ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এপিবিএনের অভিযানে ৮ কোটি টাকার সোনা, ৮৬২ মোবাইল ও ৬ শিশু উদ্ধার


এপিবিএনের অভিযানে ৮ কোটি টাকার সোনা, ৮৬২ মোবাইল ও ৬ শিশু উদ্ধার

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বিভিন্ন ইউনিটের অভিযানে গত সেপ্টেম্বর মাসে ৮ কোটি ৫৩ লাখ টাকার বেশি মূল্যের সোনা, ৮৬২টি হারানো মোবাইল ফোন এবং নিখোঁজ ছয় শিশুকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও, মাদক, অস্ত্র, চোরাই মালামাল ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এপিবিএন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) নুরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, সেপ্টেম্বরে এপিবিএনের বিভিন্ন ইউনিটের অভিযানে ৪ দশমিক ৩৪৪ কেজি সোনার বার ও অলংকার উদ্ধার হয়েছে। এসব সোনার আনুমানিক মূল্য ৮ কোটি ৫৩ লাখ ১৬ হাজার ১৭৫ টাকা। এ ঘটনায় ২২টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এপিবিএনের তথ্যপ্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে ৮৬২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি হ্যাক হওয়া তিনটি ফেসবুক আইডি, দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তিনটি ই-মেইল অ্যাকাউন্ট ও একটি টেলিগ্রাম অ্যাকাউন্টও উদ্ধার করা হয়েছে। বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২ লাখ ২২ হাজার ২৮০ টাকাও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গঠনের লক্ষ্যে বিএনপি: প্রতিমন্ত্রী টুকু

নিখোঁজ শিশু ও ভুক্তভোগী উদ্ধার

নুরুল ইসলাম আরও জানান, সেপ্টেম্বর মাসে এপিবিএনের অভিযানে নিখোঁজ ছয় শিশুসহ ২২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার অস্ত্র, বিপুল মাদক

অস্ত্রবিরোধী অভিযানে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: ইশরাকের পদত্যাগে আইনের ব্যত্যয় হয়নি: অ্যাটর্নি জেনারেল

মাদকবিরোধী অভিযানে ৩৩ হাজার ৪৬৮টি ইয়াবা বড়ি, ৬ কেজি ৫৮ গ্রাম গাঁজা, ১৭ দশমিক ২৫ লিটার মদ, ৬৭৩ কার্টন সিগারেট ও মাদক বিক্রির ৫ হাজার ৩৯০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১১টি মামলা দায়ের করা হয়েছে এবং ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার চোরাই ও অবৈধ মালামাল

এপিবিএনের অভিযানে নিষিদ্ধ সামুদ্রিক কাঁকড়া ৪৪০ কেজি, তামার তার সাড়ে ৮ কেজি, প্রসাধনসামগ্রী ১ হাজার ৬২ কেজি, ৭৫০ ফুট কারেন্ট জাল, তিনটি মোটরসাইকেল, ২৭৭টি শাড়ি ও থ্রি-পিস, ৩০৯ কেজি খাদ্যদ্রব্য, ২৬২ কেজি কাপড় এবং ২ কেজি ওষুধ উদ্ধার করা হয়েছে।

এছাড়া ১০ কেজি নকল গয়না, তিনটি এলইডি মনিটরসহ জিপিএস ট্র্যাকার, ফ্যান ও সোলার প্যানেলের ব্যাটারি এবং চোরাই মালামাল বিক্রির ৫ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে আরও ৩২ হাজার ৫৬০ টাকা বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: হাজার ডিসেম্বর গেলেও হাসিনা ফিরবেন না : রাশেদ খাঁন

জরিমানা ও গ্রেপ্তার

অতিরিক্ত ডিআইজি জানান, ট্রাফিক ব্যবস্থাপনায় ৪১৮টি মামলার বিপরীতে ১২ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই, কাস্টমস ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে ৪২ লাখ ৬৭ হাজার ৩৯৯ টাকা জরিমানা আদায় ও সাজা দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত কার্যক্রমে ৫২টি মামলা দায়ের করা হয়েছে এবং ৩৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিভিন্ন অভিযানে ৩৪ জন পরোয়ানাভুক্ত আসামি, ১৪ জন এজাহারনামীয় আসামি ও চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি, মারামারি, সড়ক দুর্ঘটনা, অপহরণ, ধর্ষণ, বিশেষ ক্ষমতা আইন ও দস্যুতার বিভিন্ন ঘটনায় মামলা ও গ্রেপ্তারের তথ্যও এপিবিএন জানিয়েছে।

পলায়নকালে এফডিএমএন সদস্যদের আটকের ঘটনাতেও অভিযান চালানো হয়েছে। এ সময় ১৫ হাজার টাকা উদ্ধার, একটি মামলা এবং ২২ জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। জুয়া খেলার সরঞ্জামের পাশাপাশি ১ হাজার ৮৬০ টাকাও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবের পদায়ন

রোহিঙ্গা ক্যাম্পেও অভিযান

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২২টি যানবাহন আটক করে শাহপরীর হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। ক্যাম্প এলাকা থেকে ৫৫ হাজার ৮৮০ টাকা, ৩০টি ইট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সেপ্টেম্বর মাসে ৮, ১৪ ও ১৬ এপিবিএনের মাধ্যমে মোট ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

নুরুল ইসলাম বলেন, এপিবিএনের বিভিন্ন ইউনিট অভিযান, গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন ও নাগরিক সেবা সহজ করতে ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদীতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুলের বাড়িতে চলছে শোকের মাতম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


সউদীতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুলের বাড়িতে চলছে শোকের মাতম

সউদী আরবে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নাগরিক নজরুল ইসলামের (২৫) বাড়িতে চলছে শোকের মাতম। তার বাবা আব্দুল বাছির ছেলের মৃত্যুর শোকে মুহ্যমান। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে। নজরুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামে অবস্থিত।

পরিবার ও স্বজনদের অভিযোগ, আইনি সহায়তা নিশ্চিত না করে এবং বাংলাদেশ সরকারকে না জানিয়ে তড়িঘড়ি করে নজরুলের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে।

এদিকে, গত ১৪ অক্টোবর রাতে নজরুলের মৃত্যুর খবর শুনে তার ফুফু আবেদা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিরামপুর গ্রামের আব্দুল বাছির ও রহিমা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সবার বড় ছিলেন নজরুল ইসলাম। পরিবারের অভাব-অনটন দূর করতে ২০২২ সালের ১০ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমান নজরুল। সেখানে মক্কায় পরিচ্ছন্নতাকর্মীর কাজ নেন। তবে সউদী আরব যাবার ৬ মাসের মধ্যেই সেখানকার পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মসজিদের ভেতর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে মৃত্যুদণ্ড দেয় আদালত।

নজরুলের মা রহিমা বেগমের দাবি, যে মেয়ের সঙ্গে অনৈতিক কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। এছাড়া সেখানকার বাংলাদেশ দূতাবাসও কোনো সহযোগিতা করেনি। তিনি দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

জেলা প্রশাসক আবু সাঈদ জানিয়েছেন, নজরুলের মরদেহ বাড়িতে আনতে প্রয়োজনীয় সহায়তা দেবে জেলা প্রশাসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের গৃহবধূকে গণধর্ষণের মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


টাঙ্গাইলের গৃহবধূকে গণধর্ষণের মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার রায়ে ৬ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

এটি সোমবার (১৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আ. ন. ম. ইলিয়াস দ্বারা ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন- দেলদুয়ার উপজেলার মঙ্গহোড় গ্রামের হযরত আলীর ছেলে রাজন মিয়া, টাঙ্গাইল সদর উপজেলার পয়লা পশ্চিম পাড়া গ্রামের মো. নিলু মিয়ার ছেলে মো. আমির হামজা, কালিহাতী উপজেলার পৌলি এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে আল আমিন, দেলদুয়ার উপজেলার পাথরাইল এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে বিপ্লব মিয়া, মঙ্গলহোড় মধ্যপাড়া এলাকার মোঃ মজনু মিয়ার ছেলে মোঃ রিফাত এবং মঙ্গলহোড় এলাকার মোঃ মোবারকের ছেলে আব্দুর রউফ।

সরকারি কৌশুলি (পিপি) ওমরাও খান দিপু জানিয়েছেন, ২০২৪ সালের ২৯ অক্টোবর ভুক্তভোগী গৃহবধূ দেলদুয়ার থানার আটিয়া গ্রামে তার ফুফু শিউলী বেগমের বাড়িতে বেড়াতে যান। সেখানে পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তিনি ফুফুর নিকট থেকে ৫০ হাজার টাকা ধার নেন। ওইদিন রাতে মাদারজানি যাওয়ার পথে আসামিরা তাকে জোরপূর্বক মোহন টেক্সটাইল মিলের অফিস রুমে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং তার মোবাইল ও পার্স থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

ঘটনার পরদিন ভুক্তভোগী বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। দেলদুয়ার থানার পরিদর্শক (নিরস্ত্র) আজিজুল হক হাওলাদার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় প্রদান করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা মূলে আসামিদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে নারীদের হাইজিনের জন্য ভেন্ডিং মেশিন উদ্বোধন গাজীপুরের ডিসির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


কালিয়াকৈরে নারীদের হাইজিনের জন্য ভেন্ডিং মেশিন উদ্বোধন গাজীপুরের ডিসির

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরে নারীদের হাইজিনের জন্য ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূঁইয়া। প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচ তলায় এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।

নুরুল করিম ভূঁইয়া এ সময় উল্লেখ করেন, নারীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা এবং প্রতিটি গার্লস স্কুলে ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে।

এর পূর্বে তিনি কালিয়াকৈর থানা, ভূমি অফিস এবং বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শামসুন্নাহার শিলা, উপজেলা প্রকৌশলী মাসুদুর নবী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরওয়েতে স্মার্ট গাড়ির মাধ্যমে সামরিক তথ্য ফাঁস, নিরাপত্তা উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


নরওয়েতে স্মার্ট গাড়ির মাধ্যমে সামরিক তথ্য ফাঁস, নিরাপত্তা উদ্বেগ

নরওয়ের সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য ধারণের ঘটনা চীনে তৈরি স্মার্ট গাড়ির মাধ্যমে প্রকাশিত হয়েছে। গাড়ির ক্যামেরায় সেনাসদস্যদের চলাচল, তাদের ওঠানামা, এবং সামরিক স্থাপনায় প্রবেশের গেট ও দরজার কোডও ধরা পড়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এসব তথ্য অন্য কোনো পক্ষের কাছে, বিশেষ করে চীনে, পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

নরওয়ের সংবাদপত্র দাগেনস নেরিংসলিভ–এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর অসলো বিমানবন্দরে সামরিক বাহিনীর একটি নিরাপত্তা মহড়া চলাকালে এ ঘটনা ঘটে। গাড়িতে অপেক্ষা করার সময় সেনাসদস্যেরা এর পর্দায় ক্যামেরায় ধারণ করা ভিডিও দেখতে পান।

নরওয়ের হোম গার্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পের গুনার গ্রোসবার্গহাউগেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হোম গার্ডের সদস্যরা গাড়ির সেন্সরে ধারণ করা ভিডিও পেয়েছিলেন। তবে তিনি নিশ্চিত করতে পারেননি যে এসব তথ্য তৃতীয় কোনো পক্ষের কাছে পাঠানো হয়েছিল কি না।

প্রতিবেদন অনুযায়ী, গাড়িগুলো ভাড়া নেওয়া হয়েছিল এবং এর মধ্যে অন্তত দুটি ছিল চীনা গাড়ি নির্মাতা চ্যাংআনের তৈরি ডিপাল ব্র্যান্ডের গাড়ি। সেনাবাহিনীকে গাড়িগুলো সরবরাহ করেছিল হার্টজ নরওয়ে, যার পরোক্ষ মালিকানা চীনা গাড়ি নির্মাতা গিলির হাতে রয়েছে।

ক্যামেরায় স্পর্শকাতর তথ্য ধারণের বিষয়টি জানার পরও বিকল্প গাড়ি না থাকায় মহড়া শেষ হওয়া পর্যন্ত সেগুলো ব্যবহার করে সামরিক বাহিনী। পরে সেনাসদস্যেরা ভিডিওগুলো মুছে দেন।

নরওয়ের সামরিক বাহিনী মনে করছে, চীনে তৈরি সব গাড়ি নিষিদ্ধ করলে নিরাপত্তার সম্ভাব্য সুফলের তুলনায় এর প্রভাব বেশি হতে পারে। তাই তারা সব চীনা গাড়ির ওপর নিষেধাজ্ঞার বদলে নির্দিষ্ট স্থাপনার নিরাপত্তা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। প্রয়োজনে ক্যামেরা ও সেন্সরযুক্ত গাড়ি—সেগুলো যে দেশেই তৈরি হোক—কিছু স্থানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

হার্টজ নরওয়ের বিপণন ও যোগাযোগ বিভাগের পরিচালক হালভার্ড নেরবোভিক জানিয়েছেন, প্রতিষ্ঠানটি নরওয়ে ও ইউরোপের আইন মেনে চলে। তিনি জানান, আইনগত বাধ্যবাধকতা না থাকলে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য গাড়ি নির্মাতা, মালিক বা অন্য কোনো পক্ষের সঙ্গে ভাগ করা হয় না। তবে ক্যামেরায় ধারণ করা ভিডিও অন্য কোথাও পাঠানো হয়েছিল কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। এ বিষয়ে চ্যাংআন গ্রুপ প্রশ্নের জবাব দেয়নি।

‘চলন্ত কম্পিউটার’ হয়ে উঠছে গাড়ি :

নরওয়ের এই ঘটনা আধুনিক গাড়ির তথ্য সংগ্রহের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ক্যামেরা, সেন্সর ও ইন্টারনেট-সংযুক্ত প্রযুক্তির কারণে গাড়ি এখন শুধুমাত্র যাতায়াতের মাধ্যম নয়; এটি বিপুল তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে সক্ষম।

গত বছর অসলো অঞ্চলের গণপরিবহন কর্তৃপক্ষ রুটারের জন্য চালানো এক পরীক্ষায় দেখা যায়, চীনা প্রতিষ্ঠান ইউটংয়ের তৈরি বৈদ্যুতিক বাস দূর থেকে সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে তাত্ত্বিকভাবে অচল করে দেওয়া সম্ভব। জরুরি পরিস্থিতিতে জনসাধারণকে সরিয়ে নিতে এসব বাস ব্যবহার করার পরিকল্পনা রয়েছে নরওয়ের। রুটার জানিয়েছে, এরপর থেকে দূর থেকে আসা সংকেত পর্যবেক্ষণ এবং সফটওয়্যার হালনাগাদ বিলম্বিত করার ব্যবস্থা চালু করা হয়েছে।

গাড়ির বাইরেও স্মার্টঘড়ি ও স্ট্রাভার মতো শরীরচর্চার অ্যাপ থেকে সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য প্রকাশিত হওয়ার নজির রয়েছে। ২০১৮ সালে স্ট্রাভায় প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে আফগানিস্তান ও সিরিয়াসহ বিভিন্ন স্থানে সামরিক স্থাপনা এবং সেনাদের চলাচলের পথ শনাক্ত করা সম্ভব হয়েছিল। চলতি বছরের মার্চে ফরাসি সংবাদপত্র লে মোঁদ স্ট্রাভা ব্যবহারকারী এক নাবিকের তথ্যের ভিত্তিতে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে ফ্রান্সের বিমানবাহী রণতরি শার্ল দ্য গলকে প্রায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পেরেছিল।

নরওয়ের জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের কর্মকর্তা আন্দ্রেয়াস স্কজোল্ড-লোরাঞ্জ আধুনিক গাড়িকে ‘চলন্ত কম্পিউটার’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, এসব গাড়ি কী তথ্য সংগ্রহ করছে, সেই তথ্য কোথায় পাঠানো হচ্ছে এবং কী কাজে ব্যবহার করা হচ্ছে, তা নিশ্চিতভাবে জানা নেই।

তথ্য সংগ্রহের ঝুঁকির পাশাপাশি কোনো একটি দেশের পণ্য বা সেবার ওপর অতিরিক্ত নির্ভরশীলতার বিষয়েও সতর্ক করেছে নরওয়ের নিরাপত্তা কর্তৃপক্ষ। তাদের মতে, নিরাপত্তার বিষয়ে সহযোগিতা করে না—এমন কোনো দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা জাতীয় নিরাপত্তার ঝুঁকি বাড়াতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%