ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধ বিরতিতে ‘আশার আলো’, নমনীয় অবস্থানের ইঙ্গিত


যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধ বিরতিতে ‘আশার আলো’, নমনীয় অবস্থানের ইঙ্গিত

চলমান যুদ্ধ ও সংঘাত নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আপসের সুস্পষ্ট ইঙ্গিত প্রকাশ পাচ্ছে, যা একটি সম্ভাব্য সমঝোতার ক্ষেত্রে 'আশার আলো' হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক ভূ-রাজনীতি বিশেষজ্ঞরা।

মার্কিন গবেষণা সংস্থা 'কোয়িন্সি ইনস্টিটিউট'-এর সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী সহ-সভাপতি ত্রিতা পারসি জানিয়েছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে দুই দেশই পূর্বের কঠোর অবস্থান থেকে সরে এসে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পারসি এই পর্যবেক্ষণ তুলে ধরেন।

পারসি ব্যাখ্যা করেন, "পূর্বে দুই দেশ যেসব কঠোর অবস্থান নিয়েছিল, তা এখন আর আগের মতো দেখা যাচ্ছে না। উদাহরণস্বরূপ, ট্রাম্প প্রশাসন আগে জানিয়েছিল যে হরমুজ প্রণালী উন্মুক্ত করা হলেও তারা তাদের অবরোধ (Blockade) তুলে নেবে না। সরকারের এই অনমনীয় অবস্থানের কারণে যেকোনো সম্ভাব্য চুক্তির পথ কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।"

আরও পড়ুন: বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন

বর্তমান পরিস্থিতি পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "এখন মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন তাদের সেই অনমনীয় অবস্থান কিছুটা শিথিল করেছে এবং একটি বাস্তবসম্মত অবস্থানে এসেছে।" যদিও এই পরিবর্তনের অর্থ এই নয় যে চুক্তি একদম নিশ্চিত হয়ে গেছে, তবে এটি একটি ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেয়।

উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি আলোচনা প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পারসির মতে, নতুন কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে বর্তমান এই সংকটময় পরিস্থিতি আলোচনা প্রক্রিয়া বা সম্ভাব্য চুক্তিকে ভণ্ডুল করতে পারবে না। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমন্বিত কৃষিনীতি দেশের সমৃদ্ধি দ্রুত টেকসই করবে: রুহুল কবির রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


সমন্বিত কৃষিনীতি দেশের সমৃদ্ধি দ্রুত টেকসই করবে: রুহুল কবির রিজভী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। আজ ২ নভেম্বর (সোমবার) এই প্রতিষ্ঠাবার্ষিকী দিবসটি জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের তত্ত্বাবধানে বাণী প্রচার করা হয়, পাশাপাশি জাতীয় দিবস উদযাপন কমিটি-২০২৬ কর্তৃক জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন ও সাদা পায়রা উড্ডয়ন, কেক কাটা, বৃক্ষরোপণ এবং বর্ণাঢ্য র‌্যালিও অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন জাতীয় দিবস উদযাপন কমিটি-২০২৬-এর সভাপতি ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও সিকৃবি’র সিন্ডিকেট সদস্য মোছাঃ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসা এর চেয়ারম্যান ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর পরিচালক মোঃ বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসোইন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ হোসেন চৌধুরী।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি’র ট্রেজারার ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ শাহজাহান মজুমদার, অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, এবং অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর সদস্য-সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।

প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল কবির রিজভী উল্লেখ করেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের শিক্ষা ও কৃষিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছিল। তিনি বলেন, "বিএনপি বিগত সময়ে শিক্ষা ব্যবস্থায় যে অগ্রগতি সাধন করেছিল তা বিগত ফ্যাসিস্ট সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছিল।" বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, "বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মুখ থুবড়ে পরা শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক পর্যায়ে নেয়ার কাজ শুরু করেছে।" তিনি সকলের সহযোগিতার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপনকারী, সিলেটের কৃতী সন্তান ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের অবদান এ অঞ্চলের মানুষ চিরদিন মনে রাখবে। তিনি বলেন, "কৃষির সমন্বিত নীতিই টেকসই সমৃদ্ধির পথ। পতিত জমির সুষ্ঠু ব্যবহার, কৃষি জমি রক্ষা ও কৃষকের সরাসরি সহায়তায় গড়ে উঠতে পারে টেকসই কৃষি বিপ্লব।" কৃষি নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানের মূল ভিত্তি হিসেবে কৃষির গুরুত্ব তুলে ধরেন তিনি।

দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে অনেক জমি অব্যবহৃত বা পতিত অবস্থায় পড়ে আছে। এসব জমি চিহ্নিত করে চাষের আওতায় আনা গেলে উৎপাদন বাড়বে এবং খাদ্যের ওপর নির্ভরশীলতা কমবে। এজন্য সঠিক জরিপ, মালিকানার স্বচ্ছতা, সেচ ব্যবস্থা ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, "উর্বর কৃষি জমি একবার হারিয়ে গেলে তা ফিরে পাওয়া কঠিন।" আবাসন প্রকল্পের প্রয়োজন মেটাতে কৃষি জমির বদলে পতিত বা কম উৎপাদনশীল জমি ব্যবহারের পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান। কার্যকর ভূমি ব্যবহার নীতিমালা প্রয়োগের মাধ্যমে উন্নয়ন ও খাদ্য উৎপাদনের মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব।

তিনি আরও বলেন, হতদরিদ্র কৃষকদের জন্য কৃষক কার্ড চালু বর্তমান সরকারের একটি ইতিবাচক উদ্যোগ। এর মাধ্যমে সহজ ঋণ, ভর্তুকিযুক্ত উপকরণ ও সরকারি সেবায় প্রবেশাধিকার নিশ্চিত হলে উৎপাদনশীলতা ও কৃষকের আয় দুটোই বাড়বে। তবে কার্ড প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিয়মিত তদারকি ও যাচাই করা জরুরি। তিনি বলেন, "উন্নত দেশের ন্যায় সরকার শিক্ষা ঋণ চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে গরিব ও মেধাবী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ পাবে।"

প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, "একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য নির্ভর করে তার শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং মানবসম্পদ উন্নয়নের ওপর।" তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষা ও গবেষণায় অর্জিত অগ্রগতির গুরুত্ব তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, আধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণা লব্ধ জ্ঞান মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে আসা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা আরও বেগবান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "এখান থেকে দক্ষ, সৎ, মেধাবী ও দেশপ্রেমিক কৃষিবিদ তৈরি হবেন, যারা দেশের কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এটাই প্রত্যাশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, ৪১ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, ৪১ জন আটক

যশোরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ নভেম্বর) দিবাগত গভীর রাতে স্মৃতিস্তম্ভের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটেছে।

দুর্বৃত্তদের আগুন দেওয়ার দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেছেন নিষিদ্ধঘোষিত যুবলীগের কয়েকজন নেতা। তবে পুলিশ জানিয়েছে, আগুনে স্মৃতিস্তম্ভটি পুড়ে যায়নি।

স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার প্রতিবাদে সোমবার বিকেলে জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে জেলা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, স্মৃতিস্তম্ভের আশপাশে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে গভীর রাতে তিন যুবককে সেখানে যেতে দেখা গেছে। তাদের মধ্যে দুজন দাহ্য পদার্থ ব্যবহার করে স্মৃতিস্তম্ভের নিচে আগুন ধরান এবং অন্যজন ঘটনাটি ভিডিও করেন। পুলিশ ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।

সূত্র আরো জানায়, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, পৌরসভার সাবেক কাউন্সিলর আলমগীর কবির সুমন ও ছাত্রলীগের সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক রবিউল ইসলামসহ কয়েকজন তাদের ফেসবুক পেজে আগুন দেওয়ার ভিডিও প্রচার করেছেন।

এদিকে রবিবার সকালে শহরের মাইকপট্টিতে সরকারবিরোধী ঝটিকা মিছিলের অভিযোগে কোতোয়ালি থানা এলাকা থেকে যুবলীগের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে সাতজন সরাসরি মিছিলে অংশ নিয়েছিলেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানিয়েছেন, জেলার নয়টি থানা ও ডিবি পুলিশের অভিযানে নাশকতার অভিযোগে মোট ৪১ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হবেন কারা, জানিয়েছেন রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হবেন কারা, জানিয়েছেন রিজভী

স্থানীয় পর্যায়ে জেলা ও উপজেলা বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আসন্ন স্থানীয় নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে তিনি উল্লেখ করেন, যে প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি, তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে। এই প্রক্রিয়ায় জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় হবে।

আজ সোমবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

রিজভী আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন কার্যক্রমকে আরো জোরদার করা হবে। ভোট গ্রহণ এবং মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ঘোষণার পর দলের কার্যক্রমও সেই অনুযায়ী পরিচালিত হবে।

চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে দেশ ও দেশের বাইরের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, দেশের পরাজিত শক্তি প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন ধরনের উসকানি দিচ্ছে। দেশের ভেতরেও কিছু রাজনৈতিক শক্তি নতুন সরকারকে অস্থিতিশীল করতে অপপ্রচার চালাচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলা করে দেশে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে সরকার কাজ করছে।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও আব্দুল মালিক চৌধুরী প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশিগানে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটদের মধ্যে বিভক্তি সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


মিশিগানে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটদের মধ্যে বিভক্তি সৃষ্টি

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্য হ্যালি মারিয়া স্টিভেন্স দলের ঐক্য ভেঙে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার তিনি বামপন্থী প্রগতিশীল প্রার্থী আবদুল এল-সাইয়েদের বিরুদ্ধে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থনের কথা ঘোষণা করেন।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই দিন আগে ডেমোক্র্যাটদের মধ্যে এই ধরনের দলীয় কোন্দল রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।

কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেনস গত আগস্টে ডেমোক্র্যাটদের প্রাথমিক নির্বাচনে এল-সাইয়েদের কাছে পরাজিত হন। যদিও তিনি দলের নেতৃত্বের সমর্থন পেয়েছিলেন, তবুও তাকে ওই পরাজয় মেনে নিতে হয়েছে। রোববার তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থনের ঘোষণা দেন।

সমর্থনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি যে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, তা আমরা সবাই জানি। কিন্তু আবদুল স্পষ্ট করে দিয়েছেন, তার নির্বাচনী প্রচারে আমার কোনো জায়গা নেই।’

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে ডেমোক্র্যাটরা চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে মিশিগানের সিনেট নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে দেখা হচ্ছে। এই অঙ্গরাজ্যে জয়লাভ করলে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথ সহজ হতে পারে দলের জন্য।

স্টিভেনসের এই ঘোষণা ডেমোক্র্যাটদের অভ্যন্তরীণ বিভক্তির একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে বামপন্থী প্রার্থীদের সঙ্গে দলের মূলধারার নেতৃত্বের মধ্যে প্রায়ই মতবিরোধ দেখা যাচ্ছে।

জাতীয় পর্যায়ে ক্রমেই পরিচিতি পাওয়া প্রার্থী এল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের জোটের কঠোর সমালোচক। তিনি ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন।

স্টিভেনসের ঘোষণার পর এল-সাইয়েদ গুরুত্ব দিতে রাজি হননি। তিনি বলেন, ‘দিন শেষে আমি আসলে হ্যালি স্টিভেনসকে নিয়ে ভাবি না। আমি ভাবি ওই দুজন ছাড়া বাকি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৮ জন মানুষকে নিয়ে।’

স্টিভেনস ও রজার্সকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘কারণ, রাজনীতির চেয়ে নীতিগত বিষয়গুলো নিয়েই আমি বেশি আগ্রহী।’

স্টিভেনসের ঘোষণার পর ডেমোক্র্যাট শিবিরে দ্রুত তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সিনেটে সংখ্যালঘু দলের নেতা চাক শুমার তার এ পদক্ষেপকে ‘ঘৃণ্য বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেন।

অন্যদিকে, মিশিগান ডেমোক্র্যাটদের কৃষ্ণাঙ্গ ককাসের সভাপতি মন্তব্য করেন যে, স্টিভেনস নিজেকে এমন একজন সুবিধাবাদী হিসেবে প্রকাশ করেছেন, যিনি নিজের পথ হারিয়েছেন।

নির্বাচিত হলে এল-সাইয়েদ হবেন যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম মুসলিম সদস্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে প্রায়ই তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। ট্রাম্প তাকে ‘জিহাদি’ বলে অভিহিত করেছেন এবং অভিযোগ করেছেন, তিনি যুক্তরাষ্ট্রে ইসলামি আইন চালু করতে চান।

স্টিভেনসের ঘোষণার পরপরই ট্রাম্প তার প্রশংসা করেন। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লেখেন, ‘হ্যালি এমন কথা বলেছেন, যা বলার সাহস খুব কম মানুষেরই আছে।’ এ পদক্ষেপকে তিনি ‘সাহসিকতা’ বলেও অভিহিত করেন।

নির্বাচনের আগে অধিকাংশ জনমত জরিপে এল-সাইয়েদকে রজার্সের চেয়ে সামান্য এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%