ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রামে ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন


কুড়িগ্রামে ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো
 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেখলী এলাকার ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিসের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ ও অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম।
 
মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক বছর ধরে ধরলা নদীর আগ্রাসী ভাঙনে মেখলীসহ আশপাশের এলাকায় শত শত বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে নদীভাঙনের হুমকিতে রয়েছে অসংখ্য বসতবাড়ি, আবাদি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিনিয়ত ভাঙন অব্যাহত থাকায় দিন দিন ছোট হয়ে আসছে এলাকার ভূখণ্ড ও মানুষের বসবাসের জায়গা।
 
এ মানববন্ধনে বক্তব্য দেন ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের আহ্বায়ক এম রশিদ আলী, অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের প্রতিনিধি আরজু খাতুন, ডোনেট ফর ভুরুঙ্গামারীর সদস্য চামেলী খাতুন এবং ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ইউপি সদস্য ইলিয়াস আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 
বক্তারা অভিযোগ করেন, ধরলা নদীর ভাঙন রোধে এর আগে একাধিকবার মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও ভাঙন ঠেকাতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিবছর বর্ষা ও নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে। এতে একদিকে মানুষ বসতভিটা ও কৃষিজমি হারাচ্ছেন, অন্যদিকে অনিশ্চয়তার মধ্যে পড়ছে স্থানীয় মানুষের জীবন-জীবিকা।
 
তারা আরও বলেন, এভাবে ভাঙন অব্যাহত থাকলে একসময় মেখলী এলাকার বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে শুধু সাময়িক প্রতিরোধমূলক ব্যবস্থা নয়, বরং নদীর গতিপথ ও ভাঙনপ্রবণতা বিবেচনায় নিয়ে টেকসই ও দীর্ঘমেয়াদি বেড়িবাঁধ নির্মাণ করা জরুরি।
 
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত মেখলী এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোর সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২১ মাসের বেতন বকেয়া রেখেই ১২ খণ্ডকালীন শিক্ষককে চাকরিচ্যুতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

‎হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


২১ মাসের বেতন বকেয়া রেখেই ১২ খণ্ডকালীন শিক্ষককে চাকরিচ্যুতির অভিযোগ
‎কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ১২ জন খণ্ডকালীন শিক্ষককে ২১ মাসের বেতন বকেয়া রেখেই চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। চাকরিচ্যুত শিক্ষকরা তাঁদের বকেয়া বেতন পরিশোধ এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি ২০১৮ সালে সরকারিকরণের পর অবসরজনিত ও অন্যান্য কারণে বিভিন্ন সময়ে বিষয়ভিত্তিক শিক্ষক পদ শূন্য হলে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে এসব শিক্ষকের মধ্যে কলেজ শাখায় দুজন, দিবা শাখায় পাঁচজন এবং প্রভাতী শাখায় পাঁচজনসহ মোট ১২ জন শিক্ষক কর্মরত ছিলেন।
‎
‎ভুক্তভোগী শিক্ষকদের দাবি, নিয়োগের পর প্রথমদিকে তাঁদের নিয়মিত বেতন দেওয়া হলেও পরবর্তীতে দুই-তিন মাস পরপর এক মাসের বেতন পরিশোধ করা হতো। এভাবে দীর্ঘদিন বেতন পরিশোধে অনিয়মের কারণে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত তাঁদের ২১ মাসের বেতন বকেয়া রয়েছে।
‎
‎শিক্ষকদের অভিযোগ, গত ১৭ ও ১৮ আগস্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের কথা উল্লেখ করে ১২ জন খণ্ডকালীন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেন। তবে চাকরি থেকে অব্যাহতির সময় দীর্ঘদিনের বকেয়া ২১ মাসের বেতন পরিশোধ করা হয়নি।
‎
‎ভুক্তভোগী শিক্ষকরা জানান, দীর্ঘদিন বেতন না পাওয়ায় তাঁদের অনেকেই সংসারের দৈনন্দিন খরচ, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন। কেউ কেউ ধার-দেনা করে সংসার চালাচ্ছেন। পাওনা বেতন পরিশোধ না করে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় তাঁরা হতাশ ও ক্ষুব্ধ।
‎
‎চাকরিচ্যুত খণ্ডকালীন শিক্ষক ওবায়দুর রহমান বলেন, “বেতন বকেয়া রেখে কোনো চাকরিজীবীকে চাকরিচ্যুত করার বিধান রয়েছে কি না, তা আমাদের জানা নেই। যদি এমন বিধান না থাকে, তাহলে বকেয়া বেতন পরিশোধ না করে চাকরিচ্যুত করার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে কি না—এ প্রশ্নের উত্তর আমরা চাই।”
‎
‎এ বিষয়ে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খায়রুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি চলতি বছরের ৪ মার্চ দায়িত্ব গ্রহণ করেছি। খণ্ডকালীন শিক্ষকদের যে বকেয়া রয়েছে, তা আমার দায়িত্ব গ্রহণের আগের পাওনা। আমার সময়কালের বেতন ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে পরিশোধ করার কথা দিয়েছি।”
‎
‎বকেয়া বেতন পরিশোধের বিষয়ে তিনি আরও বলেন, “মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অর্থ ও নিরীক্ষা শাখার পরিচালক মশিউর রহমানের পরামর্শ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানের ফান্ড থেকে এ টাকা পরিশোধ করা হলে ভবিষ্যতে তার তহবিলের অর্থ থেকে তা কেটে রাখা হবে।”
‎
‎এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা বলেন, “আপনার মাধ্যমেই বিষয়টি জানলাম। খণ্ডকালীন শিক্ষকদের কবে নিয়োগ দেওয়া হয়েছে, কতদিন চাকরি করেছেন এবং কবে চাকরিচ্যুত করা হয়েছে,তা আমার জানা নেই। তবে স্কুল ফান্ডে যদি টাকা থাকে, চাকরিচ্যুত করলে সর্বোচ্চ যতটুকু দেওয়া যায়, ততটুকু দেওয়া উচিত।”
‎
‎‘আগের সময়ের বকেয়া বেতনের দায়ভার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেবেন না’ এ বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, “আগের সময় কি তারা কাজ করেনি? ভারপ্রাপ্ত অধ্যক্ষ কি তাদের কাজ করতে দেখেননি? বকেয়া থাকতেই পারে। যিনি দায়িত্বে থাকবেন, তাঁরই দায়িত্ব বিষয়টি দেখা।”
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়ার অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া প্রতিনিধি

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


বানারীপাড়ার অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
বরিশালের বানারীপাড়া থানার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রাসেল মুন্সীকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।
 
র‍্যাব জানায়, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৮ সদর কোম্পানি, বরিশাল এবং র‍্যাব-১ সিপিএসসি, গাজীপুরের একটি যৌথ আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে রাসেল মুন্সীকে গ্রেপ্তার করে।
 
গ্রেপ্তার রাসেল মুন্সী বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার মোঃ সেরজাহান মুন্সীর ছেলে।
 
র‍্যাবের তথ্য অনুযায়ী, রাসেল মুন্সীর বিরুদ্ধে ২০১২ সালের ২৭ নভেম্বর বানারীপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলার নম্বর-০৯, জিআর নং-১৪৮/১২ এবং বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৬/১৩। মামলাটি বিজ্ঞ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
 
পরোয়ানাটি তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা র‍্যাব-৮ এর অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেল মুন্সীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 
গ্রেপ্তারের পর রাসেল মুন্সীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে নৌ পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা, ছুরিকাঘাতে কনস্টেবল গুরুতর আহত

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


কাউখালীতে নৌ পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা, ছুরিকাঘাতে কনস্টেবল গুরুতর আহত

পিরোজপুরের কাউখালীতে নদীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ সময় মোঃ জাকির হোসেন নামে এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়েছে। হামলায় নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আরমান হোসেনসহ আরও পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রধান আসামি মোঃ শান্ত (২২)কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) বিকেলের দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান এলাকায় বিআইডব্লিউটিএ পন্টুন সংলগ্ন গোপাল স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নৌ পুলিশের একটি দল নদীতে নিয়মিত টহল শেষে ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় ফুট পেট্রোল করছিল। এ সময় মোঃ শান্ত পুলিশ সদস্যদের উদ্দেশে গালিগালাজ শুরু করেন। এর কারণ জানতে চাইলে তিনি পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আরমান হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করেন।
এ সময় শান্ত ও তার সহযোগীরা বাঁশের লাঠি, ইট ও ধারালো চাকু নিয়ে নৌ পুলিশের সদস্যদের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
হামলাকারীরা কনস্টেবল মোঃ জাকির হোসেনকে চাকু ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
জাকির হোসেনকে উদ্ধার করতে গিয়ে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আরমান হোসেন, এসআই প্রসেনজীত দেবনাথ, কনস্টেবল শ্যামলেশ কুমার মন্ডল, কনস্টেবল মোঃ সাকির হোসেন ও কনস্টেবল মোঃ পারভেজ আহত হন।
পুলিশের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কাউখালী থানা পুলিশ আহত নৌ পুলিশ সদস্যদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।
কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আরমান হোসেন বলেন, নদীতে নিয়মিত টহল শেষে ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় ফুট পেট্রোল করার সময় এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যদের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এতে কনস্টেবল মোঃ জাকির হোসেন গুরুতর আহত হয়েছেন এবং তাকেসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আরমান হোসেন বাদী হয়ে কাউখালী থানায় সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মোঃ শান্তকে গ্রেপ্তার করে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (২০ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।
কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত শান্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার, সচিবালয়ে মন্ত্রী তার নিজ কার্যালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মিলিত হন এই বৈঠকে।

বৈঠক শেষে ভারতের কোলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর কারণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিপূরণ প্রদান এবং প্রয়োজনীয় সহযোগিতাসহ ভারত সরকারের পক্ষ থেকে যা কিছু করণীয়, সেটি বাস্তবায়নে সকল ব্যবস্থা নেওয়া হবে।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এটি আসলে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফরের বিষয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি জানান, এই বিষয়ে কোনো আলোচনা হইনি। তবে ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য নয়াদিল্লি অপেক্ষা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%