০৫:৪০ পি.এম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাসে হেনস্তা ও দুর্ব্যবহারের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিহাস পরিবহনের ১২টি বাস আটক করেছেন। অভিযুক্ত বাসকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষমা চাওয়ার দাবিতে সোমবার (২ নভেম্বর) দুপুরে বাসগুলো আটক করে ক্যাম্পাসের অভ্যন্তরে নিয়ে আসা হয়।
ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী। তার অভিযোগ, গতকাল রবিবার (১ নভেম্বর) ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে তিনি একটি বাসে ওঠেন। তবে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বাসা থেকে ফোন করে তাকে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসতে বলা হয়। পরে রাস্তা পার হয়ে তিনি ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন।
ওই ছাত্রী জানান, হেমায়েতপুর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের নির্ধারিত বাসভাড়া ১০ টাকা হলেও বাসের কন্ডাক্টর তার কাছ থেকে ২০ টাকা আদায় করেন। পরে নির্ধারিত স্থানে বাস না থামিয়ে তাকে চলন্ত বাস থেকে নামতে বলা হয়।
আরও পড়ুন: এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ডিসেম্বরেই
এ সময় বাস থামানোর পর নামবেন বলে জানালে কন্ডাক্টর তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন ওই ছাত্রী।
তিনি আরো জানান, এ সময় তিনি চিৎকার করলে অভিযুক্ত বাসকর্মী আর এগোননি। বাস থেকে নামার পর তাকে এবং তার সঙ্গে থাকা আরেকজনকে উদ্দেশ করে গালাগালা ও অসৌজন্যমূলক আচরণ করা হয় বলেও অভিযোগ তার।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, বাসভাড়া নিয়ে রবিবার ইতিহাস পরিবহনের এক বাসচালকের সহকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ করেন। এর প্রতিবাদে সোমবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে কয়েকটি বাস আটক করে অভিযুক্ত ব্যক্তির ক্ষমা চাওয়ার দাবি জানান।
তিনি আরো বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাস কর্তৃপক্ষকে জানানো হলে তারা অভিযুক্তকে শনাক্ত করে নিয়ে আসে। ভুক্তভোগী শিক্ষার্থীর চাওয়া অনুযায়ী কোনো আর্থিক ক্ষতিপূরণ নয়; বরং অভিযুক্ত ব্যক্তির অনুশোচনা প্রকাশ ও ক্ষমা চাওয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক দিনের শাটডাউন শেষে মঙ্গলবার ক্লাসে ফিরছেন
ঘটনার সুষ্ঠু মীমাংসার জন্য সহকারী প্রক্টর জয় ও সহকারী প্রক্টর শায়লা শারমিন সেতুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন