০৫:২৮ পি.এম
জাতীয় সংসদে সারের ডিলারশিপ বণ্টন নিয়ে নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, "আমি নিজে এমপি হবো, আর আমার স্ত্রী, ছেলে কিংবা ভাগ্নী ব্যবসায়ী হবে—এই কালচার কবে বন্ধ হবে?" এমপি হিসেবে দলের নেতাদের আত্মীয়-স্বজনদের নামে ডিলারশিপ বিতরণের চিত্র তুলে ধরেন তিনি।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর উদ্দেশে একটি সম্পূরক প্রশ্ন করেন। বক্তৃতার শুরুতেই হাসনাত আবদুল্লাহ বিভিন্ন জেলার পরিস্থিতি তুলে ধরে অভিযোগ করেন যে, সারের ডিলারশিপ বণ্টনে চরম দলীয়করণ ও অনিয়মের ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁওয়ে ৩১টি ডিলারশিপের মধ্যে ২৮ জনই বিএনপির সঙ্গে যুক্ত, এবং অন্তত ১০ জন বিভিন্ন নেতার স্ত্রী, সন্তান বা নিকটাত্মীয়। তিনি আরও অভিযোগ করেন যে, সম্প্রতি নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত এক সংসদ সদস্যের সন্তানকেও সারের ডিলারশিপ দেওয়া হয়েছে।
এনসিপি নেতা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "কিছু এলাকায় সংরক্ষিত আসনের এমপিরা অর্থের বিনিময়ে ডিও (চাহিদাপত্র) দিয়েছেন। ১৫টি ইউনিয়নের জায়গায় হয়তো ৩০টি ডিও বিলি করে সারের ডিলার বণ্টনে অনিয়মের মহোৎসব চালানো হয়েছে।"
আরও পড়ুন: জুবাইদার বিশ্বনেতাদের সহধর্মিণীদের বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ
হাসনাত আবদুল্লাহ আরো অভিযোগ করেন যে, পূর্ববর্তী আওয়ামী লীগের ব্যবসায়ীরা যাতে মন্ত্রণালয় থেকে সুবিধা পায়, সে ধরনের সুযোগও বজায় রাখা হয়েছিল। তিনি মন্ত্রীর কাছে জানতে চান, "এই পুরো অনিয়মটি সুপরিকল্পিত ছিল কি না এবং ইতোমধ্যে দেওয়া এসব বিতর্কিত ডিলারশিপ বাতিল করে পুনরায় রিভিউ (পুনর্বিবেচনা) করা হবে কি না।"
সবশেষে তিনি স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতির তীব্র সমালোচনা করে বলেন, "জনপ্রতিনিধিদের ক্ষমতা ব্যবহার করে নিজেদের পরিবার ও আত্মীয়দের ব্যবসা পাইয়ে দেওয়ার এই নোংরা চর্চা কবে নাগাদ স্থায়ীভাবে বন্ধ হবে, তা জাতির সামনে সুস্পষ্টভাবে জানাতে হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন