১০:১১ পি.এম
সাতক্ষীরা, ৮ নভেম্বর, ২০২৬ : ভোমরা স্থলবন্দর থেকে প্রতারণার মাধ্যমে ১০ টন চাল আত্মসাতের অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
আজ রোববার তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে, গত শুক্রবার চট্টগ্রামের তিনটি থানা এলাকা এবং কুমিল্লার দেবীদ্বার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চাল পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের সিরাজ মিয়া (৫৫), দেবীদ্বার উপজেলার উজানীকান্দি গ্রামের খলিল (৪৭), একই উপজেলার উজানীজোড়া গ্রামের মো. রফিক (৪৪) এবং ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ সৈয়দপুর গ্রামের হাবিবুর রহমান (৫০)।
আরও পড়ুন: মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৬৪ জন আহত
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১০ মে বিকেল ৫টার দিকে ভোমরা স্থলবন্দরের মুকুল এন্টারপ্রাইজের গুদামের সামনে থেকে ভারত থেকে আমদানি করা ২০০ বস্তা চাল (১০ টন) একটি ট্রাকে তোলা হয়।
চালগুলো যশোরের নওয়াপাড়ার এমবিকে এন্টারপ্রাইজের ব্যবস্থাপকের কাছে পৌঁছানোর কথা ছিল। ট্রাকের চালক সিরাজ মিয়া চাল নিয়ে রওনা হলেও নির্ধারিত গন্তব্যে তা পৌঁছায়নি।
এ ঘটনায় সাতক্ষীরার জান্নাত ট্রান্সপোর্ট এজেন্সির ব্যবস্থাপক সাধন দাস গত ১৭ মে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করেন।
আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। পরে থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
আরও পড়ুন: শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছে সরকার
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শাকিল জোয়ার্দার প্রথমে মাগুরার শালিখা থেকে সোহাগ হোসেন নামে একজনকে গ্রেফতার করেন। পরে তদন্তের দায়িত্ব পান উপ-পরিদর্শক সমীর গাইন।
তার নেতৃত্বে গত শুক্রবার চট্টগ্রামের কোতোয়ালি, বায়েজীদ বোস্তামী ও বাকলিয়া থানা এলাকা এবং কুমিল্লার দেবীদ্বার থেকে চারজনকে গ্রেফতার করা হয়। বাকলিয়া থেকে জব্দকৃত ট্রাকটির নম্বর প্লেট পরিবর্তন করা ছিল।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার চারজন এবং জব্দকৃত ট্রাকটি গতকাল শনিবার সাতক্ষীরা সদর থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাউফলে বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলা, উত্তেজনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন