ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু, গ্যাস পরিমাপের সময় নিখোঁজ হন


বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু, গ্যাস পরিমাপের সময় নিখোঁজ হন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় চীনা নাগরিক মি সিং সিয়াওজুন (৪৩) মারা গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ৭টার দিকে খনির ১৩০৫ নম্বর ফেইসের সিলওয়ালের পাশে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতের শিফটে গ্যাসের মাত্রা পরিমাপ করতে গিয়ে নিখোঁজ হন তিনি।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপ-পুলিশ পরিদর্শক মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সিং সিয়াওজুন খনির ভেন্টিলেশন বিভাগে কর্মরত ছিলেন। লাশের সুরতহাল একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে করা হয়েছে।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় ইউএনওর শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, দুই মাদ্রাসায় শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি হতাশাজনক

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত নির্ধারিত শিফটে দায়িত্ব পালনের জন্য তিনি দুই বাংলাদেশি সহকর্মীকে নিয়ে ভূগর্ভে নামেন। কাজের অংশ হিসেবে খনির মিডল স্টেশন-৩ এলাকায় ১৩০৫ নম্বর ফেইসের সিলওয়ালের পাশে কার্বন মনোক্সাইড (সিও) ও হায়ার হাইড্রোকার্বন গ্যাসের মাত্রা পরিমাপ করতে যান সিং সিয়াওজুন।

এ সময় দুই বাংলাদেশি শ্রমিককে মিডল স্টেশন-৫ এলাকায় গ্যাস পরিমাপের কাজে পাঠিয়ে নিজে ১৩০৫ নম্বর ফেইসে অবস্থান করেন। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর সহকর্মীরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিষয়টি সারফেস কন্ট্রোল রুমে জানানো হলে খনির উদ্ধারকারী দল অভিযান শুরু করে। মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে ১৩০৫ নম্বর ফেইসের সিলওয়াল থেকে প্রায় ৩০ মিটার দূরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, "শুনেছি তিনি হার্টের রোগী ছিলেন। কেন কিভাবে মারা গেলেন তা নিশ্চিত হওয়া যায়নি।" মরদেহের ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: ফেনী জেলা রোভারের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন অধ্যক্ষ ইব্রাহিম খলিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী জেলা রোভারের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন অধ্যক্ষ ইব্রাহিম খলিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


ফেনী জেলা রোভারের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, কমিশনার হিসেবে দায়িত্ব পেলেন অধ্যক্ষ ইব্রাহিম খলিল

ফেনী, ১০নভেম্বর,২০২৬ : ফেনী জেলা রোভার বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে। আজ মঙ্গলবার সকালে ফেনী সরকারি কলেজের অডিটোরিয়ামে এই কাউন্সিলের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম খলিল, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ প্রফেসর একেএম সেলিম চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কাউটস ফেনী জেলা রোভারের সম্পাদক রফিক আহমেদ। মৌলভী সামছুল করিম কলেজের গার্লস ইন রোভারের আরএসএল মোসাম্মৎ শিরিন আক্তারের সঞ্চালনায় কাউন্সিলে উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিরা, যার মধ্যে ছাগলনাইয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর টুটুল চন্দ্র সাহা, ফেনী আলীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আহমদ হোসেন, কলেজের অধ্যক্ষ আবুল বাশার, জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক, জেলা রোভারের এএলটি একেএম মজিবুর রহমান এবং জেলার বিভিন্ন কলেজ-মাদরাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কাউন্সিলের সমন্বয়ের দায়িত্ব পালন করেন জেলা রোভারের কোষাধ্যক্ষ ও ফেনী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান জয়নাল আবেদীন।

বার্ষিক কাউন্সিলে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমকে জেলা সভাপতি এবং ফেনী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম খলিলকে জেলা রোভারের কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানির স্বাভাবিক প্রবাহে বাধাদানে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


পানির স্বাভাবিক প্রবাহে বাধাদানে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে

অপরিকল্পিতভাবে নির্মিত ব্রিজ-বাঁধ এবং নদী-জলাভূমি ভরাটের কারণে পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি, মাটির নিচ থেকে পানি উত্তোলনের ফলে পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতার কারণে খরা, বন্যা, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

নভেম্বরের মাঝামাঝিতে এসেও তীব্র গরম অনুভূত হওয়া নিয়ে বক্তারা সতর্ক করেছেন যে, যদি অপরিকল্পিতভাবে ব্রিজ-বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, তবে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে।

অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব বিষয় তুলে ধরেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মশিয়ার রহমান, ইআরএফের সহসাধারণ সম্পাদক মানিক মুনতাসির, পিকেএসএফের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) দীপেন কুমার সাহা এবং সহকারী ব্যবস্থাপক (এজিএম) সুহাস শঙ্কর চৌধুরী আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়া, কর্মশালার বিভিন্ন অধিবেশনে ক্লাস নেন প্রতিষ্ঠানটির সিনিয়র মহাব্যবস্থাপক ড. এ কে এম নুরুজ্জামান, ব্যবস্থাপক মো. ফজলে হোসাইন এবং মো. মাহমুদুজ্জামান।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মশিয়ার রহমান বলেন, জলবায়ু এখন আর কেবল পরিবেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি বৈশ্বিক রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই পিকেএসএফ এখন কেবল গরিব মানুষ নিয়ে কাজ করে না; ২০০৯ সালের পর কার্যক্রমের পরিধি বৃদ্ধি করে সরকারি এই প্রতিষ্ঠানটি এখন দেশের সামগ্রিক উন্নয়নের অংশ হয়ে উঠেছে। ফলে, জনমত গঠন ও জনসচেতনতা সৃষ্টিতে সঠিক তথ্য-উপাত্ত দেশের জনগণের কাছে উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

‘বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন: বিজ্ঞান, প্রভাব ও করণীয়’ শীর্ষক সেশনে আলোচনায় অংশ নিয়ে ড. এ কে এম নুরুজ্জামান বলেন, বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত পানি ৯৩ শতাংশই আসে ভারত থেকে, এবং আমরা কেবল ৭ শতাংশ পানির উৎস। তাই, পানি গ্রহণকারী দেশ হিসেবে আমাদেরকে বন্যার সাথে বসবাসে অভ্যস্ত হতে হবে। পানির ধ্বংসাত্মক ক্ষমতার উদাহরণ হিসেবে তিনি নেপালের সাম্প্রতিক বন্যার কথা উল্লেখ করেন। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানে নির্মিত অপরিকল্পিত ব্রিজ ও বাঁধগুলোর স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, বাঁধ দিয়ে পানির চাপ দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা সম্ভব নয়, এবং ব্রিটিশরা অতীতে উত্তর-দক্ষিণে অনেকগুলো রেললাইন করলেও নদী পার হয়নি।

পদ্মা ব্যারেজ প্রসঙ্গে ড. নুরুজ্জামান বলেন, নদী কখনও শাসন করা যায় না। গঙ্গা চুক্তি এখন আর নেগোসিয়েশন পর্যায়ে নেই দাবি করে তিনি বলেন, এটি এখন বিচার পর্যায়ে চলে গেছে। গত ৩০টি কপ সম্মেলনে জলবায়ু উন্নয়নে দৃশ্যমান কোনো কাজ হয়নি উল্লেখ করে তিনি বলেন, আসন্ন ৩১তম সম্মেলন থেকেও কোনো ফল আসবে বলে মনে হয় না। তবে জনসচেতনতা বৃদ্ধির ফলে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগগুলোতে দেশে মানুষের মৃত্যুহার কমে এসেছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন, যদিও সে তুলনায় সম্পদের ক্ষয়ক্ষতি কমছে না বলে জানান। দেশের জনগণকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উন্নয়নের স্রোতধারায় যুক্ত করতে পিকেএসএফ নিত্যনতুন কর্মসূচি গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বার

চট্টগ্রাম, ১০ নভেম্বর, ২০২৬ : দেশের শিল্পখাতের চাহিদার ভিত্তিতে দক্ষ জনবল তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষাব্যবস্থাকে শিল্পের প্রয়োজন অনুযায়ী সময়োপযোগী করার উদ্দেশ্যে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আইএলওর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন স্থানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালুর উদ্যোগ গ্রহণ করেছে এবং এই কাজে কারিগরি সহযোগী হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কাজ করছে। এই উদ্যোগের অংশ হিসেবে শিল্পপ্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন, কর্মভিত্তিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সহায়তা সেবা চালুর বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আইএলও’র প্রতিনিধিদলের সাথে চট্টগ্রাম চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় সভায় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।

চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক মন্তব্য করেন, দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় মৌলিক পরিবর্তন এনে ইন্ডাস্ট্রির বাস্তব চাহিদা ভিত্তিক কারিগরি ও ব্যবহারিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী সাধারণ ডিগ্রি অর্জন করলেও শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মী পাচ্ছে না।

অন্যদিকে শিক্ষিত তরুণ-তরুণীরা উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যবধান দূর করতে কানাডাসহ উন্নত দেশগুলোর আদলে স্বল্পমেয়াদি পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্লাম্বিং, পেইন্টিং, কাটিং, সেলাই, গ্যাস সংযোগসহ বিভিন্ন কারিগরি বিষয়ে দক্ষ জনবল তৈরি করতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তির প্রভাব বিবেচনায় নিয়ে শিক্ষাক্রম ও প্রশিক্ষণ পদ্ধতি যুগোপযোগী করা জরুরি।

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আইএলওর বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, আইএলও বাংলাদেশ সরকার, শ্রমিক ও মালিকদের স্বার্থ এবং প্রয়োজন নিয়ে কাজ করছে। আইএলওর মূল লক্ষ্য হলো অধিক ও মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মক্ষেত্রে কাজের পরিবেশ উন্নত করা। এ লক্ষ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপন, কর্মভিত্তিক শিক্ষার মাধ্যমে তরুণদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, দক্ষতা উন্নয়ন ও শিল্পের চাহিদা অনুযায়ী জনবল তৈরি, উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে সংস্থাটি।

সভায় আইএলওর পক্ষ থেকে প্রেজেন্টেশনের মাধ্যমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের বিভিন্ন বিষয় তুলে ধরেন সংস্থাটির ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ওয়াসফি তামিম।

এ সময় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, পরিচালক শহীদুল আলম, বিজিএমইএ পরিচালক এনামুল আজিজ চৌধুরী ও মো. সাইফুল্লাহ, আইএলওর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার পিটার বেলেন, হেড অব প্রোগ্রাম গুঞ্জন দাল্লাকোটি, সিনিয়র প্রোগ্রাম অফিসার তানজেল আহসান, বিজিএমইএর চিফ কোর্ডিনেটর আইএলও অ্যান্ড লেবার অ্যাফেয়ার্স এএনএম সাইফুদ্দিন, রিটজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা মো. জামশেদ আলী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় ইউএনওর শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, দুই মাদ্রাসায় শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি হতাশাজনক

আন্তর্জাতিক ডেস্ক

তরিকুল ইসলাম, ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


ভাণ্ডারিয়ায় ইউএনওর শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, দুই মাদ্রাসায় শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি হতাশাজনক

সম্প্রতি ভাণ্ডারিয়া উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় শিক্ষার মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে আলিম পরীক্ষায় পাসের হার ছিল হতাশাজনক। এরই পরিপ্রেক্ষিতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদানের মান, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক শিক্ষা কার্যক্রমের বাস্তব চিত্র জানতে মাঠপর্যায়ে পরিদর্শনে নেমেছে উপজেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান ভাণ্ডারিয়ার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের হাজী সৈয়দ নুরুজ্জামান মাধ্যমিক বিদ্যালয় ও গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ৭১ নম্বর মধ্য ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৪ নম্বর গৌরীপুর গুডহোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভিটাবাড়িয়া ইউনিয়নের জামেআয়ে উম্মুল কুরআন ঈদগাহ দাখিল মাদ্রাসা ও দারুল মুহাম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম পাওয়া যায়। মাদ্রাসাগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকার পাশাপাশি পাঠদানের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ইউএনও। তবে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ছিল মোটামুটি সন্তোষজনক। এসব বিদ্যালয়ে লেখাপড়ার ক্ষেত্রেও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে বলে পরিদর্শনে দেখা যায়।

পরিদর্শন কালে যে সকল শিক্ষা পতিষ্ঠানে সরকারি নির্দেশনার ব্যত্যয় ঘটেছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শোকজ নোটিশ প্রেরণ করা হয়েছে।

উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের মেদিরাবাদ গ্রামে অবস্থিত জামেআয়ে উম্মুল কুরআন ঈদগাহ দাখিল মাদ্রাসা এবং এর মাত্র ২০০ গজ দূরে অবস্থিত দারুল মোহাম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন তিনি।

জামিয়া উম্মুল কুরআনিদ্দা দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা যায়, ১৩ জন শিক্ষকের মধ্যে সুপারসহ ছয়জন অনুপস্থিত। পাঁচজন কর্মচারীর মধ্যে উপস্থিত ছিলেন মাত্র দুজন। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল অত্যন্ত হতাশাজনক। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে দুই থেকে চারজন করে শিক্ষার্থী উপস্থিত থাকলেও নবম ও দশম শ্রেণিতে কোনো শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায়নি।

পরিদর্শনকালে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বিষয়ে আরও কিছু উদ্বেগজনক তথ্য উঠে আসে। মাদ্রাসা সূত্রে জানা যায়, মাদ্রাসার আরবি শিক্ষক রফিকুল ইসলাম নেসারী দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন। গত দুই মাস ধরে তাঁর অসুস্থতা বেশি। অন্যদিকে ইবতেদায়ি বিভাগের শিক্ষক কারী শামসুল হক বেপারীর বিরুদ্ধেও মাদ্রাসার নিয়মনীতি ও প্রশাসনিক নির্দেশনা না মানার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে মাদ্রাসাটিতে ইংরেজি বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। বর্তমানে বিপিএড শিক্ষক উত্তম কুমার ইংরেজি বিষয়ের ক্লাস নিচ্ছেন। উল্লেখ্য, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় এ মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি।

অন্যদিকে একই এলাকার দারুল মোহাম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসায় ১৩ জন শিক্ষকের মধ্যে পাঁচজন অনুপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উপস্থিতির হিসাবে ষষ্ঠ শ্রেণিতে ১০ জন, সপ্তম শ্রেণিতে ১৩ জন, অষ্টম শ্রেণিতে পাঁচজন, নবম শ্রেণিতে সাতজন এবং দশম শ্রেণির দাখিল পরীক্ষার্থী তিনজন উপস্থিত ছিল। এ মাদ্রাসা থেকেও ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।

দুটি মাদ্রাসার কাছাকাছি অবস্থান, শিক্ষক-শিক্ষার্থীদের অনুপস্থিতি এবং পরপর দাখিল পরীক্ষায় শূন্য পাসের চিত্র স্থানীয় শিক্ষা ব্যবস্থার মান ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে নিয়মিত পাঠদান, শিক্ষক উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান হতাশা প্রকাশ করে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের এমন অনুপস্থিতি কোনোভাবেই কাম্য নয়। শিক্ষকরা নিয়মিত উপস্থিত থেকে পাঠদান করবেন, আর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে থাকবে এটাই স্বাভাবিক প্রত্যাশা। বিশেষ করে দুটি মাদ্রাসার উপস্থিতি ও পরীক্ষার ফলাফল অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলা ও অনিয়মের সুযোগ নেই। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়গুলো খতিয়ে দেখা হবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%