০৫:২২ পি.এম
টিউবওয়েলের মুখের উপরের অংশে দিয়াশলাই দিয়ে আগুন ধরালে আগুন দাউ দাউ করে জ্বলছে এবং একই সঙ্গে পানি পড়ছে। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। যান্ত্রিক চাপ বা হাতল না টানিয়েও পানি ও আগুন অবিরত জ্বলছে। তবে গ্যাস বের হচ্ছে, এটি পরিষ্কার বোঝা যাচ্ছে। অদ্ভুত এই দৃশ্য দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত কৌতূহলী মানুষ ভিড় করছেন।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর লক্ষ্মী গ্রামের আদর্শ রূপালী কলোনিতে এই ঘটনা ঘটছে।
সরেজমিনে দেখা যায়, টিউবওয়েলের মুখ দিয়ে পানি বের হচ্ছে এবং উপরের অংশ দিয়ে আগুন জ্বলছে, চারপাশে উৎসুক জনতার ভিড়। কেউ ভিডিও করছে, আবার কেউ সামাজিক মাধ্যমে ছড়িয়ে ভাইরাল করছে।
আরও পড়ুন: আমতলীতে ছাত্রলীগ নেতা ইশফাক আহমেদ তোহার পুলিশকে হুমকি
বাড়ির মালিক আবদুল্লাহ মিয়া বলেন, ‘পানির প্রয়োজনে টিউবওয়েল বসানো হয়। কিছুদিন পানি ভালোই ছিল। পানি খারাপ মনে হচ্ছিল, ভাবলাম জায়গা পরিবর্তন করব। সিদ্ধান্ত নিলাম। হঠাৎ পানিতে হালকা গ্যাসের গন্ধ পায়। দু-চার দিন পর থেকে অনবরত পানি বের হচ্ছে আর আগুন জ্বলছে। বিষয়টি খুবই অদ্ভুত ও রহস্যময় মনে হচ্ছিল। পানি ও আগুনের দৃশ্য বেড়ে গেলো- উৎসুক জনতার ভীড় বাড়তে লাগলো। বর্তমানে এটি ঝরনার মতো পানি ও গ্যাস নির্গত করছে।
স্থানীয় বাসিন্দ নিয়াজ আজিজ বলেন, ‘ঘটনাটি শুনে প্রথমে বিশ্বাস হয়নি। পরে স্বচক্ষে দেখে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে দিই। কল থেকে আপনাআপনি পানি ও আগুন বের হওয়ায় এলাকার মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি বড় ধরনের আতঙ্কও তৈরি করেছে।’
এ বিষয়ে রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী তানভীরুল ইসলাম বলেন, ‘সাধারণত বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে ভূগর্ভস্থ পানির স্তর ওপরে উঠে আসে এবং একটি প্রাকৃতিক চাপ তৈরি হয়। ফলে অনেক সময় হাতল ছাড়াই পানি ওপরে চলে আসতে পারে। তবে পানির সঙ্গে দাহ্য গ্যাস বের হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
বিশেষজ্ঞদের ধারণা, নলকূপের গভীরতা ভূগর্ভস্থ কোনো গ্যাসের পকেট বা গ্যাসের স্তরের সংস্পর্শে চলে যাওয়ার কারণেই এমনটি ঘটে থাকে। তবে যেকোনো ধরনের বড় দুর্ঘটনা এড়াতে দ্রুত জ্বালানি বিশেষজ্ঞ ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন: উখিয়ায় বটতলী বাজারে প্রকাশ্যে গুলিবর্ষণ, দোকানপাট বন্ধ
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘টিউবওয়েল থেকে পানি এবং আগুন জ্বলছে বিষয়টি জেনেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
এমএইচ
আরও পড়ুন: কাফনের কাপড়সহ রহস্যজনক চিরকুটে হুমকি: ‘১০-১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নিও’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন