১০:২০ পি.এম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির আশপাশে মাদক সেবনে নিষেধ করায় মোছাঃ মামুনী বেগম (৩৬) নামে এক নারীকে মারধর, শ্লীলতাহানি ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ সময় ওই নারীকে বাঁচাতে এগিয়ে আসায় তার জা ও দেবরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ৭নং তালুককানুপুর ইউনিয়নের জামালপুর বাজারে আজির উদ্দিনের ডেকোরেটর দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত মামুনী বেগম নোদাপুর গ্রামের বাসিন্দা। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগী মামুনী বেগমের অভিযোগ, বেশ কিছুদিন ধরে অভিযুক্ত ব্যক্তিরা তার বাড়ির আশপাশে বিভিন্ন গগগ দ্রব্য সেবন করে অবস্থান করতেন। এতে তিনি বাধা ও নিষেধ করায় তাকে বিভিন্ন সময় মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হতো।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন শনিবার সকাল ৭টার দিকে অভিযুক্তরা তার বাড়ির আশপাশে নেশাজাতীয় দ্রব্য সেবন করে অবস্থান করলে তিনি প্রতিবাদ করেন। এ সময় অভিযুক্তরা তাকে হুমকি-ধমকি দিয়ে চলে যায়। পরে সন্ধ্যায় মামুনী বেগম তার জা মোছাঃ আছমা বেগম ও দেবর মোঃ শরিফকে সঙ্গে নিয়ে জামালপুর বাজারে যাওয়ার পথে ডেকোরেটর দোকানের সামনে পৌঁছালে অভিযুক্তরা লাঠি ও লোহার রড নিয়ে তাদের পথরোধ করে অতর্কিত হামলা চালায়।
এ সময় কয়েকজন অভিযুক্ত লাঠি ও লোহার রড দিয়ে মামুনী বেগমের বুক, পাঁজরসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে একজন তার চুলের মুঠি ও পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করে এবং গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার জা আছমা বেগম ও দেবর শরিফকেও মারধর করা হয়।
তাদের চিৎকার শুনে স্থানীয় মোঃ সাজু মিয়া, মোঃ শাজাহান আলী, মোছাঃ রঞ্জনা বেগমসহ কয়েকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে মামুনী বেগমকে অটোভ্যানে করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন।
এছাড়া ঘটনার পর মামুনী বেগমের ভাতিজা রাসেল জামালপুর বাজারে গেলে অভিযুক্তরা তার ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে আটকে রাখেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মোঃ সোহেল রানা গাজী, মোঃ সাজ্জ মিয়া, মোঃ মোকছেদুল ইসলাম, মোঃ মেহেদুল ইসলাম, মোঃ মিন্টু মিয়া, মোঃ মাহমুদুল ইসলাম ও মোঃ শিহাব ইসলামসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, মাদক সেবন ও এ ধরনের সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন