১০:১৮ পি.এম
মানবাধিকারভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস) প্রতিষ্ঠার এক বছরের মধ্যে দেশের ৩০টি জেলা ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করেছে। সংগঠনটি তরুণদের মানবাধিকার সুরক্ষার আন্দোলনে সম্পৃক্ত করার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গড়ে উঠেছে, এবং এ সময়ে দেশজুড়ে সাংগঠনিক বিস্তৃতি অর্জন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সোমবার (২ নভেম্বর) সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আনন্দ র্যালির আয়োজন করা হয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের সংগঠনটির সদস্যরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ, আহত দুই শিক্ষার্থী
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচআরডিএসের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ। অতিথি হিসেবে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এবং সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
সংগঠন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২ নভেম্বর তরুণদের মানবাধিকার রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করা এবং এ বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে এইচআরডিএস। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এক বছরের ব্যবধানে দেশের ৩০টি জেলা ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এর সাংগঠনিক ইউনিট গড়ে উঠেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনের নেতারা মানবাধিকার সুরক্ষা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং তরুণদের নেতৃত্বে মানবাধিকার আন্দোলনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষ ১৩ ঘণ্টা অবরুদ্ধের পর পুলিশের সহায়তায় উদ্ধার, শিক্ষার্থীদের বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন