প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস জানিয়েছেন, শৈশব ও কৈশোরে কোথাও নিজেকে মানিয়ে নিতে পারতেন না। স্কুলসহ বিভিন্ন সামাজিক পরিবেশে তিনি নিজেকে বিচ্ছিন্ন মনে করতেন। তবে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর একই অভিজ্ঞতার মধ্যে থাকা মানুষের সঙ্গে পরিচয় তাকে নতুনভাবে নিজের জায়গা খুঁজে পেতে সহায়তা করেছে।
নিক ২১ বছর ধরে ডায়াবেটিসের সঙ্গে জীবন কাটাচ্ছেন। ১৩ বছর বয়সে তিনি এই রোগে আক্রান্ত হন। বর্তমানে ৩৪ বছর বয়সী এই শিল্পী জাতীয় ডায়াবেটিস সচেতনতা মাস উপলক্ষে প্রকাশিত এক খোলা চিঠিতে তার অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেছেন।
চিঠিতে নিক ডায়াবেটিসকে ‘পুরনো বন্ধু’ বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘হ্যালো, পুরনো বন্ধু। আমাদের পরিচয়ের কত বছর হলো? ২১ বছর। ২১ বছর পরও তোমার কোনো পরিবর্তন নেই।’
নিক তার দৈনন্দিন জীবনে রোগটির সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, রক্তে গ্লুকোজের মাত্রা দেখতে বারবার ফোনের দিকে তাকানো কিংবা খাবার খাওয়ার আগে ইনসুলিন নেওয়া তার জীবনের অংশ হয়ে উঠেছে। তার মতে, এসব ছোট ছোট সিদ্ধান্তের মধ্য দিয়ে ডায়াবেটিসের সঙ্গে প্রতিদিনের সম্পর্ক তৈরি হয়। শরীর, মন ও প্রযুক্তির মধ্যে একটি নিয়মিত যোগাযোগ চলতে থাকে।
নিক জানান, ডায়াবেটিসের অনিশ্চয়তা তার জীবনযাপনের ধরন পরিবর্তন করেছে। আগে তিনি নিজের জীবনকে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ন্ত্রণে রাখার ধারণা পোষণ করতেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা ভেঙে গেছে। তিনি বলেন, এই অভিজ্ঞতা থেকে কিছু শেখার জন্য তিনি কৃতজ্ঞ, তবে রোগটির প্রতি ক্ষোভও রয়েছে।
চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘আমার একাংশ এই শিক্ষা পাওয়ার জন্য কৃতজ্ঞ। অন্য অংশ তোমার ওপর ক্ষুব্ধ। এমন দিন আসে, যখন ভাবি, তোমাকে ছাড়া জীবনটা কেমন হতো।’
নিক জানিয়েছেন, শৈশব ও কৈশোরে নিজেকে অনেকটা বিচ্ছিন্ন মনে হতো। তার ভাষায়, ‘আমি সব সময়ই কোথাও নিজেকে মানিয়ে নিতে বা নিজের জায়গা খুঁজে পেতে সংগ্রাম করেছি। স্কুলে নিজেকে ভুল বোঝা একজন মানুষ মনে হতো। অন্য অনেক জায়গাতেও একই অনুভূতি ছিল। শৈশব ও কৈশোরজুড়েই বিষয়টি এমন ছিল।’
তবে টাইপ-১ ডায়াবেটিস নিয়ে প্রকাশ্যে কথা বলা এবং একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া মানুষের সঙ্গে পরিচয়ের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। তিনি প্রথমবারের মতো কোনো একটি সম্প্রদায়ের অংশ হওয়ার অনুভূতি পান।
নিক তার অভিজ্ঞতা শেয়ার করার উদ্দেশ্যও জানিয়েছেন। তিনি বলেন, ১৩ বছর বয়সে যেসব শিশু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ভয়ে থাকে, তাদের জন্যই তিনি নিজের গল্প তুলে ধরেন।
নিকের ভাষায়, ‘আমি আমার গল্প বলি সেই ১৩ বছর বয়সী শিশুটির জন্য, যে নতুন করে রোগ নির্ণয়ের পর হাসপাতালের বিছানায় শুয়ে ভয়ে কাঁপছে। আমি চাই, সে যেন এমন কাউকে দেখতে পায়, যে প্রতিদিন এই পরিস্থিতি সামলেও নিজের স্বপ্নের জীবন গড়ে তুলছে।’
জোনাস ব্রাদার্সের সদস্য হিসেবে পরিচিত নিক জোনাস সংগীতের পাশাপাশি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস নিয়ে সচেতনতা তৈরির কাজও করে আসছেন। তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে দিয়ে একই রোগে আক্রান্ত ব্যক্তিদের সাহস জোগাতে চান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন