০৪:৫০ এম
নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে। এই ঘটনার পর উপজেলার বিভিন্ন স্থানে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের বাড়িগুলোর ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফলে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত যুবদল নেতার নাম আবু বকর রানা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী পুটিকা বাজার এলাকায় গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের বাধা দেন। একপর্যায়ে যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে।
আরও পড়ুন: ৩৫ ছাত্রীর কেউ নেই ক্লাসে, সবাই শ্বশুরবাড়িতে
এই ঘটনার পর দুর্বৃত্তরা উপজেলার বড়রুহী এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমানুর রশীদ খান জুয়েলের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাইল ফোনে জানান, ‘যুবদল নেতার ওপর অতর্কিত হামলার কারণে এ ঘটনাগুলো ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’
আহত যুবদল নেতা আবু বকর রানাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাড়িঘরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরও পড়ুন: ইউপি ভোটে ১৫ রাজনৈতিক দলের সঙ্গে আজ ইসির সংলাপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন