ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘ক্রোধের আগুন’ পৌঁছেছে সিলেটের তিন বাড়িতে


‘ক্রোধের আগুন’ পৌঁছেছে সিলেটের তিন বাড়িতে

ভোরের আলো ফোঁটার আগে সিলেট-৩ আসনের বিএনপি দলের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের মাধ্যমে আগুন জ্বলেছিল। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায়, ১৪ ঘণ্টা পর, একই আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এই দুটি ঘটনায় সিলেটজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এর শুরু হয়েছিল ২০ নভেম্বর সিলেট নগরের দাঁড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে। এ পরিস্থিতিতে সিলেটে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার কামাল বাজার ইউনিয়নের ধরগাঁওয়ে সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য প্রবাসী নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়, যেখানে স্থানীয়রা বাধা প্রদান করেন।

হাবিবুর রহমানের আত্মীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৫০ থেকে ২০০ জন লোক ওই বাড়িতে উপস্থিত হন। তাঁরা ড্রয়িংরুম ভাঙচুরের পাশাপাশি বাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন। এসময় এলাকার কিছু লোক দলবদ্ধ হয়ে অগ্নিসংযোগকারীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে কয়েকটি মোটরসাইকেল মাটিতে পড়ে যায় এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: লরির পেছনে বাসের ধাক্কা, মুহূর্তেই চার গাড়ির সংঘর্ষে আহত ৩০

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বিভিন্ন ভিডিওতে দেখা যায়, হাবিবুর রহমানের বাড়ির উঠানে বেশ কিছু ছড়ানো-ছেটানো চেয়ার রয়েছে, যেগুলোর ওপর আগুন জ্বলছে। কিছু দূরে গ্রামের রাস্তার পাশে কয়েকটি মোটরসাইকেলও আগুনে পুড়ে যাচ্ছে।

কামালবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একরামুল হক জানান, ‘কে বা কারা সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দিয়েছে, সে খবর তিনি শুনেছেন। গ্রামের লোকজন কয়েকটি মোটরসাইকেলেও আগুন দিয়েছেন।’

সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে রয়েছেন এবং তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বলেন, ‘সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিকের বাড়িতে ভোরে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিএনপি ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল বের করেন। এসময় মাইকে ঘোষণা দিয়ে কিছু ব্যক্তি মিছিলে হামলা চালান। পরে উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’ তবে তিনি দাবি করেন, ‘সাবেক এমপি হাবিবুর রহমানের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি।’

আরও পড়ুন: অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি আজ, দুই আদালতে বিচার শুরু

এর আগে, একই দিন ভোর ৩টা ৫০ মিনিটের দিকে দক্ষিণ সুরমা উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মালিকের বাড়িতে পেট্রল হামলা হয়। এতে আগুন ধরে গেলে বাড়ির নিরাপত্তারক্ষীরা দ্রুত সক্রিয় হয়ে আগুন নিভিয়ে ফেলেন।

সংসদ সদস্য আবদুল মালিক গণমাধ্যমকে জানান, ‘হঠাৎ একটা বিকট শব্দ হয়। তখন আমার সিকিউরিটি গার্ডরা (দুই জন) দ্রুত বের হয়ে দেখে পিকআপে করে এসে পেট্রোল বোমা মেরেছে। বাসায় ফায়ার ডিস্টিংউইশার থাকায় রক্ষা হয়েছে। সেগুলো ব্যবহার করে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’ তিনি বলেন, ‘এ হামলা নতুন নয়, এর আগেও তাদের সরকারের সময় (আওয়ামী লীগ) তারা এ বাড়িতে হামলা করেছে, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে, এমনকি বাড়ি থেকে মাটি উঠিয়ে নিয়ে গেছে পর্যন্ত। পরে আমি নতুন করে সব ঠিকঠাক করেছি।’

লন্ডন থেকে সন্ত্রাসী কাজের ফান্ডিং হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ সুরমায় বিভিন্ন উপজেলা থেকে সন্ত্রাসীরা এসে এসব কর্মকাণ্ড করে। মূলত যত সন্ত্রাসী চক্রদের কর্মকাণ্ডের জন্য ফান্ডিং করছে আওয়ামী লীগের কে বা কারা। আমি মনে করি, আরেকটা উসকানি আছে লন্ডন থেকে।’ উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আজকের হামলার পর লন্ডন থেকে তারা প্রথম নিউজটি করেছে। অথচ তখন পর্যন্ত আমরা কোনো মিডিয়ার সঙ্গে কথাই বলিনি। এসব তথাকথিত সাংবাদিক কিন্তু মূলত তাদের ব্যাকগ্রাউন্ড তারা আওয়ামী লীগ।’

সংসদ সদস্যের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন। তিনি বলেন, ‘ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুন ধরে গেলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।’ তিনি জানান, ‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

আরও পড়ুন: সাভার ও আশুলিয়ায় দুটি বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

তবে তারও প্রায় নয়দিন আগে, গত ২০ নভেম্বর ভোররাত তিনটার দিকে নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের সিলেটের বাসার সামনে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

পুলিশ তখন জানিয়েছিল, নগরের দাঁড়িয়াপাড়া এলাকার একটি গলির মূল গেটের ভেতরে কোনো বস্তু বা পলিথিনে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই গলির ভেতরে তিন-চারটা বাসা রয়েছে। এর মধ্যে একটি বাসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ন কবিরের। আগুনের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি নেই।

তবে বাড়িতে আগুন দেওয়ার নতুন সংস্কৃতিতে সাধারণ মানুষ শঙ্কিত ও ক্ষুব্ধ। তারা বলছেন, আগে বাসে, ট্রেনে আগুন দেওয়া হয়েছে। এখন নতুন করে যুক্ত হয়েছে প্রতিপক্ষ নেতাদের বাড়িতে ‘ক্রোধের আগুন’ লাগানো। এটি প্রাণহানি বাড়াবে এবং দেশকে আরো পেছনের দিকে নিয়ে যাবে।

নাম প্রকাশ না করার শর্তে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক সদস্য বলেন, ‘সারা পৃথিবী সামনের দিকে এগোচ্ছে। আমরা শুধু পেছনের দিকে দৌড়াচ্ছি। এই যে প্রতিপক্ষ নেতাদের বাড়িতে আগুন দেওয়ার সংস্কৃতি হালে বাতাস পেয়েছে। এটি একসময় সবাইকে পুড়াবে। এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত।’

আরও পড়ুন: সিলেটে বিজিবির অভিযানে মানব পাচারকারী মো. কিবরিয়া আটক

সিলেট জেলা বারের আইনজীবী রনেন সরকার রনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড শুধু উদ্বেগের নয়, হতাশারও। সুস্থর চেয়ে আমরা বরাবরই অসুস্থের দিকে হেঁটেছি, এখনও হাঁটছি। এ থেকে বাইর হওয়া দরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫০ এম


পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে অগ্নিসংযোগ

নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে। এই ঘটনার পর উপজেলার বিভিন্ন স্থানে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের বাড়িগুলোর ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফলে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত যুবদল নেতার নাম আবু বকর রানা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী পুটিকা বাজার এলাকায় গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের বাধা দেন। একপর্যায়ে যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে।

এই ঘটনার পর দুর্বৃত্তরা উপজেলার বড়রুহী এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমানুর রশীদ খান জুয়েলের বাড়িসহ অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাইল ফোনে জানান, ‘যুবদল নেতার ওপর অতর্কিত হামলার কারণে এ ঘটনাগুলো ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’

আহত যুবদল নেতা আবু বকর রানাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাড়িঘরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লরির পেছনে বাসের ধাক্কা, মুহূর্তেই চার গাড়ির সংঘর্ষে আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫০ এম


লরির পেছনে বাসের ধাক্কা, মুহূর্তেই চার গাড়ির সংঘর্ষে আহত ৩০

চলন্ত অবস্থায় একটি লরির পেছনে বাসের ধাক্কা দেওয়ার পর আরো দুটি গাড়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় এই চার গাড়ির দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে দুটি বাস, একটি লরি এবং একটি মাইক্রোবাস অন্তর্ভুক্ত রয়েছে।

ঘটনার স্থলে কোনো প্রাণহানি ঘটেনি, তবে অন্তত ৩০ জনকে আহত অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে কিছুজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি জানান, চট্টগ্রামমুখী একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা প্লাস নামের একটি যাত্রীবাহী বাস। এরপর ওই বাসটির পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস, এবং সেই বাসের পেছনে ধাক্কা দেয় একই অভিমুখের একটি মাইক্রোবাস।

তিনি আরও বলেন, মূলত চলন্ত অবস্থায় প্রতিটি গাড়ির মধ্যে দূরত্ব খুব কম ছিল। লরির পেছনে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই পেছনের গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয়রা দুটি পাশের গাড়ির চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডাক্তার রানা জানান, আমাদের হাসপাতাল থেকে ৮ জনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। তবে এখনো সবার নাম ঠিকানা রেজিস্টার খাতায় তোলা হয়নি এবং আহতদের সংখ্যা সঠিকভাবে নির্ধারণ করা যাচ্ছে না।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%