শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:০৩ পি.এম
প্রতিদিনের ব্যস্ততার মাঝে ছোট ছোট ভালো কাজের গুরুত্ব অনেক সময় আমাদের দৃষ্টির আড়ালে চলে যায়। কিন্তু কারো প্রতি সামান্য সহানুভূতি, কিছুটা সহযোগিতা কিংবা আন্তরিক আচরণও অন্যের দিনটিকে সুন্দর করে তুলতে পারে। মানুষের মধ্যে দয়া, উদারতা ও সহমর্মিতার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়ে আজ ১৩ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব সহমর্মিতা দিবস।
১৯৯৮ সালে ওয়ার্ল্ড কাইন্ডনেস মুভমেন্টের উদ্যোগে দিবসটির সূচনা হয়। এরপর থেকে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপন করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো—ব্যক্তি ও সমাজের মধ্যে দয়া, সহমর্মিতা এবং নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলা।
বিশ্ব সহমর্মিতা দিবস কোনো নির্দিষ্ট দেশ, ধর্ম বা সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সাংস্কৃতিক ও জাতীয় সীমানা অতিক্রম করে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই দিবসটির অন্যতম লক্ষ্য।
দিবসটি আমাদের মনে করিয়ে দেয়, ভালো কাজ করতে সব সময় বড় কোনো উদ্যোগের প্রয়োজন হয় না। কারো কথা মনোযোগ দিয়ে শোনা, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা, কাউকে উৎসাহ দেওয়া কিংবা অপরিচিত কারো সঙ্গে সৌজন্যমূলক আচরণ করাও সহমর্মিতার প্রকাশ।
বিশ্বজুড়ে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। ব্যক্তিগত ও সামাজিক জীবনে ছোট ছোট ভালো কাজের চর্চা বাড়িয়ে একটি সহানুভূতিশীল ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয় এই দিনে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশের ইয়েসিলইউর্ত জেলায় একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে জেলার সামানকয় এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।
মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘অজ্ঞাত কারণে মালাতিয়ায় আমাদের এস-৭০ মডেলের একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।’
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, জরুরি চিকিৎসা দল এবং তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
এ সময় দুর্ঘটনাস্থলে সৃষ্ট ছোট একটি আগুন জরুরি সেবাকর্মীরা নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি পুলিশ ও সামরিক কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন।
হেলিকপ্টারটি কী ধরনের মিশনে নিয়োজিত ছিল এবং এতে মোট কতজন আরোহী ছিলেন, সে বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি।
এস-৭০ হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান সিকোরস্কির তৈরি ব্ল্যাক হক পরিবারের সামরিক বহুমুখী হেলিকপ্টার। বিশ্বের বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনী এ ধরনের হেলিকপ্টার ব্যবহার করে, যার মধ্যে তুরস্কও রয়েছে।
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তির লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার মস্কোয় পৌঁছেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, ভনুকোভো বিমানবন্দরে পৌঁছানোর পর তারা রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভের সঙ্গে সাক্ষাৎ করেন।
যুদ্ধ বন্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মঙ্গলবার ও বুধবার ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়া বৈঠকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। গত ফেব্রুয়ারির পর এটি ছিল এ ধরনের প্রথম ত্রিপক্ষীয় আলোচনা।
বুধবারের বৈঠকটি দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে শেষ হওয়ার পর কুশনার জানান, মস্কো বৈঠকের প্রধান উদ্দেশ্য হলো মানবিক সহায়তা বৃদ্ধি এবং বন্দি মুক্তির পরিকল্পনা চূড়ান্ত করা। এছাড়া, আলোচনাটিকে বহুপাক্ষিক রূপ দিতে ইউরোপীয়দের যুক্ত করার বিষয়েও চাপ দেওয়া হবে। ইউক্রেন দীর্ঘদিন ধরেই মূল আলোচনার টেবিলে ইউরোপকে রাখার দাবি জানিয়ে আসছে। তবে মস্কো ত্রিপক্ষীয় আলোচনায় অংশগ্রহণ করলেও ইউরোপীয়দের উপস্থিতির বিরোধিতা করে আসছে।
চলতি সপ্তাহের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের ওই শহরে ইউরোপীয় কর্মকর্তাদের উপস্থিতির সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, তাদের এই সম্পৃক্ততা কোনো আশাব্যঞ্জক পদক্ষেপ নয়।
ট্রাম্প প্রশাসনে আনুষ্ঠানিক কোনো পদে না থেকেও দেশের অন্যতম শীর্ষ কূটনীতিক হিসেবে ভূমিকা পালন করা কুশনার এবং উইটকফ পরবর্তীতে ডাবলিনে যাওয়ার পরিকল্পনা করছেন। সেখানে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আবুধাবি আলোচনা থেকে উঠে আসা ধারণাগুলো নিয়ে আলোচনা করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং মন্তব্য করেছেন যে, তাইওয়ান একদিন চীনের সঙ্গে যুক্ত হবে। বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক ভাষণে তিনি তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণভাবে এক হওয়ার আহ্বান জানান। তবে, এ বিষয়ে সামরিক শক্তি ব্যবহারের কোনো উল্লেখ তিনি করেননি। শির এই প্রস্তাবকে তাইওয়ান সরকার প্রত্যাখ্যান করেছে।
চীন দীর্ঘকাল ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। কিন্তু তাইওয়ান এই দাবি মানতে রাজি নয়। চীন ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির আওতায় তাইওয়ানকে স্বায়ত্তশাসনের প্রস্তাব দিয়ে আসছে, কিন্তু তাইওয়ানের কোনো প্রধান রাজনৈতিক দল এই প্রস্তাবে সম্মত হয়নি।
শি চিনপিং বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেওয়া ভাষণে বলেন, তাইওয়ান সমস্যার সমাধান করা চীনা কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের লক্ষ্য। তিনি উল্লেখ করেন, ‘ইতিহাসের গতিধারা থামানো যায় না। চীনের পূর্ণ পুনরেকত্রীকরণ অবশ্যই হবে।’
তবে, তাইওয়ান সরকার শির এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। দেশটির মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল জানিয়েছে, সরকার বা জনগণ, কেউই ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি মেনে নেবে না। তাদের মতে, এই নীতি গ্রহণ করা মানে হবে চীনা কমিউনিস্ট পার্টির একনায়কতান্ত্রিক শাসন মেনে নেওয়া।
কাউন্সিলের মুখপাত্র লিয়াং ওয়েন-চিয়ে সাংবাদিকদের জানান, তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করার বিষয়ে শি চিনপিংয়ের বক্তব্য আগের অবস্থানের তুলনায় খুব বেশি আলাদা নয়। বিপ্লবী নেতা সান ইয়াৎ-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শি এসব কথা বলেন।
শি আরও বলেন, চীন তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণভাবে এক হওয়ার নীতি এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ মডেলে অটল রয়েছে। তিনি জানান, ‘এক চীন নীতি’ বজায় রেখেই তাইওয়ানের সঙ্গে আলোচনা করতে চায় বেইজিং। এই নীতি অনুযায়ী, চীন মনে করে তাইওয়ান প্রণালীর দুই পাশই একই দেশের অংশ।
তিনি বলেন, তাইওয়ানের জনগণসহ সব চীনা নাগরিকের উচিত তাইওয়ানের স্বাধীনতার পক্ষে থাকা বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। একই সঙ্গে তাইওয়ান প্রণালির দুই পাশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
যদিও শি সরাসরি সামরিক শক্তি প্রয়োগের কথা বলেননি, তবে তাইওয়ানের ক্ষেত্রে চীন কখনোই এ সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি। ইতোমধ্যে, চীনের সামরিক বাহিনী নিয়মিতভাবে তাইওয়ানের আশপাশে সামরিক তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও নিজেদের সামরিক উপস্থিতি ও প্রভাব বাড়াচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করে অপহরণের নাটক সাজানো একটি সংঘবদ্ধ চক্রের তথ্য পাওয়া গেছে। এই চক্রটি কণ্ঠ নকল করে কান্নাকাটির আওয়াজ শোনানোর মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণের টাকা হাতিয়ে নিত। মানিকগঞ্জের এক কলেজছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় একই কৌশলে অর্থ হাতানোর পর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ফয়সাল এবং আলামিন রয়েছেন। নারায়ণগঞ্জে সম্প্রতি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসআরবি জানিয়েছে, এই চক্রটি গত এক বছরে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে।
ভুক্তভোগীর পরিবার এবং এসআরবি সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈরে বোনের বাসা থেকে রাজধানীর মগবাজারে ফেরার উদ্দেশ্যে বাসে ওঠেন মানিকগঞ্জের কলেজছাত্র হৃদয়ন আনসারী। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। হৃদয়নকে খুঁজতে তার স্বজন ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দেন।
নিখোঁজের পরদিন ওই বিজ্ঞপ্তিতে থাকা মোবাইল নম্বরে কল করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিজেকে অপহরণকারী হিসেবে পরিচয় দেয়। হৃদয়নকে আটকে রাখা হয়েছে দাবি করে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। ফোনের অপর প্রান্ত থেকে কণ্ঠ নকল করে কান্নার আওয়াজ শোনানো হলে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় সরল বিশ্বাসে বিকাশ ও নগদের মাধ্যমে ৪০ হাজার টাকা পাঠান তারা। কিন্তু টাকা পাওয়ার পর থেকেই প্রতারকরা নম্বরটি ব্লক করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এ বিষয়ে হৃদয়নের বাবা বলেন, ‘ওকে পেতে চাইলে ৫০ হাজার টাকা বিকাশ করতে বলে ওরা। পরে বিকাশ ও নগদ অ্যাপের মাধ্যমে আমাদের কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়েছে।’ হৃদয়নের মা আক্ষেপ করে বলেন, ‘ওরা টাকা দাবি করার সঙ্গে সঙ্গে আমরা টাকা দিয়ে দিয়েছি। কিন্তু ওরা আমার সন্তানটাকে ফিরিয়ে দেয়নি।’
মুক্তিপণের টাকা দিয়েও হৃদয়নের কোনো সন্ধান না পেয়ে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী মানিকগঞ্জের বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেন।
ঘটনার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে। প্রতারণায় ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা ফয়সাল ও তার সহযোগী আলামিনকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৩-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাইদুর রহমান জানান, চক্রটি পত্রিকা বা বিভিন্ন জায়গায় সাঁটানো হারানো বিজ্ঞপ্তি থেকে তথ্য ও নম্বর সংগ্রহ করত। এরপর পরিবারকে ফোন দিয়ে ভুক্তভোগীর কণ্ঠ নকল করে কান্নাকাটি করত। আতঙ্কিত স্বজনরা কণ্ঠের পার্থক্য বুঝতে পারতেন না। হৃদয়নের পরিবার প্রথমে ৩০ হাজার এবং পরে আরও ১০ হাজার টাকা পাঠায়। কিন্তু তাদের কাছে অপহৃত ব্যক্তি নেই, তাই ফেরত দেয়ার প্রশ্নই আসে না। টাকা নেয়ার পর তারা নম্বর বন্ধ করে দেয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুধু নিখোঁজ ব্যক্তির পরিবারই নয়, বিদেশগামী কর্মীদের পরিবারকে ফোন করেও প্রতারণা করত চক্রটি। স্কোয়াড্রন লিডার মো. সাইদুর রহমান বলেন, দেশের বিভিন্ন জায়গায় এদের এজেন্ট রয়েছে। তারা বিদেশগামী ব্যক্তিদের স্বজনদের ফোন করে বলত, বিমানবন্দরে পাসপোর্ট ও টিকিট হারিয়ে গেছে; দ্রুত ১০ হাজার টাকা পাঠালে পরের ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হবে। এতে স্বজনরা ভয় পেয়ে টাকা পাঠিয়ে দিতেন।
এসআরবি জানায়, চক্রের হোতা ফয়সালের মোবাইল ব্যাংকিং হিসাবে গত এক বছরে অর্ধকোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। দেশে এ ধরনের আরও একাধিক চক্র সক্রিয় রয়েছে এবং তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ