প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোরের আলো ফোঁটার আগে সিলেট-৩ আসনের বিএনপি দলের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের মাধ্যমে আগুন জ্বলেছিল। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায়, ১৪ ঘণ্টা পর, একই আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এই দুটি ঘটনায় সিলেটজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এর শুরু হয়েছিল ২০ নভেম্বর সিলেট নগরের দাঁড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে। এ পরিস্থিতিতে সিলেটে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার কামাল বাজার ইউনিয়নের ধরগাঁওয়ে সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য প্রবাসী নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়, যেখানে স্থানীয়রা বাধা প্রদান করেন।
হাবিবুর রহমানের আত্মীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৫০ থেকে ২০০ জন লোক ওই বাড়িতে উপস্থিত হন। তাঁরা ড্রয়িংরুম ভাঙচুরের পাশাপাশি বাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন। এসময় এলাকার কিছু লোক দলবদ্ধ হয়ে অগ্নিসংযোগকারীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে কয়েকটি মোটরসাইকেল মাটিতে পড়ে যায় এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বিভিন্ন ভিডিওতে দেখা যায়, হাবিবুর রহমানের বাড়ির উঠানে বেশ কিছু ছড়ানো-ছেটানো চেয়ার রয়েছে, যেগুলোর ওপর আগুন জ্বলছে। কিছু দূরে গ্রামের রাস্তার পাশে কয়েকটি মোটরসাইকেলও আগুনে পুড়ে যাচ্ছে।
কামালবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একরামুল হক জানান, ‘কে বা কারা সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দিয়েছে, সে খবর তিনি শুনেছেন। গ্রামের লোকজন কয়েকটি মোটরসাইকেলেও আগুন দিয়েছেন।’
সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে রয়েছেন এবং তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বলেন, ‘সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিকের বাড়িতে ভোরে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিএনপি ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল বের করেন। এসময় মাইকে ঘোষণা দিয়ে কিছু ব্যক্তি মিছিলে হামলা চালান। পরে উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’ তবে তিনি দাবি করেন, ‘সাবেক এমপি হাবিবুর রহমানের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি।’
এর আগে, একই দিন ভোর ৩টা ৫০ মিনিটের দিকে দক্ষিণ সুরমা উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মালিকের বাড়িতে পেট্রল হামলা হয়। এতে আগুন ধরে গেলে বাড়ির নিরাপত্তারক্ষীরা দ্রুত সক্রিয় হয়ে আগুন নিভিয়ে ফেলেন।
সংসদ সদস্য আবদুল মালিক গণমাধ্যমকে জানান, ‘হঠাৎ একটা বিকট শব্দ হয়। তখন আমার সিকিউরিটি গার্ডরা (দুই জন) দ্রুত বের হয়ে দেখে পিকআপে করে এসে পেট্রোল বোমা মেরেছে। বাসায় ফায়ার ডিস্টিংউইশার থাকায় রক্ষা হয়েছে। সেগুলো ব্যবহার করে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’ তিনি বলেন, ‘এ হামলা নতুন নয়, এর আগেও তাদের সরকারের সময় (আওয়ামী লীগ) তারা এ বাড়িতে হামলা করেছে, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে, এমনকি বাড়ি থেকে মাটি উঠিয়ে নিয়ে গেছে পর্যন্ত। পরে আমি নতুন করে সব ঠিকঠাক করেছি।’
লন্ডন থেকে সন্ত্রাসী কাজের ফান্ডিং হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ সুরমায় বিভিন্ন উপজেলা থেকে সন্ত্রাসীরা এসে এসব কর্মকাণ্ড করে। মূলত যত সন্ত্রাসী চক্রদের কর্মকাণ্ডের জন্য ফান্ডিং করছে আওয়ামী লীগের কে বা কারা। আমি মনে করি, আরেকটা উসকানি আছে লন্ডন থেকে।’ উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আজকের হামলার পর লন্ডন থেকে তারা প্রথম নিউজটি করেছে। অথচ তখন পর্যন্ত আমরা কোনো মিডিয়ার সঙ্গে কথাই বলিনি। এসব তথাকথিত সাংবাদিক কিন্তু মূলত তাদের ব্যাকগ্রাউন্ড তারা আওয়ামী লীগ।’
সংসদ সদস্যের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন। তিনি বলেন, ‘ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুন ধরে গেলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।’ তিনি জানান, ‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
তবে তারও প্রায় নয়দিন আগে, গত ২০ নভেম্বর ভোররাত তিনটার দিকে নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের সিলেটের বাসার সামনে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
পুলিশ তখন জানিয়েছিল, নগরের দাঁড়িয়াপাড়া এলাকার একটি গলির মূল গেটের ভেতরে কোনো বস্তু বা পলিথিনে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই গলির ভেতরে তিন-চারটা বাসা রয়েছে। এর মধ্যে একটি বাসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ন কবিরের। আগুনের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি নেই।
তবে বাড়িতে আগুন দেওয়ার নতুন সংস্কৃতিতে সাধারণ মানুষ শঙ্কিত ও ক্ষুব্ধ। তারা বলছেন, আগে বাসে, ট্রেনে আগুন দেওয়া হয়েছে। এখন নতুন করে যুক্ত হয়েছে প্রতিপক্ষ নেতাদের বাড়িতে ‘ক্রোধের আগুন’ লাগানো। এটি প্রাণহানি বাড়াবে এবং দেশকে আরো পেছনের দিকে নিয়ে যাবে।
নাম প্রকাশ না করার শর্তে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক সদস্য বলেন, ‘সারা পৃথিবী সামনের দিকে এগোচ্ছে। আমরা শুধু পেছনের দিকে দৌড়াচ্ছি। এই যে প্রতিপক্ষ নেতাদের বাড়িতে আগুন দেওয়ার সংস্কৃতি হালে বাতাস পেয়েছে। এটি একসময় সবাইকে পুড়াবে। এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত।’
সিলেট জেলা বারের আইনজীবী রনেন সরকার রনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড শুধু উদ্বেগের নয়, হতাশারও। সুস্থর চেয়ে আমরা বরাবরই অসুস্থের দিকে হেঁটেছি, এখনও হাঁটছি। এ থেকে বাইর হওয়া দরকার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন