প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে পুলিশের পক্ষ থেকে কয়েকটি মসজিদকে তিন দিনের মধ্যে মাইক বা লাউডস্পিকার খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে আদালতের নির্দেশনার উল্লেখ করে নোটিশগুলি প্রদান করা হলেও, মুসলিম নেতারা প্রশ্ন তুলেছেন, হিন্দু ধর্মীয় উৎসবের সময় উচ্চ শব্দে গান-বাজনা ও আতশবাজি ব্যবহারের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না। তাদের অভিযোগ, পুলিশ বেছে বেছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে শব্দদূষণ আইন প্রয়োগ করছে।
গত ৯ নভেম্বর মালওয়ানি থানার পুলিশ মুম্বাইয়ের মালাড এলাকার কয়েকটি মসজিদের পরিচালনা কমিটিতে নোটিশ পাঠায়। এর মধ্যে এমএইচএডিএ আবাসিক এলাকার তাইয়্যিবা মসজিদও অন্তর্ভুক্ত। নোটিশ পাওয়ার পর মসজিদগুলোর প্রতিনিধিরা স্থানীয় থানায় গিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা বারবার নোটিশ দেওয়ার বিষয়ে আপত্তি জানান এবং আইন প্রয়োগে বৈষম্যের অভিযোগ তোলেন।
গণেশ উৎসব ঘিরে প্রশ্ন
বৈঠকে মসজিদ প্রতিনিধিরা গণেশ উৎসবের সময় শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের বক্তব্য, গণেশ উৎসবের শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের সময় উচ্চ শব্দে গান-বাজনা, বাদ্যযন্ত্র এবং আতশবাজি ব্যবহার করা হয়। তারা জানতে চান, ওই সময়ও কি পুলিশের কাছ থেকে নোটিশ পেয়েছিলেন এবং শব্দের মাত্রা নিয়মিত পরীক্ষা করা হয়েছিল কি না।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে মসজিদ প্রতিনিধিদের প্রশ্ন, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হলে উৎসবের সময় অন্যান্য ধর্মীয় আয়োজনের ক্ষেত্রেও একই ধরনের নজরদারি ও পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না।
মালওয়ানি এমএইচএডিএ জামা মসজিদের সভাপতি সেলিম আবদুল শেখ অভিযোগ করেন, মসজিদগুলো নির্ধারিত শব্দসীমা মেনে চলার পরও বারবার লাউডস্পিকার খুলে ফেলার নোটিশ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘বিষয়টি এখন হাস্যকর পর্যায়ে পৌঁছেছে। প্রায় প্রতিদিনই নোটিশ দেওয়া হচ্ছে। শব্দের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে থাকা সত্ত্বেও বারবার লাউডস্পিকার সরিয়ে নিতে চাপ দেওয়া হচ্ছে। মনে হচ্ছে, পুলিশ ইচ্ছাকৃতভাবে মুসলিমদের লক্ষ্যবস্তু করছে।’
আদালতের আদেশ ও পুলিশের নোটিশ
মার্চেন্ট ফাউন্ডেশনের প্রধান এবং মসজিদে হজরত আলীর প্রতিনিধি মুহাম্মদ জামিল মার্চেন্ট পুলিশের দেওয়া একটি নোটিশ সংবাদমাধ্যমকে দেখান। ওই নোটিশে লাউডস্পিকার খুলে ফেলার নির্দেশ রয়েছে। জ্যেষ্ঠ পরিদর্শক রানি পুরির সই করা নোটিশে ২০১০ সালে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে দায়ের করা শব্দদূষণসংক্রান্ত একটি জনস্বার্থ মামলার আদালতের নির্দেশনা এবং মুম্বাই পুলিশ কমিশনারের নির্দেশের উল্লেখ রয়েছে।
মসজিদ পরিচালনা কমিটির প্রতিনিধিদের দাবি, লাউডস্পিকার ব্যবহারের জন্য তারা নিয়মিত পুলিশের অনুমতি নিয়েছেন এবং প্রযোজ্য বিধিনিষেধও মেনে চলেছেন। তবে সম্প্রতি অনুমতির আবেদন নিষ্পত্তিতে বিলম্ব করা হচ্ছে। নতুন সরকারি নির্দেশিকা আসতে পারে বলে তাদের জানানো হচ্ছে। এতে মসজিদে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানান তারা।
মুহাম্মদ জামিল মার্চেন্ট বলেন, নিজেদের উদ্যোগে শব্দের মাত্রা পরিমাপ করে তার রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা করছেন তাঁরা। এ জন্য একটি শব্দের মাত্রা পরিমাপক যন্ত্রও কেনা হয়েছে। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
আইনে কী বলা আছে
ভারতের শব্দদূষণ (নিয়ন্ত্রণ ও বিধিমালা) ২০০০ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া লাউডস্পিকার বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহার করা যায় না। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত খোলা জায়গায় লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে নির্দিষ্ট সাংস্কৃতিক, ধর্মীয় বা উৎসবের আয়োজনে বছরে সর্বোচ্চ ১৫ দিন রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত ব্যবহারের অনুমতি দিতে পারে রাজ্য সরকার।
মুম্বাই পুলিশের নিজস্ব ওয়েবসাইটেও লাউডস্পিকার ব্যবহারের অনুমতির শর্তাবলি প্রকাশ করা হয়েছে। সেখানে আবাসিক এলাকায় দিনের বেলায় শব্দের সর্বোচ্চ সীমা ৫৫ ডেসিবেল এবং রাতে ৪৫ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক এলাকায় এ সীমা যথাক্রমে ৬৫ ও ৫৫ ডেসিবেল। শিল্পাঞ্চল ও নীরব এলাকাসহ অন্যান্য এলাকার জন্যও পৃথক সীমা রয়েছে। পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, অনুমতি থাকলেও নির্ধারিত শব্দসীমা অতিক্রম করা যাবে না।
এদিকে মুম্বাইয়ের উপনগর জেলা প্রশাসনের ওয়েবসাইটে ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে নির্ধারিত সীমার মধ্যে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত লাউডস্পিকার ব্যবহারের কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিটির কার্যকারিতার মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
গণেশ উৎসবেও বিধিনিষেধের নির্দেশ
শব্দদূষণ নিয়ন্ত্রণে ২০২৬ সালের ২২ সেপ্টেম্বর বোম্বে হাইকোর্টের দেওয়া একটি আদেশও এ বিতর্কে গুরুত্বপূর্ণ। আদালত উৎসব ও শোভাযাত্রায় শব্দের মাত্রা পরিমাপ এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদেশে উৎসবের সময় জনসাধারণের রাস্তা ও সড়কে আতশবাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা হয়। পাশাপাশি অনুমতিপ্রাপ্ত আয়োজকদেরও শব্দের মাত্রা পরিমাপের ব্যবস্থা রাখতে এবং কর্তৃপক্ষকে নিয়মিত শব্দের মাত্রা রেকর্ড করতে বলা হয়েছে।
আদালতের নির্দেশনায় গণেশ বিসর্জন শোভাযাত্রায় শব্দের মাত্রা পর্যবেক্ষণ, অনুমতিবিহীন সাউন্ড সিস্টেম বন্ধ করা এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও রয়েছে। অর্থাৎ বিধিনিষেধ শুধু মসজিদের জন্য নয়; উৎসবের শোভাযাত্রা ও অন্যান্য ধর্মীয় আয়োজনের ক্ষেত্রেও তা প্রযোজ্য।
এর আগে ২০২৫ সালের এপ্রিলে মহারাষ্ট্র পুলিশ বোম্বে হাইকোর্টকে জানিয়েছিল, রাজ্যের বিভিন্ন ধর্মীয় ও অন্যান্য প্রতিষ্ঠানে স্থাপিত ২ হাজার ৮১২টি অবৈধ লাউডস্পিকারের মধ্যে ৩৪৩টি সরিয়ে ফেলা হয়েছে এবং ৮৩১টি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ওই তালিকায় মসজিদ, মন্দির, দরগাহ, গির্জা, গুরুদুয়ারাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ছিল। আদালত তখনও সব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনুমতি ও শব্দদূষণসংক্রান্ত নিয়ম কঠোরভাবে মানার ওপর জোর দিয়েছিলেন।
অন্যদিকে, ২০২৬ সালের গণেশ উৎসবের আগে মুম্বাইয়ের গণেশ মণ্ডপগুলোকে প্রতিমা বিসর্জনের নির্দিষ্ট চার দিনে সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত লাউডস্পিকার ও অ্যামপ্লিফায়ার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তবে এ অনুমতির ক্ষেত্রেও নির্ধারিত শব্দসীমা মেনে চলার শর্ত ছিল।
সমানভাবে আইন প্রয়োগের দাবি
মসজিদ প্রতিনিধিদের অভিযোগ, তারা লাউডস্পিকার ব্যবহারের অনুমতি নিয়ে নিয়ম মেনে চলার চেষ্টা করলেও বারবার নোটিশ ও প্রশাসনিক জটিলতার মুখে পড়ছেন। অন্যদিকে, উৎসবের সময় উচ্চ শব্দে গান-বাজনা ও আতশবাজি ব্যবহারের ক্ষেত্রে একই মাত্রার নজরদারি হচ্ছে কি না, তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে।
ভারতের মসজিদগুলোতে সাধারণত আজান প্রচারের জন্য লাউডস্পিকার ব্যবহার করা হয়। তাই এ নিয়ে বিধিনিষেধ ধর্মীয় চর্চা ও স্বাধীনতার প্রশ্নের সঙ্গেও জড়িত। মসজিদ পরিচালনা কমিটির প্রতিনিধিরা সব ধর্মীয় সম্প্রদায়ের ক্ষেত্রে শব্দদূষণ আইন সমানভাবে প্রয়োগ, অনুমতি দেওয়ার প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করা এবং অভিযোগের ভিত্তিতে নেওয়া পদক্ষেপের তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।
সূত্র: ক্ল্যারিয়ন ইন্ডিয়া, বোম্বে হাইকোর্ট, মুম্বাই পুলিশ, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও ফ্রি প্রেস জার্নাল
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন