ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

পটিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয়া


পটিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয়া

চট্টগ্রামের পটিয়ায়, দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় মো. ফোরকান (২৯) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে পৌরসদরের ইন্দ্রপুল এলাকায় এই ঘটনাটি ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফোরকান উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের হাফেজ আবুজাফরের পুত্র এবং পৌরসদরের মুন্সেফ বাজার এলাকায় শাহগদী এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকানের মালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতেও তিনি প্রতিদিনের মতো দোকান বন্ধ করে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে ৪-৫ জন অজ্ঞাত যুবক তাঁর পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

আরও পড়ুন: উখিয়ায় বটতলী বাজারে প্রকাশ্যে গুলিবর্ষণ, দোকানপাট বন্ধ

একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা ৫৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত ফোরকানের আত্মীয় মোহাম্মদ তানভীর জানান, পূর্বশত্রুতার কারণে এই হামলা হয়েছে, নাকি এটি ছিনতাইয়ের ঘটনা- তা তদন্ত করে বের করা প্রয়োজন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, ভুক্তভোগীর পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

আরও পড়ুন: ব্রিজ নির্মাণ হলেও ছয় গ্রামের মানুষের দুঃখ দূর হয়নি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি ঘোষণা

মুসলিম বিশ্বের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও পাকিস্তানের নামকরা আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানীর বাংলাদেশ সফরের চূড়ান্ত কর্মসূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সাত দিনের এই সফরে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে মোট নয়টি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, যার মধ্যে রয়েছে রাজধানী ঢাকা।

মুফতি মিজানুর রহমান সাঈদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই চূড়ান্ত সফরসূচি প্রকাশ করা হয়। ঘোষিত সূচি অনুযায়ী, তিনি আন্তর্জাতিক ইসলামি মহাসমাবেশ, দস্তারবন্দী সম্মেলন, উলামা সম্মেলন, ইসলাহী সম্মেলন এবং ঐতিহ্যবাহী দরসে বুখারির মতো বিভিন্ন আয়োজনে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, ২২ নভেম্বর (রোববার) ঢাকায় পৌঁছানোর মাধ্যমে তার বাংলাদেশ সফর শুরু হবে। প্রথম দিন মাগরিব বা এশার পর শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে আয়োজিত ১৫তম সাল্লা দস্তারবন্দী ও আন্তর্জাতিক ইসলামী মহাসমাবেশে তিনি অংশগ্রহণ করবেন।

পরবর্তী দিন ২৩ নভেম্বর (সোমবার) এশার পর পুরান ঢাকার জামিয়া আরাবিয়া ফরিদাবাদসংলগ্ন ধূপখোলা মাঠে ৭০তম সাল্লা দস্তারবন্দী সম্মেলনে উপস্থিত থাকবেন। ২৪ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম হাটহাজারী মাদরাসা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।

২৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদীর হেরিটেজ রিসোর্টে যাত্রাবিরতি শেষে তিনি সিলেট যাবেন। একই দিন এশার পর সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল উলামা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

২৬ নভেম্বর (বৃহস্পতিবার) মাগরিবের পর বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) ও আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা সম্মেলনে অংশগ্রহণ করবেন মুফতি তাকি উসমানী।

পরদিন ২৭ নভেম্বর (শুক্রবার) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে জুমার খুতবা ও বয়ান পেশ করবেন তিনি। একই দিন এশার পর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে ইসলাহী সম্মেলনে অংশগ্রহণ করবেন।

সফরের শেষ দিন ২৮ নভেম্বর (শনিবার) মাগরিবের পর ঢাকার জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে বুখারি শরিফের শেষ পাঠ (দরসে বুখারি) প্রদান করবেন এই প্রখ্যাত হাদিস বিশারদ।

আয়োজক সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থা এবং বার্ধক্যজনিত দুর্বলতার কারণে মুফতি তাকি উসমানীর সফরসূচিতে কয়েক দফা পরিবর্তন আনা হয়েছে। প্রাথমিক পরিকল্পনায় প্রতিদিন একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও গত ৬ নভেম্বর সূচি চূড়ান্ত করার সময় তার ওপর শারীরিক চাপ কমাতে কর্মসূচির সংখ্যা কমিয়ে আনা হয়। ফলে পূর্বের তালিকায় থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আয়োজন বাদ দিতে হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুরুতেই সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তাল সংসদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


শুরুতেই সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তাল সংসদ

সারের ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগের প্রেক্ষাপটে জাতীয় সংসদে তীব্র বাদানুবাদ ও তুমুল হট্টগোলের সৃষ্টি হয়েছে। বিরোধী দলের সদস্যদের একের পর এক তীর্যক প্রশ্ন, হইচই এবং মন্ত্রীর জবাবের সময় সংসদ কক্ষে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পিকারকে বারবার হস্তক্ষেপ করতে হয় এবং বিরোধীদলীয় চিফ হুইপকে নিজের দলের সংসদ সদস্যদের শান্ত রাখার আহ্বান জানাতে হয়।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সারের ডিলার বণ্টন নিয়ে সংসদ সদস্যদের ক্ষোভ ও সম্পূরক প্রশ্নের জবাব দিতে ওঠেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শুরুতেই ডিলার নিয়োগকে উৎসব আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, "আমরা তো চাই মানুষ উৎসবের মতো করে এটি গ্রহণ করুক।" মন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে সঙ্গেই বিরোধী দলের আসনে থাকা সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন এবং একপর্যায়ে অধিবেশন কক্ষে প্রচণ্ড হট্টগোল শুরু হয়।

হট্টগোলের মধ্যে মন্ত্রী স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "আমি নতুন মন্ত্রী। কথা বলতে গেলে এভাবে সাইড টক করলে অসুবিধা হয়। আমার জবাব যদি অপছন্দ হয়, তবে আরও একটি সম্পূরক প্রশ্ন করবেন, আমি জবাব দেব।" এরপরও বিরোধী দলের সদস্যদের ক্ষোভ অব্যাহত থাকলে স্পিকার বিরোধীদলীয় চিফ হুইপের উদ্দেশে বলেন, "বিরোধীদলীয় নেতা যেহেতু উপস্থিত নেই, তাই বিরোধী দলের সদস্যদের শান্ত ও সুশৃঙ্খল রাখা চিফ হুইপের দায়িত্ব।" একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, "মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আরও প্রশ্ন নেওয়া হবে। কিন্তু এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন?"

উত্তেজনার রেশ কাটিয়ে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সারের ডিলার নিয়োগের পূর্ণাঙ্গ সরকারি প্রক্রিয়া তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন, ডিলার নিয়োগে কোনো একক সিদ্ধান্ত বা রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই। উপজেলা ও জেলা পর্যায়ে দুটি সুনির্দিষ্ট কমিটির মাধ্যমে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন করা হয়েছে।

মন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে গঠিত কমিটি বিধিমালা মেনে আবেদনপত্র যাচাই-বাছাই করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে গঠিত কমিটি প্রাথমিক যাচাই সম্পন্ন করার পর তা জেলা কমিটিতে পাঠায়। ওই কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের উপদেষ্টা হিসেবে থাকার সুযোগ রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, জেলা পর্যায়ে ডিসি, জেলা কৃষি কর্মকর্তাসহ ৬ থেকে ৭ সদস্যের বড় একটি কমিটি সব প্রস্তাবনা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে। তারা ঐকমত্যের ভিত্তিতে ১, ২ ও ৩ নম্বর ক্রমিকে যোগ্যদের তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠায়। কমিটির সকল সদস্য ও জেলা প্রশাসকের যৌথ স্বাক্ষরিত সেই তালিকার ১ নম্বরে থাকা আবেদনকারীকেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিলার হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। কোনো একক ব্যক্তির স্বাক্ষরে এটি হয়নি দাবি করে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, "শতভাগ নিয়ম ও স্বচ্ছতা মেনেই এই অনুমোদন সম্পন্ন করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান এই কালচার কবে বন্ধ হবে: আবুল হাসনাত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান এই কালচার কবে বন্ধ হবে: আবুল হাসনাত

জাতীয় সংসদে সারের ডিলারশিপ বণ্টন নিয়ে নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, "আমি নিজে এমপি হবো, আর আমার স্ত্রী, ছেলে কিংবা ভাগ্নী ব্যবসায়ী হবে—এই কালচার কবে বন্ধ হবে?" এমপি হিসেবে দলের নেতাদের আত্মীয়-স্বজনদের নামে ডিলারশিপ বিতরণের চিত্র তুলে ধরেন তিনি।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর উদ্দেশে একটি সম্পূরক প্রশ্ন করেন। বক্তৃতার শুরুতেই হাসনাত আবদুল্লাহ বিভিন্ন জেলার পরিস্থিতি তুলে ধরে অভিযোগ করেন যে, সারের ডিলারশিপ বণ্টনে চরম দলীয়করণ ও অনিয়মের ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁওয়ে ৩১টি ডিলারশিপের মধ্যে ২৮ জনই বিএনপির সঙ্গে যুক্ত, এবং অন্তত ১০ জন বিভিন্ন নেতার স্ত্রী, সন্তান বা নিকটাত্মীয়। তিনি আরও অভিযোগ করেন যে, সম্প্রতি নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত এক সংসদ সদস্যের সন্তানকেও সারের ডিলারশিপ দেওয়া হয়েছে।

এনসিপি নেতা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "কিছু এলাকায় সংরক্ষিত আসনের এমপিরা অর্থের বিনিময়ে ডিও (চাহিদাপত্র) দিয়েছেন। ১৫টি ইউনিয়নের জায়গায় হয়তো ৩০টি ডিও বিলি করে সারের ডিলার বণ্টনে অনিয়মের মহোৎসব চালানো হয়েছে।"

হাসনাত আবদুল্লাহ আরো অভিযোগ করেন যে, পূর্ববর্তী আওয়ামী লীগের ব্যবসায়ীরা যাতে মন্ত্রণালয় থেকে সুবিধা পায়, সে ধরনের সুযোগও বজায় রাখা হয়েছিল। তিনি মন্ত্রীর কাছে জানতে চান, "এই পুরো অনিয়মটি সুপরিকল্পিত ছিল কি না এবং ইতোমধ্যে দেওয়া এসব বিতর্কিত ডিলারশিপ বাতিল করে পুনরায় রিভিউ (পুনর্বিবেচনা) করা হবে কি না।"

সবশেষে তিনি স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতির তীব্র সমালোচনা করে বলেন, "জনপ্রতিনিধিদের ক্ষমতা ব্যবহার করে নিজেদের পরিবার ও আত্মীয়দের ব্যবসা পাইয়ে দেওয়ার এই নোংরা চর্চা কবে নাগাদ স্থায়ীভাবে বন্ধ হবে, তা জাতির সামনে সুস্পষ্টভাবে জানাতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি কণাও দেশের বাইরে যেতে দেবে না: মোহসেন রেজায়ি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি কণাও দেশের বাইরে যেতে দেবে না: মোহসেন রেজায়ি

ইরান দেশের বাইরে সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি কণাও যেতে দেবে না। একই সঙ্গে, ইসলামি প্রজাতন্ত্রে যুক্তরাষ্ট্রের নতুন হামলা চালালে পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি।

লেবাননের ইরানপন্থি সংবাদমাধ্যম আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন রেজায়ি।

এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা নাকচ করে দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যে কিছুটা সমঝোতার সুর দেখা যাচ্ছে।

রেজায়ি আরও বলেন, ‘বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না। যুক্তরাষ্ট্র যদি নতুন করে হামলা চালায়, তাহলে দূরবর্তী মার্কিন ঘাঁটিগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠবে।’

গত মে মাসে ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, দেশের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নির্দেশ দিয়েছেন, অস্ত্র তৈরির উপযোগী মাত্রার কাছাকাছি থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো যাবে না।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার আগে দেশটির কাছে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। বেসামরিক পারমাণবিক জ্বালানির জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে এই পরিমাণ অনেক বেশি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ওই ইউরেনিয়ামের কতটুকু অবশিষ্ট রয়েছে, তা এখনো পরিষ্কার নয়।

ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করে আসছে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধের অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে প্রাথমিক পর্যায়ের যেকোনো আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত করতে হবে।

তবে রয়টার্সকে গত সপ্তাহে দেওয়া বক্তব্যে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে আলোচনায় বসার আগে ইরানের উত্থাপিত সাতটি দাবি পূরণ করতে হবে ওয়াশিংটনকে। শর্তগুলো পূরণ হলেই কেবল প্রস্তাবটি নিয়ে আলোচনা করতে রাজি হবে ইরান।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%