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায়নি।
পরিদর্শনকালে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বিষয়ে আরও কিছু উদ্বেগজনক তথ্য উঠে আসে। মাদ্রাসা সূত্রে জানা যায়, মাদ্রাসার আরবি শিক্ষক রফিকুল ইসলাম নেসারী দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন। গত দুই মাস ধরে তাঁর অসুস্থতা বেশি। অন্যদিকে ইবতেদায়ি বিভাগের শিক্ষক কারী শামসুল হক বেপারীর বিরুদ্ধেও মাদ্রাসার নিয়মনীতি ও প্রশাসনিক নির্দেশনা না মানার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে মাদ্রাসাটিতে ইংরেজি বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। বর্তমানে বিপিএড শিক্ষক উত্তম কুমার ইংরেজি বিষয়ের ক্লাস নিচ্ছেন। উল্লেখ্য, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় এ মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি।
অন্যদিকে একই এলাকার দারুল মোহাম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসায় ১৩ জন শিক্ষকের মধ্যে পাঁচজন অনুপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উপস্থিতির হিসাবে ষষ্ঠ শ্রেণিতে ১০ জন, সপ্তম শ্রেণিতে ১৩ জন, অষ্টম শ্রেণিতে পাঁচজন, নবম শ্রেণিতে সাতজন এবং দশম শ্রেণির দাখিল পরীক্ষার্থী তিনজন উপস্থিত ছিল। এ মাদ্রাসা থেকেও ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।
দুটি মাদ্রাসার কাছাকাছি অবস্থান, শিক্ষক-শিক্ষার্থীদের অনুপস্থিতি এবং পরপর দাখিল পরীক্ষায় শূন্য পাসের চিত্র স্থানীয় শিক্ষা ব্যবস্থার মান ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে নিয়মিত পাঠদান, শিক্ষক উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান হতাশা প্রকাশ করে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের এমন অনুপস্থিতি কোনোভাবেই কাম্য নয়। শিক্ষকরা নিয়মিত উপস্থিত থেকে পাঠদান করবেন, আর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে থাকবে এটাই স্বাভাবিক প্রত্যাশা। বিশেষ করে দুটি মাদ্রাসার উপস্থিতি ও পরীক্ষার ফলাফল অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলা ও অনিয়মের সুযোগ নেই। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়গুলো খতিয়ে দেখা হবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রকৌশলীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এলজিইডিকে ক্যাডারভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুসারে ক্যাডারভুক্তির কার্যক্রম অনেক দূর এগিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এক অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, মুখ্য সচিবের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর আশ্বাস পাওয়া গেছে। ইতোমধ্যে প্রি-একনেক সভায় ক্যাডারভুক্তির প্রস্তাব প্রাথমিকভাবে অনুমোদনও পেয়েছে।
আজ আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এলজিইডি সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ১৭৬ জন নবনিযুক্ত সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী, বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ, পররাষ্ট্র, ভ্যাট বা অন্য ক্যাডারে চলে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রকৌশলীদের মেধা ও যোগ্যতা দিয়ে পড়াশোনা ও কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় অংশগ্রহণ অব্যাহত রাখতে হবে।
নবীন প্রকৌশলীদের মধ্যে নারীদের সংখ্যা দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রতিমন্ত্রী নবীন প্রকৌশলীদের দায়িত্বের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এলজিইডির মাধ্যমে সারা দেশে বর্তমানে ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। তিনি সতর্ক করেন, কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে তাদের স্বার্থ হাসিল না করতে পারে।
তিনি আরও বলেন, ৯০ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ পাইপলাইনে রয়েছে। আগামী তিন বা চার বছরব্যাপী মাঠ পর্যায়ে বাস্তবায়নে এই অর্থ ব্যয় হবে। প্রকৌশলীদের এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে আরো দায়িত্বশীল হতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের অর্থে নির্মিত অবকাঠামোগুলো যেন টেকসই হয় এবং মানুষের প্রকৃত উপকারে আসে। নির্মাণকাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। নবনিযুক্ত প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঠিকাদারদের সাথে পেশাদার সম্পর্ক বজায় রেখে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা না দেখিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
প্রতিমন্ত্রী নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, ‘কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে আপনারা যোগ্যতা প্রমাণ করে দেশের অন্যতম বৃহৎ এই সংস্থায় যোগ দিয়েছেন।
এলজিইডির মাধ্যমে সরাসরি মানুষের কল্যাণে কাজ করার এবং জনসেবা করার প্রচুর সুযোগ রয়েছে। বর্তমান সরকার তারুণ্যের শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সঙ্গতি রেখে মিতব্যয়ী মনোভাব নিয়ে মাঠপর্যায়ের উন্নয়ন কাজ পরিচালনা করতে হবে।’
এ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে এলজিইডি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ