প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক সংসদ সদস্য, জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন অভিযোগ করেছেন যে, তার এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ব্যাংক হিসাব জব্দ হওয়ার কারণে কোম্পানির শ্রমিকদের বেতন পরিশোধ, নিজের পেনশনের টাকা উত্তোলন এবং দৈনন্দিন জীবনযাপন নিয়ে তিনি চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
মঙ্গলবার বিকেলে তিনি ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ তুলে ধরেন।
ভিডিও বক্তব্যে আখতারুজ্জামান রঞ্জন বলেন, "ঢাকা বিমানবন্দরে প্রতিবাদ করার কারণে গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার বাসা থেকে আমাকে গ্রেপ্তার করা হয়।" তিনি উল্লেখ করেন যে, এরপর থেকে ব্যাংকে যাওয়ার সুযোগ হয়নি। গত ৮ নভেম্বর ব্যাংকের চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে তিনি জানতে পারেন যে, হিসাব থেকে টাকা তোলা সম্ভব নয়। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ব্যাংকে গিয়ে জানতে চাইলে ব্যাংকের ব্যবস্থাপক তার হাতে একটি চিঠি ধরিয়ে দেন।
তিনি আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৬ অক্টোবর সোনালী ব্যাংকে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর তার, পরিবারের সদস্যদের এবং কোম্পানির নামে থাকা ব্যাংক হিসাব জব্দ করা হয়।
ব্যাংক হিসাব জব্দ হওয়ার ফলে আর্থিক সংকটের আশঙ্কা প্রকাশ করে আখতারুজ্জামান রঞ্জন বলেন, "আমি এখন খাব কী? চলব কী করে? সরকার এত প্রতিহিংসাপরায়ণ হয়েছে যে, এখন আমাকে ভাতে মারবে, পানিতে মারবে।" তিনি আরও বলেন, "আমার কোম্পানিতে প্রতিদিন শ্রমিকদের বেতন দিতে হয়। এখন তাদের বেতন কীভাবে দেব? নিজের পেনশনের টাকাও তুলতে পারব না। তাহলে আমার চলবে কীভাবে? আমাকে কি এখন না খেয়ে থাকতে হবে?"
তিনি আরও জানান, তার হালনাগাদসহ ট্যাক্সের ফাইল জমা দেওয়া আছে। এরপরও তাদের ব্যাংক হিসাব কেন জব্দ করা হলো, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
ব্যাংক হিসাব জব্দের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাবেক এই সংসদ সদস্য নিজের এবং পরিবারের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন