০৪:০৩ পি.এম
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার এবং গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক এস এম জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে।
সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর থানা রোডে শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিক। তারা সাংবাদিক হত্যার বিচার, জহিরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক আমাদের সময়ের শ্রীপুর প্রতিনিধি ও শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল লতিফ। সঞ্চালনা করেন দৈনিক আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল।
আরও পড়ুন: ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের আহ্বান
এ সময় বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের শ্রীপুর প্রতিনিধি অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মোহাম্মদ মোজাহিদ, আশরাফুল ইসলাম সরকার, মুনসুরুল ইসলাম এবং হাসান হাবিব প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিককে গুলি করে হত্যা এবং মামলা দিয়ে হয়রানি করা শুধুমাত্র ব্যক্তির জীবনের ওপর আঘাত নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের জন্যও বিপজ্জনক একটি বার্তা। সাংবাদিক হত্যা এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির ঘটনার বিচার না হলে গণমাধ্যমকর্মীদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি হবে।
তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে সক্ষম করার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। স্বাধীন সাংবাদিকতা রক্ষা কোনো বিশেষ পেশাজীবী গোষ্ঠীর স্বার্থের বিষয় নয়; বরং এটি গণতন্ত্র, মানবাধিকার এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।
মানববন্ধন শেষে সাংবাদিকরা একটি মিছিল বের করেন। মিছিলটি শ্রীপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা রোডে এসে শেষ হয়।
আরও পড়ুন: শিক্ষকদের সাংবাদিকতা করার অনুমতি নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। তার হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।
অন্যদিকে, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধে হস্তক্ষেপের জেরে সাংবাদিক এস এম জহিরুল ইসলামকে (৩২) প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে প্রতিপক্ষের দ্বারা। জহিরুল ইসলামের দাবি, মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আরফান আলী জানান, জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় আদালতে দায়ের করা মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা রয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাবে।
আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে তিন মাসে তিন সংঘর্ষ, আহত ৯ শিক্ষার্থী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন