১০:১২ পি.এম
বরিশালের উজিরপুরে নারীদের অজান্তে গোপনে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন ওরফে মিঠুকে আটক করা হয়েছে। স্থানীয়রা গণপিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে।
গত শনিবার (৭ নভেম্বর) রাতে উজিরপুর পৌর এলাকায় এই ঘটনা ঘটে। এরপর রোববার (৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে মাদক সেবনে নিষেধ করায় নারীকে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বায়েজিদ হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নারীদের অজান্তে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এসব ভিডিও ব্যবহার করে নারীদের ব্ল্যাকমেইল ও অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে পৌর এলাকার এক প্রতিবেশী নারী বাথরুমে গেলে বায়েজিদ হোসেন ভেন্টিলেটরের ফাঁক দিয়ে তার গোপন ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি ওই নারীর নজরে আসলে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে বায়েজিদকে হাতেনাতে আটক করেন। এ সময় স্থানীয়রা তার ব্যবহৃত মুঠোফোনে একাধিক নারীর গোপন ভিডিও দেখতে পান। পরে ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন (৭০) বলেন, ‘শনিবার রাতে এক গৃহবধূর বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণের সময় বিষয়টি ওই গৃহবধূর নজরে আসে। পরে তাঁর চিৎকারে স্থানীয়রা গিয়ে তাঁকে আটক করেন।’
খবর পেয়ে উজিরপুর মডেল থানা-পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বায়েজিদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, তার ব্যবহৃত মুঠোফোনের গ্যালারিতে অসংখ্য আপত্তিকর ও পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে।
আরও পড়ুন: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র্যালি ও পুরস্কার বিতরণ
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘বায়েজিদ হোসেনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
দল থেকে বহিষ্কার
এদিকে রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা শাখার প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বায়েজিদ হোসেন মিঠুকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসেন মিঠুকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ১০ জেলে অপহরণের শিকার
বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি ও সদস্যসচিব মো. কামরুল আহসান এই বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে থাকা দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন